ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফিজি সফরে ইসরাইলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অংশীদারিত্ব


জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফিজি সফরে ইসরাইলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অংশীদারিত্ব

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ সহায়তা প্রদানের উদ্দেশ্যে আন্তঃসরকারি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ইসরাইল।

এই তথ্য বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।

ইসরাইল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করেছে। গত মাসে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু জেরুজালেমে তাদের দূতাবাস প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পবিত্র নগরী জেরুজালেমে ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দেশটি অল্প কয়েকটি দেশের মধ্যে একটি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ৫০০ মৃত্যুদণ্ডপ্রাপ্তের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের ঘোষণা

ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

জাতিসংঘে জেরুজালেমে দূতাবাস থাকা মাত্র সাতটি সদস্য রাষ্ট্রের মধ্যে পাপুয়া নিউগিনি ও ফিজিও অন্তর্ভুক্ত রয়েছে।

এই তালিকায় যুক্তরাষ্ট্রও রয়েছে। এ বছরের শেষের দিকে সামোয়া তাদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।

১৮টি দেশের সমন্বয়ে গঠিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম বর্তমানে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ৩০টি দেশ ও সংস্থা ফোরামের তথাকথিত উন্নয়ন অংশীদার।

আরও পড়ুন: ‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

প্রভাবশালী দেশগুলো যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিযোগিতায় লিপ্ত, তখন গত মাসে ফোরামের নেতারা অঞ্চলের বাইরের দেশগুলোর সঙ্গে অংশীদারত্বের কাঠামো সংস্কারের বিষয়ে সম্মত হন। নতুন কাঠামোয় কৌশলগত অংশীদার ও খাতভিত্তিক অংশীদার— এই দুই শ্রেণি রাখা হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি খাতভিত্তিক অংশীদার হিসেবে ফোরামে যুক্ত হয়েছে। এই ঘোষণার সময় ইসরাইলের আন্তর্জাতিক সহায়তা সংস্থা মাসাভের (এমএএসএইচএভি) প্রধান আইনাত শ্লেইন ফিজি ও সামোয়া সফর করেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আঞ্চলিক অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে এই সহযোগিতার কার্যক্রম পরিচালিত হবে। পানি ব্যবস্থাপনা, সমুদ্রের পানি লবণমুক্তকরণ, কৃষি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, উদ্ভাবন ও টেকসই উন্নয়নে ইসরাইলের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।’

ফোরামের পক্ষ থেকে মন্তব্য জানতে চেয়ে পাঠানো অনুরোধের প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া হয়নি।

আরও পড়ুন: জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে মারধর, তিনজন গ্রেফতার

গত জুনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার ফিজির রাজধানী সুভায় ফোরামের সদর দপ্তর পরিদর্শন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারগুলোর একটি।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এই প্রচেষ্টার অংশ হিসেবে চলতি বছরের শুরুতে ফিজিতে দূতাবাস খুলেছে ইসরাইল। এই দূতাবাসটি ইসরাইলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও নয়টি দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্বও পালন করছে।’

ফোরামটি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, মাসাভের প্রধান শ্লেইনের সঙ্গে বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো তাদের উন্নয়নসংক্রান্ত চ্যালেঞ্জ ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরার সুযোগ পেয়েছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন গভর্নর গ্যাভিন নিউসম

এছাড়া জ্ঞান বিনিময় ও অংশীদারত্বের বাস্তব সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো প্রায়ই ইসরাইলের সবচেয়ে দৃঢ় সমর্থকদের মধ্যে নিজেদের অবস্থান প্রমাণ করেছে।

এ অঞ্চলের অনেক মানুষের মধ্যে ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ভবিষ্যদ্বাণীর প্রতি গভীর বিশ্বাস রয়েছে। ওই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইহুদিরা একদিন ইসরাইলের ভূখণ্ডে ফিরে আসবে।

আরও পড়ুন: মুজতবা খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছে দিলেন নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


ফ্রান্সে সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১, নিখোঁজ ১

মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই তথ্যটি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বুধবার জানিয়েছে যে, এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয় জানায়, ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে ফরাসি বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে মোট দুজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ঘটনার তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক হয়,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


শেরপুরে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক হয়,

হাতের মেহেদির রং এখনো মুছে যায়নি, সংসারও শুরু হয়নি ঠিকমতো। বিয়ের মাত্র ছয় দিনের মাথায় রহস্যজনক মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনেরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা পাশের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফেরার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে মনোমালিন্য হয় বলে পরিবারের সদস্যরা জানান।

