প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যাংকাররা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংকার্স ফোরাম এবং উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কুমিল্লা অঞ্চল। এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, 'কর্মস্থলের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে একজন ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, গোটা ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।' তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তারা বলেন, 'আরিফুল ইসলাম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যাংক কর্মকর্তা। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।' তারা একইসঙ্গে ভবিষ্যতে ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শাখায় কর্মরত উত্তরা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম ৬ জুলাই অফিসের কার্যক্রম শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপীনাথপুর হাসপাতালের সামনে পৌঁছালে মাদকাসক্ত এবং কথিত মাদক ব্যবসায়ী আলী নামক এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে তিনি মারা যান।
মানববন্ধনে বক্তব্য দেন উত্তরা ব্যাংক কুমিল্লা জোনের আঞ্চলিক প্রধান এম এম আব্দুস সামাদ, কুমিল্লা শাখার ব্যবস্থাপক আবুল খায়ের, উত্তরা ব্যাংক সিবিএ কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. জাকির হোসেন, সিবিএ নেতা মো. সোহেল মিয়া ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উত্তরা ব্যাংকের মোজাফফরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, চান্দিনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াসিন রহমান এবং যমুনা ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক সোলেমান খান।
এছাড়া বাখরাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন চৌধুরী, লাকসাম শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, রাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এ কে এম জিয়াউল হক, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, শ্রমিক দল কুমিল্লা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপালী ব্যাংক সিবিএ সভাপতি মেহেদী হাসান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এম এ মাসুদ, উত্তরা ব্যাংক সিবিএ নেতা হারুনুর রশিদসহ আরও অনেকে বক্তব্য দেন।
কর্মসূচিতে জেলার প্রায় ২০টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারী, সিবিএ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন