ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত


চট্টগ্রামে জমকালো আয়োজনে সিএফএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটের বিকাশ ও উদীয়মান ক্রিকেটারদের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-টোয়েন্টি লীগ (সিএফএল) ২০২৬’ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) বহদ্দারহাটের সিকো এরিনায় স্পোর্টিফাই ইভেন্টসের আয়োজনে এক জমকালো গালা নাইট, ট্রফি উন্মোচন এবং প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরীর পরিচালনায় ১৩ রাউন্ডের আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারী ৬টি ফ্র্যাঞ্চাইজি, যথাক্রমে ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস এবং বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব তাদের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের উপস্থিতিতে প্রতিটি দলে ২ জন ডিরেক্ট সাইনিং, ৯ জন প্রিমিয়ার লীগ, ৩ জন প্রথম বিভাগ এবং ১ জন প্রমিজিং স্টার ক্যাটাগরির ক্রিকেটার অন্তর্ভুক্ত রয়েছে। পারিশ্রমিকের পরিমাণ সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

ফোরএইচ গ্রুপের টাইটেল স্পনসরশিপের অধীনে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এনএইচটি স্পোর্টস। আগামী ২২ অক্টোবর থেকে সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল হিউম্যান রাইটস ওয়াচ

হিউম্যান রাইটস ওয়াচের প্রশ্ন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, আইনি সহায়তা এবং কূটনৈতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ও বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য চেয়েও এখনো সুনির্দিষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এর মধ্যে শিশু বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে দণ্ডিত আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের ২০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হাসান জাকি আল-ফারাজ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ১৪ বছর বয়সে সংঘটিত অপরাধের অভিযোগ ছিল। অভিযোগের মধ্যে অন্য আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করা এবং তাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

এইচআরডব্লিউর সৌদি আরববিষয়ক জ্যেষ্ঠ গবেষক জোই শে বলেন, আল-ফারাজের মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত অমানবিক। তাঁর অভিযোগ, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় এবং অন্যায্য বিচারপ্রক্রিয়ার দীর্ঘ ইতিহাস এ ঘটনাকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সংস্থাটি আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর ইউসুফ আল-মানাসিফ নামে আরেক ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকরের গুরুতর ঝুঁকিতে রয়েছেন।

 

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে হাসান জাকি আল-ফারাজকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে সৌদি আরবের বিশেষ অপরাধ আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁর আইনজীবীদের অভিযোগ, কারাগারে তাঁকে নির্যাতন করা হয়েছিল এবং একটি স্বীকারোক্তিমূলক নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। তাঁকে নির্জন কারাবাসে রাখার অভিযোগও করেছে সংস্থাটি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সৌদি সরকার। দেশটির কর্তৃপক্ষের দাবি, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং তাদের আইন ও বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করেই পরিচালিত হয়।


সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আব্দুল বসির ও সুইটি আক্তার। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। গত ১৪ অক্টোবর মক্কায় তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মিডল ইস্ট আইয়ের ১৯ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি এবং মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে।

বিচার চলাকালে দুই বাংলাদেশির জন্য আইনজীবী ও দোভাষীর ব্যবস্থা ছিল কি না, তাঁরা আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন কি না এবং তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের পূর্ণাঙ্গ বিবরণ কী ছিল, এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। ফলে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একটি নথি অনুযায়ী, নজরুল ইসলাম ও সুইটি আক্তার ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবে আটক ছিলেন। ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের হাতে আসা বন্দিদের তালিকায় নজরুল ইসলামকে ২০২৩ সালের ১ আগস্ট সাইবার অপরাধ আইনের আওতায় আটকের তথ্য রয়েছে। এর পরদিন ব্যভীচারের অভিযোগে সুইটি আক্তারকে আটক করা হয় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

নথি অনুযায়ী, নজরুল ইসলাম জেদ্দার একটি সংশোধন কেন্দ্রে এবং সুইটি আক্তার জেদ্দার নারী কারাগারে বন্দি ছিলেন। তাঁরা দুজনই আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

কনস্যুলেটের হাতে আসা তালিকায় ৯৭ জন বন্দির অপরাধের সংক্ষিপ্ত বিবরণ ছিল। তবে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলামে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁদের মৃত্যুদণ্ডের বিষয়েও ওই তালিকায় কোনো উল্লেখ ছিল না।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, ১৮ অক্টোবর নথিটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সাইবার অপরাধ আইন বা ব্যভীচারের অভিযোগে সৌদি আরবে কোনো বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের নজির আগে পাওয়া যায়নি।

