১১:২৬ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন। তবে এই সিদ্ধান্তের বিনিময়ে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ চান। এরকম একটি ইঙ্গিত পাওয়া গেছে তার সর্বশেষ ট্রুথ সোশ্যাল পোস্টে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেট থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেছেন।
ট্রাম্প দাবি করেছেন যে, এসব চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন নতুন কারখানা ও শিল্প স্থাপন হবে। তবে এসব পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তাছাড়া যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি
ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশটি নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ কিন্তু কিভাবে তিনি এই লক্ষ্যকে বাস্তবায়ন করবেন, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। পোস্টে আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালি ইরান ছাড়া সব ধরনের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্প বলেন, ‘তাদের মিথ্যাবাদী, সহিংস, বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ তিনি ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপের কথাও জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন