ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডেমোক্র্যাটদের নজিরবিহীন সমর্থন, ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবে


ডেমোক্র্যাটদের নজিরবিহীন সমর্থন, ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবে

মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের একটি সংশোধনী প্রস্তাবে ডেমোক্র্যাটদের মধ্যে নজিরবিহীন সমর্থন দেখা গেছে।

সর্বশেষ ভোটাভুটিতে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ২১২ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ১০৩ জন এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। যদিও সংশোধনীটি শেষ পর্যন্ত পাস হয়নি, তবুও এত বড় সংখ্যক ডেমোক্র্যাটের সমর্থনকে দলের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই সংশোধনীর লক্ষ্য ছিল গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অর্থায়ন বন্ধ করা। তবে রিপাবলিকানদের বিরোধিতার কারণে এবং অধিকাংশ সদস্যের ভোটের ফলে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমর এই ভোটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘রেকর্ড সংখ্যক ডেমোক্র্যাট’ এই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন।

তার ভাষায়, ‘এটা সম্ভব হয়েছে কারণ লাখো মানুষ সোচ্চার হয়েছে, সংগঠিত হয়েছে এবং নীরব থাকতে অস্বীকৃতি জানিয়েছে। আমাদের আন্দোলন পরিবর্তন আনছে। সংগঠিত থাকুন, শক্তি গড়ে তুলুন।’

ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান সামার লি বলেন, এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির অবস্থানে একটি পরিবর্তনের সংকেত দিচ্ছে। তবে তিনি বলেন, ‘তারপরও কংগ্রেসের কোনো সদস্যের পক্ষে ইসরাইলের গণহত্যাকে জ্বালানি জোগাতে সহায়তা পাঠানোর পক্ষে অবস্থান নেওয়া বিবেকবর্জিত।’

উল্লেখ্য, ইসরাইল গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বলেন, দুই বছর আগে একই অবস্থান নেওয়ার কারণে সাবেক কংগ্রেস সদস্য জামাল বোম্যান ও কোরি বুশ রাজনৈতিক মূল্য দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তারা নিজেদের আসন হারান।

তিনি বলেন, ‘তাদের সাহসকে স্বীকৃতি জানানো উচিত।’ এক সহকর্মীর মন্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমেরিকায় কৃষ্ণাঙ্গদের আত্মত্যাগকে স্বাভাবিক হিসেবে দেখা হয়।’

বিশ্লেষকদের মতে, যদিও সংশোধনীটি পাস হয়নি, তবুও ডেমোক্র্যাট সদস্যদের প্রায় অর্ধেকের সমর্থন যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতি নিয়ে দলটির ভেতরে ক্রমবর্ধমান মতপার্থক্যের ইঙ্গিত দেয়।

বিশেষ করে গাজা যুদ্ধের কারণে মানবাধিকার, বেসামরিক হতাহত এবং সামরিক সহায়তার জবাবদিহি নিয়ে ডেমোক্র্যাটদের একটি বড় অংশ আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিচ্ছেন।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

এদিকে রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাটদের একটি অংশ এখনও ইসরাইলের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে অবস্থান ধরে রেখেছেন। ফলে যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও কংগ্রেসে এ নিয়ে বিতর্ক ও বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে রাসেল গোলদার (৩৮) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল গোলদার উপজেলা গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান গোলদার ও ফাতেমা খাতুনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় রাসেল গোলদার নামের এক যুবক নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। সেই অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ লাখ যুব-যুবতীকে স্বাবলম্বী করতে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


৯ লাখ যুব-যুবতীকে স্বাবলম্বী করতে নতুন উদ্যোগ

 যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ইকোনমিক অ্যাকসেলারেশন এন্ড ও রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন) প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইএআরএন প্রকল্পের মূল লক্ষ্য হলো— যুব সম্পৃক্ততা বা ইয়ুথ এনগেজমেন্ট। যুব ও যুব নারীদের কর্মসংস্থান হচ্ছে সরকারের প্রধান অগ্রাধিকার। প্রকল্পের প্রকৃত সার্থকতা আসবে যদি যুবসমাজের দোরগোড়ায় এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায়।

প্রকল্পের গুণগত মান বজায় রাখার জন্য যথাযথ মনিটরিং নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরো জানান, প্রশিক্ষণ সম্পন্নকারীদের দেশীয় সার্টিফিকেটের পাশাপাশি বিদেশি সার্টিফিকেট প্রদান করা যাবে কি না সে বিষয়ে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মূল প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রতিটি সেশনে অন্তত ৫ মিনিটের জন্য নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

এদিকে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের যুব ও যুব নারীদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ যুব ও যুব নারীকে (যার মধ্যে ৬০ শতাংশই যুব নারী) প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই ইএআরএন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তি অনুযায়ী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান— ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন এই প্রকল্পের সার্ভিস প্রোভাইডার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, ইএআরএন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ এবং অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কনসালটেন্টবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালিত

গাইবান্ধায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পৌর পার্কে জুলাই শহীদ স্মতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম, শহীদ সজলের মা শাহিনা বেগম, জুলাই যোদ্ধা জাভেদ হোসেন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি প্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন, গাইবান্ধায় ৬ শহীদের কবরগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। আগামী প্রজন্ম যাতে বুঝতে পারে এগুলো জুলাই শহীদদের কবর। যারা কবর সংস্কারের কথা বলে তালবাহানা করেছে তাদের বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

এমপি আব্দুল করিম বলেন, রক্তে লেখা ১৬ জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় ও বেদনাবিধুর দিন। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের অদম্য সাহস, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার গভীর তাৎপর্য বহন করে। তিনি মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অতিরিক্ত হিসেবে, তিনি আরও বলেন, এই দিবসটি বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার নতুন প্রেরণা জোগায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতের হামলার নাটক সাজিয়ে জা-কে হত্যা, কারাগারে ঘাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


ডাকাতের হামলার নাটক সাজিয়ে জা-কে হত্যা, কারাগারে ঘাতক

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতের হামলার নাটক সাজিয়ে বড় জা রিগান আক্তার মিমকে (২৪) শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার আপন ছোট জা কাজী সুমাইয়া আক্তার মিনা (২৩)। এরই মধ্যে আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

গত বুধবার (১৫ জুলাই) গভীর রাতে শাহরাস্তি পৌরসভার বত্তলা নামক এলাকায় নিজের বসতঘরে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চাঁদপুরের আদালতে জবানবন্দি দিতে গিয়ে মিনা হত্যার আদ্যোপান্ত তুলে ধরেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, নানা কারণে বড় জা মিমের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এ কারণে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রাতে তাকে হত্যার পথ বেছে নেন। জবানবন্দি শেষে মিনাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. লুৎফর রহমান জানান, বুধবার রাতে মিম খুন হওয়ার পর তার ছোট জা মিনা দাবি করেন, তাদের বসতঘরে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা তাকে বেঁধে রেখে মিমকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

লুৎফর রহমান আরও জানান, ঘটনার পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশের সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য মিনাকে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আদালতে পুরো ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিনা ও মিম গ্রামের বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। এর মধ্যে মিমের স্বামী সাইফুল ইসলাম রনী ঢাকায় এবং মিনার স্বামী ইফতেখার আলম রিফাত বিদেশে থাকেন। দুই পরিবারে তিনটি শিশুসন্তানও রয়েছে। তবে একই বসতঘরের আরেকটি কক্ষে বয়োবৃদ্ধ দাদা শ্বশুর নূরুল ইসলাম থাকেন।

এদিকে, মেয়েকে হত্যার অভিযোগ এনে মিমের বাবা কবির হোসেন বাদী হয়ে মিনাকে আসামি করে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%