০৩:০২ পি.এম
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর আমেরিকাপ্রবাসী রাসেল হোসাইনের মালিকানাধীন ‘রাশ মেগা মলে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দাবি করেছেন যে, এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে।
এই ঘটনা ঘটে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত শপিংমলটিতে।
জানা গেছে, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাতে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
এ ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, জানাজা শেষে শতাধিক লোক চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
শপিংমলটির স্বত্বাধিকারী আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল আবারও সেই সুযোগ নিয়েছে বলে তিনি দাবি করেছেন। এ ঘটনায় তার প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর সঙ্গে শপিংমল মালিকের ঘনিষ্ঠতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে
এ বিষয়ে জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা প্রশাসক সুমনী আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন