১০:৫৯ পি.এম
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার তালগাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো। উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। উদ্বোধনের দিনই উপজেলার বিভিন্ন সড়কের পাশে ৫০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ঘিওর পঞ্চরাস্তা থেকে সিংজুরী এবং ঘিওর পঞ্চরাস্তা থেকে তেরশ্রী পর্যন্ত সড়কের দু'পাশে তাল গাছের চারাগুলো রোপণ করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঘিওর পঞ্চরাস্তা থেকে সিংজুরী, ঘিওর পঞ্চরাস্তা থেকে তেরশ্রী এবং ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দোতরা বাজার পর্যন্ত তিনটি সড়কে পর্যায়ক্রমে মোট ১ হাজার তালগাছ রোপণ করা হবে। ঘিওর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, ঘিওর উত্তরপাড়া যুবসমাজের সহযোগিতায় এবং সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাসিরনগরে বিএনপির র্যালি, অংশগ্রহণের আহ্বান জামাল আহমদের
আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদক প্রতিরোধসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি এবার পরিবেশ রক্ষায় তালগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল বলেন, "আমার বাবার নামেই মূলত এই ফাউন্ডেশন। বাবার নির্দেশনা ও তার আদর্শ ধরে রেখেই মানুষের জন্য কিছু করার ইচ্ছা আমাদের। বর্তমানে ঘিওর উপজেলায় আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। ভবিষ্যতে মানুষের চাহিদা অনুযায়ী পুরো জেলাতেও কাজ করার পরিকল্পনা রয়েছে।"
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন বলেন, "তালগাছ রোপণের মাধ্যমে পরিবেশের উপকার হবে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতেও তালগাছ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মানুষ গাছের ছায়া পাবে, ফল পাবে। সব মিলিয়ে এ উদ্যোগ থেকে মানুষ উপকৃত হবে।"
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, "আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশন এলাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তারা বিভিন্ন ভালো কাজ করে থাকে। তাদের বেশ কিছু কার্যক্রম আমি দেখেছি এবং শুনেছি। এর আগেও তাদের সঙ্গে কয়েকটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছি, যা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি চাই, সবাই ভালো কাজে এগিয়ে আসুক। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে প্রশাসন তাদের পাশে থাকবে।"
আরও পড়ুন: মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পর দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় মানিকগঞ্জ-১ আসনেও ইতিমধ্যে লক্ষাধিক গাছ রোপণ করা হয়েছে। আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। ফাউন্ডেশনসহ সবাইকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচিকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগে পরিণত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।"
বৃক্ষরোপণের এ উদ্যোগ কেবল সবুজায়ন বৃদ্ধি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় ঘিওর উপজেলা প্রশাসন, ঘিওর থানা, আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন