ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ১৪


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ১৪

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে জিআর, সিআর ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বারইয়ারহাট পৌরসভা ও বামনসুন্দরসহ বিভিন্ন এলাকা থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ জন, যৌন পীড়ন মামলায় ১ জন এবং ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনায় জোরারগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে রাত ১২:৫০ ঘটিকা থেকে এক মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের অভিযানে অংশ নেন। এ সময় হাতেনাতে আটক ৮ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক সকল আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামতের প্রশিক্ষণ, সনদ পেলেন ১৭ যুবক

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামতের প্রশিক্ষণ, সনদ পেলেন ১৭ যুবক

‎রাঙামাটিতে যানবাহন মেরামতের ওপর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৭ জন যুবক। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য তরুণদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
‎
‎বুধবার (২১ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
‎
‎সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ১১ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণে সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
‎
‎প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যুবকদের উৎসাহিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি বেকারত্ব কমাতে এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।
‎
‎পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ ধরনের প্রশিক্ষণ পার্বত্য চট্টগ্রামের যুবসমাজের আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
নড়াইলে সামাজিক ও ধর্মীয় সেবামূলক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাফায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব আবু মুসা শিকদার। আহ্বায়ক সদস্য আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাস্টার জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন- জুলাইযোদ্ধা আল আমিন মণ্ডল, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য শাহারুল আলম, রাফায়েতুল হক তমাল, এস এম তন্ময় রেজা, আমিনুর রহমান, আবু জর, হাফেজ মঈন খান, উসমান গণীসহ অনেকে।

অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন-ব্যবসায়ী আমিনুল ইসলাম, নির্বাহী সভাপতি জুলাইযোদ্ধা ইমাম হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ গোফরান।

এছাড়া সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ইউসুফ, সহসভাপতি মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, ইরফানুল বারী উজ্জ্বল, মাওলানা জহুরুল ইসলাম ও মাওলানা হেদায়েত হোসাইন।

সম্মেলনে শেষে নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ দ্রæতই সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ও উপজেলা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। #
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেনস্কির সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলল যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দূত পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


জেলেনস্কির সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলল যুক্তরাষ্ট্র, ট্রাম্পের দূত পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার অসলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা’ সম্পন্ন করেছেন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা উল্লেখ করেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা এবং যুদ্ধ বন্ধে জেলেনস্কির ওপর চাপ প্রয়োগের পর, ট্রাম্পের অবস্থানের প্রেক্ষিতে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সৃষ্ট দূরত্ব কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে অসলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে জেলেনস্কির এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অসলোর বৈঠকের পর, নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব তুলে ধরেছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সমন্বিত কৌশল নির্ধারণে পক্ষগুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

ওই কর্মকর্তা জানান, অসলোর আলোচনায় অর্জিত অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কিয়েভ, মস্কো ও ওয়াশিংটনের সরাসরি ত্রিপক্ষীয় আলোচনার পথ তৈরি করাই পুতিনের সঙ্গে উইটকফের বৈঠকের লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি থাকলেও আজকের আলোচনা অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে পক্ষগুলোর মধ্যে জোরালো সহযোগিতা এবং একটি পূর্ণাঙ্গ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার অভিন্ন সংকল্পের প্রতিফলন ঘটেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন হামলা মানেই পুরো অঞ্চলজুড়ে ‘ধ্বংসযজ্ঞ’: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


মার্কিন হামলা মানেই পুরো অঞ্চলজুড়ে ‘ধ্বংসযজ্ঞ’: ইরানের হুঁশিয়ারি

ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলজুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়বে। দেশটির সামরিক নেতৃত্বও সতর্ক করেছে যে, নতুন হামলার জবাব আরও শক্তিশালী হবে। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনার পূর্বে অর্থনৈতিক চাপ, হুমকি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হলো সব ধরনের অর্থনৈতিক চাপ, হুমকি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। তিনি ওয়াশিংটনের প্রতি আস্থাহীনতার কথাও তুলে ধরেছেন। তেহরানের বক্তব্য অনুযায়ী, এসব বিষয়ে সমাধান ছাড়া আলোচনায় অগ্রগতি করা কঠিন হবে।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, দেশটির ওপর নতুন হামলা চালানো হলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। এই বক্তব্যের মাধ্যমে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান আবারও প্রকাশ পেয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর বিষয়ে তিনি ও ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি এ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অবস্থান দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কয়েকটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, সমুদ্রের মাইনে আঘাত লাগার পর জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি প্রত্যাখ্যান করে একে ভুল বলে আখ্যা দিয়েছে। ফলে ঘটনার কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্যে বিরোধ রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়তে পারে। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে সউদী আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইরানকে কেন্দ্র করে সামরিক হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা নিয়ে বিরোধ এবং হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও দুই পক্ষের কঠোর অবস্থান আলোচনা প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%