ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর চীন সফরে অন্য দেশের নজর


প্রধানমন্ত্রীর চীন সফরে অন্য দেশের নজর

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের দিকে নজর দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং অন্যান্য দেশও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতির প্রেক্ষাপটে এ সফরটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য নয়, বরং ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়াও, সফরের সময় প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা এবং চীনা বিনিয়োগের বিষয়গুলো।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ২৩ জুন মালয়েশিয়া থেকে চারদিনের সফরে বেইজিং পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিশালী প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রীর হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠকও করবেন শি জিনপিংয়ের সঙ্গে। এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দক্ষিণ এশিয়ায় নতুনভাবে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: জেলা প্রশাসক মিজ কউসার গাবুরার মেগা প্রকল্প পরিদর্শন করলেন

বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্বের নতুন পথ খুঁজছে।

এ মধ্যে, গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৪ হাজার ১৮৯ কোটি টাকার প্রকল্প একনেকের মাধ্যমে পাস করা হয়েছে। ফলে, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে প্রশ্ন উঠছে—ঢাকা আসলে কী চাইছে? আর বেইজিং কী বার্তা দিতে চাইছে?

বাংলাদেশ-চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতির প্রত্যাশা করছে দু'দেশ।

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সফিউল্লাহ বলেন, সফরের মাধ্যমে আশা করা যাচ্ছে তিস্তা প্রকল্পের বিষয়টি সমাধান হবে। এ সম্পর্কে একটি চুক্তি হতে পারে।

আরও পড়ুন: মানুষের হৃদয় ষড়যন্ত্রে জয় করা সম্ভব নয়: প্রতিমন্ত্রী টুকু

অন্যদিকে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, চীনের সঙ্গে একটি বড় সম্পর্ক গড়ার দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সে বিষয়ে প্রয়োজনীয় গবেষণাও করা হয়েছে। তবে চীন সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত হলো।

দক্ষিণ এশিয়ায় চীন-ভারত প্রতিযোগিতা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ নিয়ে বিশ্লেষকদের মতে, এ সফরের প্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতা এবং ভূরাজনৈতিক গুরুত্বের বিষয়েও নজর থাকবে অন্য দেশেরও।

মোহাম্মদ সফিউল্লাহ আরও বলেন, সম্পর্ক গড়ার প্রচেষ্টা থাকতে হবে, যাতে আমাদের পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতির মাধ্যমে আমাদের স্বার্থ রক্ষা হয়।

এ বিষয়ে অধ্যাপক ইমতিয়াজ বলেন, আমাদের অর্থনৈতিক যে জটিল কাঠামো গঠন হয়েছে, এটি সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য একটি নির্দেশক হিসেবে কাজ করছে। যদি কোন দেশের সঙ্গে চুক্তি হয়, তবে অন্য দেশের সঙ্গেও একই বিষয়ে স্পষ্টভাবে চুক্তি করতে হবে।

আরও পড়ুন: সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ৮০তম জন্মদিন কাল

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সফরের প্রকৃত সাফল্য নির্ধারণ করা হবে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হয়েছে, তার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:২৮ এম


জয়ের পর নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

হাইতির বিপক্ষে স্বস্তির জয়ের পর সুসংবাদ দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। অবশেষে ব্রাজিলীয় সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। চোট কাটিয়ে মাঠে ফেরার পথে রয়েছেন নেইমার জুনিয়র। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে সুখবরটি আনচেলত্তি নিজেই জানিয়েছেন।

ক্যানারিনহাদের কোচ আনচেলত্তি উল্লেখ করেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারবেন নেইমার। কাফের চোটের কারণে প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে আনচেলত্তি জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতে তিনি দলের সাথে অনুশীলনে ফিরবেন এবং গ্রুপ 'সি'-এর শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি নেইমার। এরপর হাইতির বিপক্ষে ম্যাচের আগের দিন ক্যানারিনহাদের কোচ জানান, গ্রেড-টু কাফ স্ট্রেইন থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় তিনি নিউ জার্সিতেই থাকবেন। এই চোটের কারণে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

তবে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পরে আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ড ম্যাচের জন্য নেইমার পুরোপুরি প্রস্তুত থাকবেন।

আনচেলত্তি বলেন, 'নেইমার আগামীকাল একা অনুশীলন করবে এবং সোমবার (২২ জুন) দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে।'

নেইমারের প্রত্যাবর্তনটি ব্রাজিলের জন্য এক গুরুত্বপূর্ণ সময়ে ঘটতে যাচ্ছে। কারণ দলের তারকা উইঙ্গার রাফিনিয়া হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন। সম্ভবত হ্যামস্ট্রিং চোটের কারণে বার্সেলোনার এই উইঙ্গার মাঠের বাইরে ছিটকে যেতে পারেন। আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, চোটটির গুরুত্ব এখনই বলা সম্ভব নয় এবং তার অবস্থার সম্পর্কে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে ২০২৫-২৬ মৌসুমের শেষের দিকে রাফিনিয়া একই ধরনের হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে ভুগেছিলেন।

সামগ্রিকভাবে, এটা ব্রাজিল শিবিরে একটি ইতিবাচক খবর। গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নকআউট পর্বে ওঠার জন্য জয় প্রয়োজন ছিল সেলেসাওদের। সেই চ্যালেঞ্জে তারা দারুণ সাড়া দিয়ে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করেন এবং শেষ পর্যন্ত সহজ জয় তুলে নেয়। মাতেউস কুনিয়া বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমেই জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন ভিনিসিউস জুনিয়র।

এখন নেইমারের প্রত্যাবর্তন দলের জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া চুক্তি নয়, ট্রাম্পের ইউটার্নের নেপথ্যে ইরান ইস্যুতে কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:২৯ এম


‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া চুক্তি নয়, ট্রাম্পের ইউটার্নের নেপথ্যে ইরান ইস্যুতে কী?

শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছেন। শুরুতে তিনি বলেছিলেন, "ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়"। কিন্তু কয়েক মাসের সংঘাতের পর তিনি রীতিমত চাপে পড়ে আলোচনার টেবিলে বসেছেন। কিন্তু, প্রশ্ন হচ্ছে কেন? কোন কোন আশঙ্কা তাঁকে এই চুক্তিতে যেতে বাধ্য করেছে?

যে দাপট নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল, শেষ পর্যন্ত সেই দাপট কমিয়ে ট্রাম্প চুক্তিতে আসতে বাধ্য হয়েছেন। যুদ্ধ শেষের পথে এসে এখন দেখা যাচ্ছে, যুদ্ধ বন্ধের মূল পথ হতে চলেছে আত্মসমর্পণের পরিবর্তে সমঝোতা।

ডনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় চাপে ছিলেন অর্থনৈতিক ঝুঁকির কারণে। হরমুজ প্রণালী ঘিরে ইরান তেল সরবরাহে অস্থিরতা তৈরি করে। ফলে, বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ার আশঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল বড় সতর্ক সংকেত। কারণ, তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ বাজারে।

দ্বিতীয় চাপটি আসে সামরিক খরচ এবং দীর্ঘ যুদ্ধের ঝুঁকি থেকে। স্থানীয় সংঘাত যত বাড়ছিল, ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বৃদ্ধি পেতে থাকে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার খরচ হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হতো তাহলে তা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারতো, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল।

তৃতীয় চাপ আসে আন্তর্জাতিক মিত্রদের অবস্থান থেকে। ইউরোপীয় মিত্ররা দ্রুত উত্তেজনা কমানোর জন্য আহ্বান জানাচ্ছিলেন, যাতে জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যে কোনো ধাক্কা না লাগে। এই কূটনৈতিক চাপও যুক্তরাষ্ট্রকে আলোচনা করতে উৎসাহিত করেছে।

আরেকটি গুরুত্বপূর্ণ আশঙ্কা ছিল ইরানের পাল্টা কৌশল। যুদ্ধ চলতে থাকলে তেহরান হরমুজ প্রণালী ছাড়াও পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে দিতে পারবে বলে মনে করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ করতে পারে। এর ফলে, যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যেতে পারে।

সব মিলিয়ে, ট্রাম্প বুঝতে পেরেছেন যে, যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে ক্ষতির অঙ্ক লাভের চেয়ে অনেক বেশি হতে পারে। তাই অর্থনীতি, জ্বালানি বাজার, সামরিক ব্যয় এবং রাজনৈতিক চাপের মুখে যুদ্ধ বন্ধে ট্রাম্প চুক্তির সই করেছেন বলেই বিশ্লেষকদের মত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে ২ টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহত অন্তত ৯০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৩০ এম


যুক্তরাজ্যে ২ টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহত অন্তত ৯০

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের উপকণ্ঠে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মারাত্মক দুর্ঘটনায় একটি ট্রেনের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ট্রেনে থাকা আরোহীদের মধ্যে অন্তত ৮৯ জন গুরুতর ও আংশিক আহত হয়েছেন। সব মিলিয়ে এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৯০ জনে। লন্ডন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত বেডফোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (২০ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির প্রতিবেদনের বরাতে এনডিটিভি এই খবর প্রকাশ করেছে।

রেল ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার(১৯ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। কর্বি থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ছেড়ে আসা এবং নটিংহাম থেকে বিকেল ৩টা ৫০ মিনিটে ছেড়ে আসা দুটি ট্রেনই মূলত দক্ষিণ দিকে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের অভিমুখে যাত্রা করছিল। বেডফোর্ড শহরের বাইরে দুই ট্রেনের মধ্যে এই তীব্র সংঘর্ষের পর স্থানীয় প্রশাসন ওই এলাকায় একটি বড় ধরনের জরুরি অবস্থা বা ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করেছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা চালাতে বিমান অ্যাম্বুলেন্সসহ ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি বিশেষ দল, বেডফোর্ডশায়ার পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস পরবর্তীতে আহতদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া ২২ জন গুরুতরভাবে জখম হয়েছেন এবং বাকি ৫৬ জন সামান্য আঘাত পেয়েছেন। ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স বা আরএমটি ইউনিয়নের সাধারণ সম্পাদক এডি ডেম্পসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিটি মূলত ট্রেনের একজন চালক ছিলেন।

দুর্ঘটনার কবলে পড়া পেছনের ট্রেনের আরোহী পিটার ন্যাপ নামক এক যাত্রী নিজের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা ছাড়াই হঠাৎ এই সংঘর্ষটি ঘটে। তিনি আরও জানান, ‘এক মুহূর্তের জন্য আমি সামনের চেয়ারে ছিটকে পড়লাম। এর পরপরই চারদিকে শুধু ধোঁয়া দেখতে পেলাম। ট্রেনের ভেতরে মানুষজন আতঙ্কে কাঁদছিল ও চিৎকার করছিল।’ ট্রেনের দরজা ফাঁক করে কোনোমতে বাইরে বেরিয়ে আসা এই যাত্রী আরও বলেন, ‘আমি উঠে দাঁড়িয়ে দেখলাম অনেক মানুষ ভয়ে কথাই বলতে পারছে না এবং অনেকের পা ভেঙে গেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলের সমান্তরাল একটি সড়কের পাশে অসংখ্য জরুরি উদ্ধারকারী গাড়ির মাঝে ব্যান্ডেজ পরিহিত ও রক্তাক্ত অনেক যাত্রী বসে বা দাঁড়িয়ে আছেন। রেলকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আরএমটি ইউনিয়ন জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ট্রেনের কর্মী ও যাত্রীদের এমন মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এদিকে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে আসা এবং যাওয়ার সব ট্রেনের যাত্রা শুক্রবারের জন্য সম্পূর্ণ বাতিল করা হয়েছিল। শনিবারের ট্রেনের সময়সূচিও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাসাউফ ও মানবসেবার বার্তা নিয়ে মিশরে ছারছীনা দরবার শরীফের পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৩২ এম


তাসাউফ ও মানবসেবার বার্তা নিয়ে মিশরে ছারছীনা দরবার শরীফের পীর

ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (হাফি.) মুসলিম উম্মাহর ঐক্য, মানবসেবা এবং তাসাউফের আদর্শে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) মিশরের রাজধানী কায়রোর নাসর সিটিতে অবস্থিত বুরজ আত-তাতবিকিয়্যিনের গ্র্যান্ড কনফারেন্স হলে তিনি একটি আধ্যাত্মিক সংবর্ধনা, ফিলিস্তিনি শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ এবং দোয়া মাহফিলে এই আহ্বান জানান।

‘ছারছীনা দারুসসুন্নাত সোসাইটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের মিশর সফরের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পীর সাহেব হুজুর তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আখিরাতমুখী জীবন গঠন, বিশুদ্ধ আকিদা, উত্তম চরিত্র, তাকওয়া অর্জন এবং সুন্নতে নববীর আদর্শ অনুসরণ করে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে ছারছীনা শরীফের মরহুম পীর, মুজাদ্দিদে জামান আলহাজ্ব শাহ সূফি মোহাম্মাদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন, দ্বীনি খেদমত ও আধ্যাত্মিক অবদান নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিশরের ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব ক্বারী ফাদিলাতুশ শাইখ মোহাম্মাদ সাইদ। পরে বিভিন্ন অতিথি ছারছীনা দরবার শরীফের দ্বীনি শিক্ষা, তাসাউফ চর্চা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিবিধ দিক তুলে ধরেন।

বক্তারা উল্লেখ করেন যে, ছারছীনা দরবার শরীফ দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক চর্চা ও মানবসেবায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাসাউফ ও ইসলামের খেদমতে এই প্রতিষ্ঠানের অবদান মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়।

অনুষ্ঠানে 'হেমায়েতে ইসলাম বাংলাদেশ' নামক সংস্থার উদ্যোগে মিশরে অবস্থানরত ফিলিস্তিনি উদ্বাস্তুদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পীর সাহেব হুজুরকে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে পীর সাহেব হুজুর মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। এরপর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%