০৬:২৬ এম
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোর দিনই ইরান দলের সদস্যদের মার্কিন মাটিতে প্রবেশ করতে হবে। এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, ওই দিনই তাদের সেদেশ ত্যাগ করতে হবে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তেহরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি চলমান সংঘাত ও উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বৈরী পরিস্থিতির কারণে, ইরান দলকে তাদের পূর্বনির্ধারিত ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের টুসন শহর থেকে সরিয়ে এখন মেক্সিকোতে নিতে বাধ্য হতে হয়েছে। তারা বর্তমানে মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে।
ভিসা সংক্রান্ত এই কঠোর বিধিনিষেধের ব্যাখ্যা দিতে গিয়ে, মেক্সিকোতে নিযুক্ত ইরানের দূত আবুলফজল পাসান্দিদেহ সাংবাদিকদের বলেন, “আমাদের কেবল ম্যাচের দিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এবং খেলা শেষ করে, সেই দিনেই আমাদের মার্কিন মাটি ত্যাগ করতে হবে।”
আরও পড়ুন: গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের তিনটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটল শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে, প্রতিটি ম্যাচের দিনই ইরান দলকে মেক্সিকো থেকে উড়ে গিয়ে প্রথমে ম্যাচ খেলে, আবার ওই রাতেই মেক্সিকোতে ফিরে আসতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন