ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পুতিনের দূতের সাথে বৈঠক করে ট্রাম্পের বড় ইউরোপীয় নিরাপত্তা চুক্তির ইঙ্গিত


পুতিনের দূতের সাথে বৈঠক করে ট্রাম্পের বড় ইউরোপীয় নিরাপত্তা চুক্তির ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন জ্যেষ্ঠ দূতের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করার পর একটি বড় ইউরোপীয় নিরাপত্তা চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, এই বিশাল ও আকর্ষণীয় চুক্তি ইউক্রেনকে বাদ দিয়ে নয়, বরং পুরো ইউরোপকে অন্তর্ভূক্ত করবে। তবে, হোয়াইট হাউসের এমন আকস্মিক ঘোষণা ইউরোপীয় মিত্রদের মধ্যে চরম বিরক্তি ও বিস্ময় সৃষ্টি করেছে।

সিএনএনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। বৈঠকের আগে, ইউক্রেনের ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতার প্রশংসা করেন রুশ দূত। বৈঠকের পর ট্রাম্প গণমাধ্যমের সামনে দাবি করেন যে, ইউক্রেন সংকটের সমাধান এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সুদূরপ্রসারী চুক্তি প্রস্তুত করা হচ্ছে।

তবে, ট্রাম্পের সম্ভাব্য চুক্তির বিষয়ে ইউরোপীয় দেশগুলো সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। সিএনএনের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ঠিক কোন ধরনের চুক্তির কথা ইঙ্গিত করেছেন বা এর রূপরেখা কী হতে পারে, সে বিষয়ে তাদের কাছে কোনো ধারণা নেই। তাছাড়া, মস্কোর পক্ষ থেকে বারবার ন্যাটো ও ইউরোপের বর্তমান নিরাপত্তা কাঠামোর বিরুদ্ধে অবস্থান নেওয়া সত্ত্বেও, মার্কিন প্রশাসনের এই একক কূটনৈতিক তৎপরতা ইউরোপের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে এই ঘনিষ্ঠ বোঝাপড়া ইউরোপীয় ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। অনেকের মতে, ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে চিফ অব স্টাফ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে চিফ অব স্টাফ গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফোনালাপে অবৈধ নজরদারির অভিযোগে রাষ্ট্রদ্রোহের তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ লিসতিও সিগিত প্রাবোও এবং পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রেসিডেন্ট ও তার চিফ অব স্টাফের নামের শেষাংশে মিল থাকলেও তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

বিশ্লেষকদের মতে, এই আড়িপাতার ঘটনা ইন্দোনেশিয়ার বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক বিরোধের নতুন ইঙ্গিত দিচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো, যিনি জোকোই নামেও পরিচিত, তার সরাসরি সমর্থনেই ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রাবোও।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের গবেষক মেদে সুপ্রিয়াতমা বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, ‘লিসতিও সাবেক প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এই গ্রেপ্তার প্রমাণ করে তাদের দুজনের পথ এখন কার্যত আলাদা হয়ে গেছে।’

গত মঙ্গলবার চিফ অব স্টাফ লিসতিও এবং পুলিশের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র এক মাস আগে লিসতিওকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে গ্রেপ্তারের পরপরই তাকে পদ থেকে বরখাস্ত করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, এক পুলিশ কর্মকর্তার তথ্যের ভিত্তিতে গত সপ্তাহে এই অবৈধ নজরদারির বিষয়টি ফাঁস হয়।

অভিযোগ উঠেছে, কোনো পরোয়ানা বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ছাড়াই পুলিশের বিশেষ নজরদারি সিস্টেমে প্রেসিডেন্টের ফোন নম্বর যুক্ত করা হয়েছিল। লিসতিও যখন জাতীয় পুলিশ প্রধান ছিলেন, অর্থাৎ ২০২৫ সাল থেকেই এই আড়িপাতা চলছিল বলে ধারণা করা হচ্ছে।

বুধবার প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, এই ঘটনায় এমন স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে ঝুঁকিতে ফেলতে পারে। ফলে এটি ‘রাষ্ট্রদ্রোহের’ পর্যায়ে পড়ে।

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। যদিও দেশটিতে গত এক দশকে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

মুখপাত্র আরো জানান, এই আড়িপাতার মূল উদ্দেশ্য বা কারণ এখনো স্পষ্ট নয়।

শুধু প্রেসিডেন্ট নন; রাজনৈতিক নেতা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং শীর্ষ ব্যবসায়ীদের ফোনেও নজরদারি চালানো হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে এই মামলায় অপরাধ তদন্ত ইউনিটের কর্মকর্তা সালামেত উলিয়ান্দিকে চতুর্থ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। তবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ থাকায় তাকে আটক করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা
 
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বাড়িপাড়া ইউনিয়নে বিশাল শোডাউন ও পথসভা করেছেন সদ্য বিদায়ী ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ। 
 
আজ শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে আব্দুল জলিলের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে আসা তার বিপুলসংখ্যক সমর্থকদের নিয়ে শোডাউনটি বালিপাড়া বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধায় পথসভায় মিলিত হয়। 
 
এসময় পথসভায় বক্তব্য রাখেন বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখ, স্থানীয় যুবনেতা রেজাউল ইসলাম, স্থানীয় বাসিন্দা আব্বাস হাওলাদার ও মো: খলিল হাওলাদারসহ অনেকে। 
 
বক্তারা বলেন, আব্দুল জলিল ভাইয়ের কাছে যে কোনো সহযোগিতার জন্য এসে আমরা কখনো বঞ্চিত হইনি। সে আমাদের বিপদে-আপদে সবসময় পাসে থেকেছেন। অনেক নেতাদের দেখেছি তারা খেয়েদেয়ে চলে যায়, তবে সে ভিন্ন মানুষ। আমরা দাবী করি প্রধানমন্ত্রী তারেক রহমান যেন আমাদের ভাই জলিলকে এই বালিপাড়া ইউনিয়নে মনোনীত করে। 
 
আব্দুল জলিল শেখ উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, আমি বালিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আমি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে পারবো। 
 
তিনি আরও বলেন, আমি বিগত দিনে মেম্বার থাকা অবস্থায় এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারলে উন্নয়ন মূলক সকল কাজ করবো। দল থেকে সকল ধরনের সহযোগিতা এই ইউনিয়নের জন্য আনার চেষ্টা করবো এবং এলাকায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ ও অনিয়ম নির্মূলে কঠোরভাবে ভূমিকা রাখবো। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

টাঙ্গাইলের মধুপুরে একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, আজ শুক্রবার (৬ নভেম্বর) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে অবস্থিত ডিজিটাল হাসপাতালে মধুপুর উপজেলার রানিয়াদ গ্রামের ওই রোগীর টনসিল অপারেশন করা হয়। অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠায়। বর্তমানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণ এবং চিকিৎসাসেবার মান ও অপারেশন-পরবর্তী ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুধী মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


ইবিতে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারারমেলা শাখার উদ্যোগে ‘শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“শিশুশ্রম রোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ” এই উক্তিকে সামনে রেখে একটি বিতর্কের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক খালিদ হাসান, ফুলকুড়ি আসর তারারমেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ইবিডিসি) সেক্রেটারি লাবিত হাসান ইফতি, উপদেষ্টা রায়হান আলী, অভিভাবকবৃন্দ, শিশু-কিশোরসহ আমন্ত্রিত অতিথিরা৷ 

অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালিদ হাসান বলেন, একজন শিক্ষার্থী কতটা ভালো, তা তার পোশাক বা পরিচয় দিয়ে নয়, বরং তার আচরণ ও অভ্যাসের মাধ্যমে প্রকাশ পায়। একজন ভালো শিক্ষার্থী হতে হলে প্রথমেই নিজের পড়ার টেবিল পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখতে হবে। সভা-অনুষ্ঠানে বক্তার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে, চোখে চোখ রেখে কথা শুনতে হবে এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। একইভাবে শ্রেণিকক্ষে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা, প্রশ্ন করা, জানার আগ্রহ প্রকাশ এবং শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

বন্ধুদের সঙ্গে আচরণের বিষয়ে তিনি বলেন, অকারণে ঝগড়া করা এবং কাউকে খারাপ নামে বা উপনামে ডাকা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পিতামাতার প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তাদের সঙ্গে দেখা হলে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি অনুযায়ী সালাম ও সম্মান জানানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

শেখ সাদীর একটি গল্পের উদাহরণ টেনে তিনি বলেন, মানুষের প্রকৃত পরিচয় পোশাকে নয়, বরং তার ব্যক্তিত্ব ও আচরণে প্রকাশ পায়। তাই একজন শিক্ষার্থীকে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যেন তার আচরণই তার ভালো মানুষ হওয়ার পরিচয় বহন করে।

এ সময় টাইটানিক জাহাজডুবির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ও অসতর্কতা মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঘুম, খাদ্যাভ্যাস, পড়াশোনা ও ধর্মীয় অনুশীলনে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজেকে কখনো অজেয় বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে করা যাবে না; বরং বিনয়ী, কোমল ও সবার প্রতি শ্রদ্ধাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ফুলকুঁড়ি আসরের লক্ষ্য শিশুদের শুধু শিক্ষিত করা নয়, বরং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করা।

ফুলকুরি আসরের তারারমেলা শাখার পরিচালক খন্দকার আহনাফুজ্জামান বলেন, ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠার পর থেকে বায়ান্ন বছর সফলভাবে পার করেছে। আসরের প্রয়াত সদস্যদের শাহাদাতের সর্বোচ্চ মাকামের জন্য দোয়া করছি। শিশুদের মেধা ও মনন বিকাশের জন্য ফুলকুঁড়ির আসরে বিনামূল্যে নিয়মিত গান, আবৃত্তি, তেলাওয়াত, হামদ, না’ত, চিত্রাঙ্কন, লেখালেখি ও খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয়। ভালো ফলাফল অর্জনকারী শিশুদের এই কার্যক্রমে সম্পৃক্ত রাখতে এবং নিয়মিত ফুলকুঁড়ির আসরে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর ফুলকুঁড়ি আসরের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, নৈতিক শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%