০৭:২১ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চটি ভাঙচুর করা হয়েছে। দলের দাবি, এ সময় এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।
এ ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি ফল উৎসবের আয়োজন করে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফল উৎসবকে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল এবং মঞ্চ নির্মাণের কাজ চলছিল।
গত শুক্রবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ এবং প্যান্ডেল ভেঙে ফেলে। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও প্রস্তুতি নেয় এনসিপি নেতাকর্মীরা।
পরে শনিবার বিকেল ৩টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির প্রস্তুতির সময় হঠাৎ করে ৫০ থেকে ৬০ টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ ভাঙচুর শুরু করে। এ সময় মঞ্চের সামনের চেয়ার টেবিলও ভাঙচুর করা হয়। এছাড়া প্যান্ডেল খুলে ফেলা হয়। হামলার পর এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ন সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ন সদস্য সচিব ইউসুফ মোল্লা এবং জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ‘এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষের ফলে একজন পিকআপচালক নিহত হয়েছেন, যার নাম লোকমান মিয়া। তার আবাস সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায় অবস্থিত।
শনিবার ভোরে, উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে পিকআপভ্যানটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় পিকআপের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আহত ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
শ্রীমঙ্গল থানার ওসি রুহুল আমিন তালুকদার জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ সংক্রান্ত বিষয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে প্রায় ১০ দিন আগে। স্বাভাবিক নিয়মে এ সময় গণপরিবহনের ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসার কথা থাকলেও লক্ষ্মীপুর-ঢাকা রুটে এখনও যাত্রীদের কাছ থেকে ৬৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বাসের টিকিটের ছবি ছড়িয়ে পড়ে, যেখানে ভাড়া হিসেবে ৭০০ টাকা আদায়ের তথ্য সামনে আসে। যাত্রীরা বলছেন, ঈদকেন্দ্রিক অতিরিক্ত ভাড়ার যৌক্তিকতা শেষ হলেও কিছু পরিবহন প্রতিষ্ঠান এখনও বাড়তি অর্থ আদায় করে যাচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত আন্তঃজেলা বাস ভাড়ার তালিকা অনুযায়ী, ঢাকা-রায়পুর (লক্ষ্মীপুর) রুটে ৫১ আসনের বাসের নির্ধারিত ভাড়া ৪৪৫ টাকা এবং ৪০ আসনের আরামদায়ক বাসের ভাড়া ৫৬৮ টাকা। এছাড়া বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের প্রচলিত ভাড়া তালিকায় ঢাকা-লক্ষ্মীপুর রুটে নন-এসি বাসের ভাড়া প্রায় ৪৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৫৫০ টাকার মধ্যে উল্লেখ রয়েছে।
সে হিসেবে বর্তমানে ৬৫০ থেকে ৭০০ টাকা ভাড়া আদায় করা হলে যাত্রীপ্রতি ১৩০ থেকে ২৫০ টাকারও বেশি অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী যাত্রীরা জানান, অনেক কাউন্টারে টিকিটে নির্ধারিত ভাড়ার পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ না করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে বলা হচ্ছে, “গাড়ি কম, যাত্রী বেশি” অথবা “ঈদের চাপ এখনো রয়েছে।”
যাত্রীদের অভিযোগ, শুধু ইকোনো সার্ভিস নয়, লক্ষ্মীপুর-ঢাকা রুটে চলাচলকারী আরও কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ঈদ-পরবর্তী সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এ রুটে ইকোনো সার্ভিস, হিমাচল এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেস, আল-আরাফাহ এক্সপ্রেস, রয়্যাল কোচ, মিয়ামি এয়ার কন্ডিশন ও জোনাকি সার্ভিস লাইনসহ বিভিন্ন পরিবহন যাত্রী পরিবহন করে থাকে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইকোনো সার্ভিসের একটি ৭০০ টাকার টিকিটকে ঘিরে।
এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ঈদ শেষ হওয়ার ১০ দিন পরও যদি ৭০০ টাকা ভাড়া দিতে হয়, তাহলে সরকারি ভাড়ার তালিকার প্রয়োজন কী? সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।”
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নতুন নয়। গত ১২ জুন লক্ষ্মীপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুটি বাস কাউন্টারসহ মোট ২৪টি পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়। অভিযানে টিকিটে ভাড়ার পরিমাণ উল্লেখ না করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণও পাওয়া যায়।
যাত্রীদের প্রশ্ন, সরকারি নির্ধারিত ভাড়া যদি ৪৪৫ থেকে ৫৬৮ টাকার মধ্যে হয়, তাহলে কোন নিয়মে ৬৫০ থেকে ৭০০ টাকা আদায় করা হচ্ছে? সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ কি বিআরটিএর নির্দেশনা মানছে না?
পরিবহন খাত-সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিংয়ের অভাবে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।
সচেতন নাগরিকরা বলছেন, লক্ষ্মীপুর-ঢাকা রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া তালিকা প্রকাশ, কাউন্টারভিত্তিক মনিটরিং জোরদার এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হবেন।
তাদের দাবি, ঈদকে কেন্দ্র করে নয়, সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া আদায় নিশ্চিত করতে হবে। যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে অভিনব পোস্টার সাঁটানো হয়েছে। তবে এই পোস্টারটি কে বা কারা করেছে, তার কোনো তথ্য জানা যায়নি।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের মোড়ে সাঁটানো পোস্টারের ছবি তোলা হয়েছে। ছবিটি প্রকাশ করেছে সময় সংবাদ।
শনিবার (৬ জুন) এই পোস্টারটি বাজারে আসা লোকজনের চোখে পড়েছে।
বাজার ব্যবসায়ী সমিতির নামে ওই পোস্টারে লিখিত হয়েছে, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সমর্থক কেউ এই বাজারে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ তা অমান্য করে তাহলে, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, এই অভিনব পোস্টারটি কে বা কারা সাঁটিয়েছে, সেক্ষেত্রে নারায়ণপুর বাজারের ব্যবসায়ীরা কোন তথ্য দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ‘পোস্টারের লেখা পড়ে আমরাও বিব্রতবোধ করছি। কারণ, বাজারে সবাই যেমন আসতে পারবেন, তেমনি সব দলের সমর্থকরাও। তাই এটি নিয়ে বিভিন্নজনের মধ্যে হাস্যরস এবং কৌতুহলের জন্ম দিয়েছে।’
অন্যদিকে, নারায়ণপুর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন পোস্টার দেখে সেখানে অনেকেই ভিড় করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