১০:১৫ পি.এম
শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা, নীতিবিশ্লেষণ ও নেতৃত্বের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নতুনভাবে যাত্রা শুরু করেছে পলিটিক্যাল সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ সোসাইটি (পিএসসিআরএস)।
শনিবার, বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘পিএসসিআরএস উদ্বোধনী অনুষ্ঠান ও গবেষণা প্রতিযোগিতা ২০২৬’-এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণা, বিশ্লেষণ, যোগাযোগ, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, পিএসসিআরএস শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, পেশাগত প্রস্তুতি এবং নেতৃত্ব বিকাশে একটি কার্যকর প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: রাজধানীতে এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে অনুষ্ঠিত হল ক্যারিয়ার সামিট
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে হাতে তৈরি গবেষণা পোস্টার, ডিজিটাল পোস্টার ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পলিসি ব্রিফ এবং রিসার্চ কোয়েশ্চেন ওয়াল। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও জননীতিসংক্রান্ত সমস্যা নিয়ে মৌলিক গবেষণাভাবনা, প্রমাণভিত্তিক নীতিসমাধান এবং গবেষণাযোগ্য প্রশ্ন উপস্থাপন করেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত পৃথক বিচারক ও আলোচক প্যানেল প্রতিযোগীদের কাজ মূল্যায়ন করে। এ সময় গবেষণা সমস্যা, প্রশ্ন, পদ্ধতি, মৌলিকতা, বাস্তবসম্ভাব্যতা এবং সম্ভাব্য সামাজিক ও নীতিগত অবদান পর্যালোচনা করা হয়, পাশাপাশি প্রতিযোগীদের গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী পর্বে প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া, অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ সনদ দেওয়া হয়।
গবেষণা ধারণা উপস্থাপন বিভাগে টিম রিমার্কেবলের মো. রাফিদুল ইসলাম চ্যাম্পিয়ন হন এবং কাশফিয়া জামান ও আমিনা আক্তার উলকা রানারআপ হন। পলিসি ব্রিফ বিভাগে সুমাইয়া আক্তার শিমু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মহসিরাত হোসাইন মিলি রানারআপ হন। বিশেষ পুরস্কার হিসেবে সেরা গবেষণা প্রশ্নের জন্য নুরী আক্তার পুষ্পকে সম্মানিত করা হয়।
আরও পড়ুন: বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
আয়োজকেরা জানান, নিয়মিত গবেষণা অনুশীলন, প্রকাশনার সুযোগ, পেশাগত দিকনির্দেশনা এবং নেতৃত্বমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত করার মাধ্যমে পিএসসিআরএস একটি টেকসই ও অংশগ্রহণমূলক একাডেমিক পরিবেশ গড়ে তুলবে।
সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণা ও ক্যারিয়ারবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স, রিসার্চ ক্যাফে, পলিসি ডায়ালগ, ক্যারিয়ার সেশন, গবেষণা প্রদর্শনী, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন। এছাড়া, শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল লেখা প্রকাশের জন্য বিভাগীয় বুলেটিন ‘দ্য পালস অব পিএসসিআরএস’ নিয়মিত প্রকাশ এবং ২০২৭ সালে ‘রিসার্চ অলিম্পিয়াড’ আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন সভাপতি নয়ন, সম্পাদক রিফাত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন