জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা
০৭:৫৬ পি.এম
পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়নে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের নির্বাচন সমন্বয়ক ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সুলতান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় দিবসটি যথাযথভাবে উদযাপন এবং অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় দুমকি উপজেলায় ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন, প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া পাঙ্গাশিয়া ইউনিয়নের পাগলা থেকে কাঠালতলা হয়ে দুমকি পর্যন্ত র্যালি নিয়ে একসঙ্গে অংশগ্রহণের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পতিনিদি মিজানুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুনের সার্বিক উদ্যোগে ও নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
আজ (শুক্রবার) বিকেলে টঙ্গীর প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুন বলেন, "বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার দেশের একজন সূর্যসন্তান। অবিলম্বে তার বিরুদ্ধে থাকা সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত সাধারণ জনগণ, নুরুল ইসলাম সরকারের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানিক, আমান, লোকমান, তুষার, আকরাম, রবিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।
ফক্স নিউজের সূত্রে জানা গেছে, মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ৯ নভেম্বর নতুন চাঁদের কারণে মধ্যপ্রাচ্যে চাঁদের আলো কম বা একেবারেই না থাকার সুযোগকে সামরিক অভিযান শুরু করার জন্য উপযুক্ত সময় হিসেবে দেখছেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করা হবে কি না, সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মকর্তাদের মতে, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা শুরু হবে। ফলে রাতের আকাশে চাঁদের আলো খুবই কম থাকবে, এমনকি কোথাও একেবারেই থাকবে না। অন্ধকারের এই পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে সুবিধাজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধ পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে ওয়াশিংটনের পক্ষ থেকে।
তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।’
এই বিকল্পকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, দেশটি পুনর্নির্মাণ করতে তাদের (ইরান) ২৫ বছর সময় লাগবে।’
সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ পাঁচ মাদক কারবারি ও এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোলাইমদ, কফ রিলিফ সিরাপ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শাহমখদুম, দামকুড়া, বেলপুকুর, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিজি জানান, নগরীর শাহমখদুম থানা পুলিশ পবা নতুনপাড়া এলাকা থেকে ২০ বোতল দেশীয় তৈরি চোলাইমদ সহ তপন ভূঁইয়া ওরফে গণেশকে (৩৮) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে।
দামকুড়া থানা পুলিশ মুরারীপুর পশ্চিমপাড়া থেকে দুই বোতল কফ রিলিফ সিরাপ, মাদক বিক্রির ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মাদক মামলা রয়েছে।
বেলপুকুর থানা পুলিশ চক জামিরা এলাকা থেকে ১৭টি ট্যাপেন্টাডল ও ছয়টি ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ সাজেদা (৪৮) ও খায়রুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করে। পবা থানা পুলিশ সিডির মোড় এলাকা থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মুক্তার আলীকে (২০) গ্রেপ্তার করে।
এদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে ইয়াবা সেবনরত অবস্থায় আহসান হাবিবকে (৩৩) গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিংবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে নগরীর দামকুড়া থানা পুলিশ। এ সময় জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত চারটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে দামকুড়া থানা পুলিশ শিতলাই এলাকায় অভিযান চালিয়ে আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম (৩৫) নামে আরও একজন পালিয়ে যায়।
গ্রেপ্তার আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন এবং সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এসব ফোনে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত বিভিন্ন অ্যাপস, ওয়েবসাইটের ইউজার আইডি, মোবাইল সিমকার্ড এবং বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে ব্যবহৃত একাধিক নম্বর পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক মাসুমের সঙ্গে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে আসছিলেন। জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
এ ব্যপারে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পলাতক মাসুমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়াও গত ২৪ঘন্টায় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছে।
শুক্রবার সকালে সকল আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার দৌলতখানে এক মসজিদের ইমাম, মাওলানা আবু বকর সিদ্দিক (৬৫), দুর্বৃত্তদের দ্বারা প্রয়োগ করা নেশাজাতীয় বিষাক্ত স্প্রে ও অজ্ঞান পার্টির কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন বোরহানউদ্দিন (রানীগঞ্জ) আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মোহাদ্দেস এবং সৈয়দপুর মাঝি বাড়ি জামে মসজিদের ইমাম।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পূর্বে জানাজা শেষে তাঁকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেমের আকস্মিক মৃত্যুতে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা মাওলানা আবু বকর সিদ্দিকের বসতঘরের জানালা দিয়ে নেশাজাতীয় বিষাক্ত স্প্রে করে। এতে ঘরে ঘুমিয়ে থাকা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শাহাদাত ও ১০ বছরের শিশু জুবাইদা অচেতন হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাওলানা আবু বকর সিদ্দিককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সিদ্দিক হুজুরের ছেলে ইকবাল হোসেন জানান, অজ্ঞাত অজ্ঞান পার্টির দুষ্কৃতকারীরা ঘরে বিষাক্ত নেশাজাতীয় স্প্রে করলে ঘুমন্ত তিনজনই অচেতন হয়ে পড়েন। ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁর বাবার মস্তিষ্ক ও হৃৎপিণ্ড আক্রান্ত হলে তাঁর মৃত্যু ঘটে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