 

কনস্যুলেটের নথিতে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড দেওয়া বা তা কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দার কনস্যুলেট জেনারেলকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অবহিত করেনি।

এ পরিস্থিতিতে রায়ের অনুলিপি ও বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক পত্র, অর্থাৎ ‘নোট ভারবাল’ পাঠিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন দেওয়া হবে বলে নথিতে উল্লেখ রয়েছে।


কনস্যুলেটের তথ্য অনুযায়ী, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে ৩০৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত। নথিতে সাইবার অপরাধসংক্রান্ত তিনটি পৃথক মামলার উল্লেখ রয়েছে, যেখানে কারাদণ্ডের মেয়াদ ছয় মাস থেকে পাঁচ বছর।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর এবং এ-সংক্রান্ত তথ্যের ঘাটতি বিদেশে আটক বাংলাদেশিদের আইনি সুরক্ষা, কনস্যুলার সহায়তা ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষ করে, মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত সাজা কার্যকরের আগে সংশ্লিষ্ট ব্যক্তির আইনি অধিকার নিশ্চিত করা হয়েছিল কি না, তাঁরা অভিযোগ বুঝতে পেরেছিলেন কি না এবং আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ পেয়েছিলেন কি না, এসব বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে সৌদি আরবে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে উত্থাপিত প্রশ্নের প্রেক্ষাপটে বাংলাদেশি দুই নাগরিকের মামলার পূর্ণাঙ্গ নথি প্রকাশের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে তাঁদের মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত মূল্যায়নের জন্য আদালতের রায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানা প্রয়োজন।

এখন নজর রয়েছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ এবং সৌদি কর্তৃপক্ষের জবাবের দিকে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ও বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য পাওয়া গেলে দুই বাংলাদেশির মামলায় আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছিল, সে বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ১৪

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ১৪

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে জিআর, সিআর ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বারইয়ারহাট পৌরসভা ও বামনসুন্দরসহ বিভিন্ন এলাকা থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ জন, যৌন পীড়ন মামলায় ১ জন এবং ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ২ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনায় জোরারগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে রাত ১২:৫০ ঘটিকা থেকে এক মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের অভিযানে অংশ নেন। এ সময় হাতেনাতে আটক ৮ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক সকল আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামতের প্রশিক্ষণ, সনদ পেলেন ১৭ যুবক

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন মেরামতের প্রশিক্ষণ, সনদ পেলেন ১৭ যুবক

‎রাঙামাটিতে যানবাহন মেরামতের ওপর কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১৭ জন যুবক। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য তরুণদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
‎
‎বুধবার (২১ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
‎
‎সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে পরিচালিত সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ১১ অক্টোবর শুরু হওয়া প্রশিক্ষণে সিএনজি ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, সাধারণ যান্ত্রিক ত্রুটি শনাক্তকরণ এবং প্রাথমিক রক্ষণাবেক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।
‎
‎প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যুবকদের উৎসাহিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি বেকারত্ব কমাতে এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারে।
‎
‎পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ ধরনের প্রশিক্ষণ পার্বত্য চট্টগ্রামের যুবসমাজের আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
নড়াইলে সামাজিক ও ধর্মীয় সেবামূলক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাফায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব আবু মুসা শিকদার। আহ্বায়ক সদস্য আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাস্টার জাকির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন- জুলাইযোদ্ধা আল আমিন মণ্ডল, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য শাহারুল আলম, রাফায়েতুল হক তমাল, এস এম তন্ময় রেজা, আমিনুর রহমান, আবু জর, হাফেজ মঈন খান, উসমান গণীসহ অনেকে।

অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন-ব্যবসায়ী আমিনুল ইসলাম, নির্বাহী সভাপতি জুলাইযোদ্ধা ইমাম হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ গোফরান।

এছাড়া সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ইউসুফ, সহসভাপতি মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, ইরফানুল বারী উজ্জ্বল, মাওলানা জহুরুল ইসলাম ও মাওলানা হেদায়েত হোসাইন।

সম্মেলনে শেষে নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ দ্রæতই সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ও উপজেলা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। #
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%