স্বজনদের ভাষ্য, রাত ৩টার দিকে লিমার অসুস্থতার কথা জানিয়ে তাঁর ভগ্নিপতিকে ফোন করেন একরামুল। পরে ভোর ৪টার দিকে লিমাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল।

লিমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, জিনিসপত্র নিয়ে বিরোধের জেরে লিমাকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে স্বামী একরামুলের দাবি, রাতে ঘুমানোর পর মাঝরাতে ঘুম থেকে উঠে দরজা খোলা দেখতে পান তিনি। বাইরে গিয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে লিমার মরদেহ ঝুলতে দেখেন। পরে তিনি নিজেই মরদেহ নামিয়ে আনেন।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয় বাড়লেও নেটফ্লিক্স চাপে, কৌশল বদলের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


আয় বাড়লেও নেটফ্লিক্স চাপে, কৌশল বদলের ইঙ্গিত

আয় বাড়লেও প্রত্যাশার তুলনায় দুর্বল মুনাফার পূর্বাভাস এবং বিজ্ঞাপন থেকে আয় কমার আশঙ্কায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স চাপের মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে প্রতিষ্ঠানটি তাদের মূল ব্যবসা—মানসম্মত সিনেমা ও টিভি অনুষ্ঠান তৈরিতে অধিক মনোযোগ দিতে চায়। একই সঙ্গে, নিজেদের কনটেন্ট তৈরির কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টেড সারানডোস।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে, নেটফ্লিক্সের আয় গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২৮৭ কোটি ডলারে পৌঁছেছে। তবে, এটি ছিল প্রতিষ্ঠানটির আয়ের প্রবৃদ্ধির সবচেয়ে কম হার প্রায় তিন বছরের মধ্যে। পাশাপাশি, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে মুনাফার যে পূর্বাভাস প্রতিষ্ঠানটি দিয়েছে, তা বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম।

নেটফ্লিক্স জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে তাদের নিট মুনাফা হতে পারে ২৭৯ কোটি ডলার। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হতে পারে ৬৭ সেন্ট। অথচ বিশ্লেষকদের গড় পূর্বাভাস ছিল নিট মুনাফা ৩০৭ কোটি ডলার এবং শেয়ারপ্রতি আয় ৭৩ সেন্ট। এই পূর্বাভাস প্রকাশের পর মঙ্গলবার লেনদেন-পরবর্তী সময়ে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে ৬৪ দশমিক ৬৬ ডলারে নেমে আসে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বিজ্ঞাপন থেকে আয়ের পূর্বাভাসও কমিয়েছে নেটফ্লিক্স। পূর্বে এ খাত থেকে প্রায় ৩০০ কোটি ডলার আয়ের প্রত্যাশা থাকলেও, এখন তা কমিয়ে প্রায় ২৭০ কোটি ডলার করা হয়েছে। বিজ্ঞাপনসংশ্লিষ্ট কিছু সুবিধা চালুর কাজ প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহীরা।

মূল কনটেন্টে ফিরতে চায় নেটফ্লিক্স

আয়ের প্রবৃদ্ধি ধরে রাখা এবং দর্শকদের আকৃষ্ট করতে সাম্প্রতিক বছরগুলোতে ভিডিও গেম, পডকাস্ট ও সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে নেটফ্লিক্স। তবে ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মে দর্শকসংখ্যা বাড়ায় প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠেছে। ফলে, নেটফ্লিক্স কিভাবে নতুন দর্শক টানবে এবং পুরনো গ্রাহকদের ধরে রাখবে, তা নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন।

বিনিয়োগ বিশ্লেষক প্রতিষ্ঠান পিপি ফোরসাইটের পাওলো পেসকাতোরের মতে, নেটফ্লিক্স এখনো লাভজনক প্রতিষ্ঠান হলেও, মূল লক্ষ্য থেকে সরে গিয়ে এমন কিছু কাজে মনোযোগ দিচ্ছে, যেগুলো দর্শকদের কাছে ততটা আকর্ষণীয় নয়। তাঁর মতে, দর্শকদের কাছে আকর্ষণীয় কনটেন্ট তৈরিতে আবারও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারানডোসও মূল ব্যবসায় মনোযোগ বাড়ানোর কথা বলেছেন। আয়ের প্রতিবেদন প্রকাশের পর এক ভিডিও কলে তিনি বলেন, ‘আমি জানি, আমরা আরো ভালো করতে পারি।’ তাঁর মতে, কনটেন্টের মান ও বৈচিত্র্য আরও উন্নত করার সুযোগ রয়েছে।

সারানডোস জানান, সাম্প্রতিক নির্বাহী পর্যায়ের রদবদলও সেই লক্ষ্য অর্জনের একটি পদক্ষেপ। তিনি জানান, নেটফ্লিক্স এমন একটি প্ল্যাটফর্ম হয়ে থাকতে চায়, যেখানে সৃজনশীল ব্যক্তিরা নিজেদের সেরা কাজ করতে আগ্রহী হবেন। পাশাপাশি, তৃতীয় পক্ষের তৈরি কনটেন্ট লাইসেন্সের মাধ্যমে নিজেদের সংগ্রহ আরও সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

কর্মী ছাঁটাই ও শীর্ষ পর্যায়ে রদবদল

নেটফ্লিক্সের এই পরিবর্তনের উদ্যোগ এসেছে কর্মী ছাঁটাই ও শীর্ষ পর্যায়ে নেতৃত্ব বদলের পর। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে, যা তাদের মোট কর্মীর প্রায় ৬ শতাংশ। এর আগে কনটেন্ট বিভাগের প্রধান বেলা বাজরিয়াকে সরিয়ে তাঁর জায়গায় ডিজনি ও ফক্সের সাবেক নির্বাহী পিটার রাইসকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনও প্রতিষ্ঠানটি ছাড়ছেন।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলো নেটফ্লিক্সের কনটেন্ট তৈরির পরিকল্পনায় নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দেয়। তবে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সারানডোস জানিয়েছেন, কৌশলে মৌলিক পরিবর্তনের প্রয়োজন নেই। বরং যুক্তরাষ্ট্রের বাজারে পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকর করতে হবে।

এদিকে, চলতি বছরের শুরুতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে অধিগ্রহণের প্রতিযোগিতায় হেরে যায় নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির সমৃদ্ধ কনটেন্ট সংগ্রহ শেষ পর্যন্ত ডেভিড এলিসনের নেতৃত্বাধীন স্কাইড্যান্সের হাতে যায়। ভবিষ্যতে অন্য প্রতিষ্ঠান অধিগ্রহণের সম্ভাবনা নিয়েও বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে।

তবে, নেটফ্লিক্সের দাবি, যুক্তরাষ্ট্রে গ্রাহকসংখ্যা ও ব্যবসার পরিস্থিতি বোঝাতে কিছু বাইরের তথ্য পুরোপুরি প্রতিনিধিত্বশীল নয়। সারানডোসের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রের বাজারে আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা এবং দর্শকদের জন্য আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা।

আয় বাড়লেও মুনাফার পূর্বাভাস ও বিজ্ঞাপন ব্যবসায় চাপ নেটফ্লিক্সকে নতুন করে নিজেদের অগ্রাধিকার নিয়ে ভাবতে বাধ্য করছে। এখন মূল কনটেন্টের মান বাড়ানো এবং দর্শকদের ধরে রাখার কৌশল কতটা কার্যকর হয়, তার ওপরই অনেকটা নির্ভর করবে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রবৃদ্ধি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে বৈঠকে মিলিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে বৈঠকে মিলিত

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুই দেশের সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন খাতে যৌথ প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

রুশ বার্তা সংস্থা তাস এবং রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের ভিত্তিতে, বৈঠকে দুই দেশের সার্বিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো জোরদার করার পাশাপাশি জ্বালানি, শিল্প, কৃষি, পরিবহন অবকাঠামো এবং শিক্ষা খাতের যৌথ উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধানের যৌথ ঘোষণাপত্র এবং দ্বিপক্ষীয় সহযোগিতাসংক্রান্ত আরও কয়েকটি নথিতে সই করার পরিকল্পনা রয়েছে। তবে এসব নথির বিস্তারিত বিষয়বস্তু বৈঠক শেষে প্রকাশিত হবে।

এবারের বৈঠকটি রাশিয়া ও চীনের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির স্বাক্ষরের ২৫ বছর পূর্তির সময় অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তিটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গণ্য করা হয়।

সেন্ট পিটার্সবার্গে বৈঠকে যোগ দেওয়ার আগে, মিশুস্তিন এবং লি ছিয়াং তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যদেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করেন। সেখান থেকে তাঁরা রাশিয়ায় পৌঁছান।

রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য, জ্বালানি, শিল্প ও অবকাঠামো খাতে সহযোগিতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের বৈঠকে চলমান উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%