১১:১৩ পি.এম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দেশে অ্যান্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সুপরিকল্পিত অ্যাডভোকেসি শুরু করার আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক অ্যান্ডোক্রাইন কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এই আহ্বান জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশে বিভিন্ন রোগের জন্য বিশেষায়িত অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও অ্যান্ডোক্রাইনোলজির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও কোনো জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি।
আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে
তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে এবং এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করা প্রয়োজন।
ড. মুহিত বলেন, দেশে বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে অ্যান্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। সাধারণ জনগণ ব্যাপক হারে ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত নানা জটিলতায় ভুগছেন, তাই এই বিষয়ের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যে বিভক্তি এবং মানুষকে অসম্মান করার সংস্কৃতি দেখা গেছে, প্রধানমন্ত্রী তা ভেঙে দেশকে ঐক্যবদ্ধ করার নিরলস চেষ্টা করছেন। এই ইতিবাচক চর্চাই সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাবে।
ড. মুহিত আরও উল্লেখ করেন, হিউম্যান ফিজিওলজি ও প্যাথোলজির বড় ক্ষেত্র জুড়ে থাকা ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো বিষয়ে তরুণ চিকিৎসকদের গবেষণায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, আমাদের তরুণ গবেষকরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে দেশের উপাত্ত ও গবেষণা প্রকাশ করবেন।
আরও পড়ুন: বিজেপি এমপি নিশিকান্ত দুবে নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট দখলের উসকানি দিলেন
অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ, রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তার প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন