ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিতে সেনাবাহিনী মোতায়েন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যাহারসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোট। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, বর্তমানে ১১-দলীয় জোট দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তার ওপর নির্ভর করবে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে জোটের অংশগ্রহণের সিদ্ধান্ত।

হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগসহ লিখিত আবেদন জমা দেওয়া হয়েছিল। তবে কমিশন কিছু বিষয়ে পদক্ষেপ নিলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছিল জোট। কিন্তু কমিশন তাঁকে প্রত্যাহার না করে শুধু নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্ব থেকে বিরত রেখেছে। জোটের দাবি অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় কমিশনের পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

১১-দলীয় জোটের সমন্বয়ক আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনের পরিবেশ ও ভোটগ্রহণের নিরপেক্ষতা পর্যবেক্ষণ করেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

গত এক বছর ধরে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে ছিল। তবে সাম্প্রতিক কিছু ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে, দুই দেশের সম্পর্কের উন্নতি যতটা মনে হচ্ছিল, বাস্তবে তা ততটা স্থিতিশীল নয়।

দীর্ঘ কয়েক দশক ধরে ভারত ও চীনের মধ্যে টানাপোড়েন বিদ্যমান। বিশেষ করে হিমালয় অঞ্চলের বিতর্কিত সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বারবার বিরোধ দেখা দিয়েছে। ২০২০ সালে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের যে উন্নতি শুরু হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো সেই উন্নতির পথে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ উদ্বেগের সূচনা ঘটে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানের এক মন্তব্যকে কেন্দ্র করে।

তিনি জানান, চলতি বছরের শুরুতে চীনা সেনারা হিমালয় সীমান্তের বিতর্কিত এলাকায় বিপুলসংখ্যায় অবস্থান নিয়েছে। ভারতের দাবি করা ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে তাঁবু গেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুরের এই মন্তব্য দিল্লিতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে।

কারণ, দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার কাছ থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য সচরাচর শোনা যায় না। সীমান্তের মতো সংবেদনশীল বিষয়গুলো সাধারণত ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মোকাবিলা করে।

রাজস্থান রাজ্যে সম্প্রতি কর্মকর্তাদের এক সমাবেশে কাপুর বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থান ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এখনো অব্যাহত রয়েছে।

তিনি জানান, এসব ঘটনার সূচনা হয়েছিল জুলাই মাসে। তবে শুরুতে দুই পক্ষের সেনারাই ওই স্থানগুলো থেকে সরে গিয়েছিল। তিনি আরো জানান, কয়েক দিন পর চীনা সেনারা বেশি সংখ্যায় ফিরে আসে এবং ভারতের দাবি অনুযায়ী, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার ভেতরে তাঁবু খাটায়।

ভারত ও চীনের মধ্যে বিতর্কিত সীমান্তটি প্রায় ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দুই দেশের নিয়ন্ত্রিত অঞ্চলকে আলাদা করলেও এর সুনির্দিষ্ট অবস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে, তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করে রাজ্যটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই এই সীমান্ত বিরোধ ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী সমস্যা। ১৯৬২ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, যাতে ভারত পরাজিত হয়। ছয় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সীমান্তের বড় অংশ এখনো চিহ্নিত হয়নি। দুর্গম পাহাড়, তুষারঢাকা চূড়া, হ্রদ ও নদীর পরিবর্তনশীল গতিপথের কারণে সুনির্দিষ্ট সীমান্ত নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।

এ কারণে সীমান্তে দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান থেকে প্রায়ই উত্তেজনা তৈরি হয়, যা কখনো কখনো সংঘর্ষ ও কূটনৈতিক বিরোধের জন্ম দেয়। ২০২০ সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হন। ১৯৭৫ সালের পর দুই দেশের মধ্যে এটিই ছিল প্রথম প্রাণঘাতী সংঘর্ষ।

ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করে, সরকার চীনের কাছে ভূখণ্ড হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওই সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এতে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ব্যাহত হয় এবং বাণিজ্য ও ভ্রমণেও প্রভাব পড়ে। কয়েক দফা আলোচনার পর ২০২৪ সালে সীমান্তে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে সম্মত হয় দুই দেশ।

এরপর দুই দেশ সরাসরি ফ্লাইট চালু করা এবং সংঘর্ষের পর আরোপিত ভিসা বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেয়। সেপ্টেম্বরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ভারত সফর করেন। সাত বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম ভারত সফর। এসব পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছিল। তবে সীমান্তে নতুন করে অচলাবস্থার খবর প্রকাশের পর সম্পর্কের উন্নতি কতটা হয়েছে, তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান কাপুরের মন্তব্যের পর প্রধান বিরোধী দল কংগ্রেস আবারও মোদির বিরুদ্ধে বেইজিংয়ের কাছে নতি স্বীকারের অভিযোগ তুলেছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই গুরুতর বিষয়ে প্রধানমন্ত্রী এবং তার পুরো প্রশাসন নীরব রয়েছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সপ্তাহে বলেন, ‘চীনা সেনারা যখন তাদের নির্ধারিত টহল পদ্ধতি থেকে সরে আসে, তখন সীমান্ত এলাকার পরিস্থিতি সময়ে সময়ে বিঘ্নিত হয়।’ তিনি আরো বলেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধানে দুই দেশ সামরিক ও কূটনৈতিক পর্যায়ে কাজ করছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বেইজিং ভারতের সঙ্গে করা সংশ্লিষ্ট চুক্তিগুলো ধারাবাহিকভাবে ও কঠোরভাবে মেনে চলছে। তিনি আরো বলেন, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় চীন সীমান্ত এলাকায় স্বাভাবিক টহল ও ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষজ্ঞদের মতে, কাপুরের মন্তব্য ভারত-চীন বিতর্কিত সীমান্তে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক তৎপরতার একটি বিরল চিত্র তুলে ধরেছে। তাদের মতে, এই ঘটনা সীমান্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে চীনের সঙ্গে কয়েক দফা সীমান্ত আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের সাবেক পররাষ্ট্রসচিব শ্যাম শরণ বিবিসিকে বলেন, ‘অরুণাচল প্রদেশ সীমান্তের বিভিন্ন স্থানে চীনের এ ধরনের তৎপরতা বেশ কিছুদিন ধরেই চলছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের পদক্ষেপ তাৎক্ষণিকভাবে যুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে না। তবে এর মাধ্যমে বাস্তবে নতুন পরিস্থিতি তৈরি করা সম্ভব।’

ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, চীন লাদাখ ও অরুণাচল প্রদেশে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্নেল ঝো বো বলেন, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষ থেকে দুই দেশেরই শিক্ষা নেওয়া উচিত।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে উভয় পক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। অরুণাচল প্রদেশের সাম্প্রতিক সীমান্ত অচলাবস্থা নিয়ে চীনা গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি বলেও জানান তিনি।

সীমান্ত বিরোধ থাকা সত্ত্বেও ভারত ও চীন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৫১ বিলিয়ন ডলার। এর মধ্যে চীন থেকে ভারতে রপ্তানি হয়েছে প্রায় ১৩১ বিলিয়ন ডলারের পণ্য। যন্ত্রপাতি, বিরল মৃত্তিকার চুম্বক, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও ওষুধের মতো পণ্যের জন্য ভারত চীনের ওপর নির্ভরশীল।

গত সপ্তাহে চীন মেট্রোরেল ও মহাসড়ক নির্মাণে ব্যবহৃত টানেল খননের যন্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে। বেইজিংয়ের দাবি, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা শুধু ভারতের জন্য না হলেও দেশটির অবকাঠামো উন্নয়নে এর প্রভাব পড়তে পারে।

নিউইয়র্কের আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফার ক্লারির মতে, ভারতের উত্থান এবং উন্নত প্রযুক্তি ও উৎপাদন খাতে দেশটির সক্ষমতা অর্জনের পথে বাধা সৃষ্টি করাই চীনের নীতির অন্যতম লক্ষ্য। এর আগে চীন বিরল মৃত্তিকার চুম্বক রপ্তানি সীমিত করায় ভারতের বিভিন্ন শিল্পে সাময়িক সরবরাহ সংকট দেখা দিয়েছিল।

বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন, বায়ু বিদ্যুৎকেন্দ্রের টারবাইন ও চিকিৎসার স্ক্যানার তৈরিতে এসব চুম্বক ব্যবহৃত হয়। এখন ভারত নিজস্ব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। তবে এ জন্য সময় ও বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন।

সীমান্তবর্তী মানুষের জীবনেও বিরোধের প্রভাব পড়ছে। অরুণাচল টাইমসের জ্যেষ্ঠ সাংবাদিক টংগাম রিনা জানান, চীনা সেনাদের অনুপ্রবেশ ও জমি দখলের কারণে কয়েকটি গ্রামের বাসিন্দারা চারণভূমিতে যেতে পারছেন না। শিকার ও ইয়াক পালনের জন্য ব্যবহৃত এসব এলাকায় তারা কবে ফিরতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এতে স্থানীয় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে মনোযোগ দেওয়ায় ভবিষ্যতে চীনের সঙ্গে সংঘাত হলে যুক্তরাষ্ট্র ভারতকে কতটা সমর্থন করবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। চীন ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে না চাইলেও সীমান্ত বিরোধ দীর্ঘায়িত করে কৌশলগত সুবিধা নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


কুলাউড়ায় জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালিত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান।

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর জামায়াতের আমীর মো. জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের পল্টনের ঘটনাবলির নিন্দা জানিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে তারা দিনটির তাৎপর্য তুলে ধরে ওই দিনের ঘটনায় নিহতদের স্মরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দিনের কমিটিগুলোতে ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় কর্মীদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের দাবি জানানো হয়।
সভায় ৭নং জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন রানা শামীম বলেন, আগামীতে দলের বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে জগদল ইউনিয়নের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে পাশে থেকে কাজ করেছেন, তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মীসভায় তিনি এলাকার বিভিন্ন রাস্তার সমস্যার বিষয়ও তুলে ধরেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার গুরুত্ব উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন ৭নং জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল হক। সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের বিষয় গুরুত্ব পায়।
সভায় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং জলাশয়ের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এ কর্মসূচির অংশ হিসেবে পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 মাছ বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিদ্যমান জলাশয়গুলোর যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়গুলো বিবেচনায় রেখে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে পুকুরের জলজ সম্পদকে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরিকল্পিতভাবে মাছ চাষ ও জলাশয়ের পরিচর্যা করা হলে তা দীর্ঘমেয়াদে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

 

পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবারের গুরুত্ব রয়েছে।

পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করার এ উদ্যোগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের জন্য পুষ্টিকর প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তবে এ ক্ষেত্রে মাছের নিয়মিত পরিচর্যা, উপযুক্ত খাদ্য সরবরাহ, পানির গুণগত মান বজায় রাখা এবং পরিকল্পিতভাবে মাছ আহরণের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

 

অব্যবহৃত বা সীমিতভাবে ব্যবহৃত জলাশয় পরিকল্পিত উপায়ে কাজে লাগানো গেলে সেখান থেকে উৎপাদনশীল সুবিধা পাওয়া সম্ভব। পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করার মাধ্যমে জলাশয়টিকে মাছ উৎপাদনের উপযোগী হিসেবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পুকুরের উৎপাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ জন্য পুকুরের পানির মান পর্যবেক্ষণ, মাছের উপযোগী পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী মৎস্য বিভাগের পরামর্শ গ্রহণ গুরুত্বপূর্ণ।

 

মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পরামর্শ, পরিকল্পিত মাছ চাষ এবং জলাশয়ের যথাযথ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করার এ কর্মসূচিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতি সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি পরামর্শ ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে।

সার্বিকভাবে, বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ কর্তৃক মৎস্যপোনা অবমুক্ত করার এ উদ্যোগ মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর প্রাণিজ আমিষের জোগান এবং জলাশয়ের বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে সম্ভাবনাময় পদক্ষেপ। যথাযথ পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ উদ্যোগ থেকে কার্যকর সুফল পাওয়ার প্রত্যাশা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%