১০:২৩ এম
মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ আনিসুর রহমান মিয়া ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি ডাসার উপজেলার গোপালপুর, কাজীবাকাই ও বালিগ্রাম ইউনিয়নের ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত মাইজপাড়া ক্লাস্টারকে একটি আদর্শ ও মডেল ক্লাস্টারে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আনিসুর রহমানের তত্ত্বাবধানে বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, রুটিন অনুযায়ী পাঠদান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, শতভাগ শিক্ষার্থী উপস্থিতি ও স্কুল ড্রেস ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, শিক্ষার্থীদের পঠন, লিখন ও গণিতের মৌলিক দক্ষতা অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়গুলোতে “সততা স্টোর” এবং “মানবতার দেয়াল” স্থাপন করা হয়েছে। প্রতিদিনের সমাবেশে নৈতিক শিক্ষার অংশ হিসেবে নীতিবাক্য পাঠ, দেয়ালিকা প্রকাশের মাধ্যমে সৃজনশীলতা বিকাশ, বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফুলের গাছ রোপণ করে দৃষ্টিনন্দন ও সবুজ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে পিয়ারুল সরদার নামে এক যুবককে গুলি করে হত্যা
একই সঙ্গে, ডিজিটাল শ্রেণি কার্যক্রম, মা-অভিভাবক সমাবেশ, মিড-ডে মিল কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং সরকারের শিক্ষা-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণে তিনি বিশেষ অবদান রাখেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক আবদুল আজিজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গত ৪ জুন ২০২৬ তারিখে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সন্তান মোহাম্মাদ আনিসুর রহমান মিয়ার পিতা মো. আতিকুর রহমান মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর কর্মদক্ষতা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন।
ডাসার উপজেলার শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আনিসুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়
মোহাম্মাদ আনিসুর রহমান মিয়া এ বিষয়ে বলেন, "আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এই সম্মান শুধু আমার নয়, পুরো শিক্ষক সমাজ এবং ডাসার উপজেলার। আমি সকলের ভালোবাসা ও দোয়া কামনা করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন