০৮:৩৬ পি.এম
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার কারণে বাবা-মাকে দোষারোপ করে ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হত্যা করা হয়েছে। এই বর্বর খুনের ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের দাহোদ জেলায়। অভিযুক্তের নাম বাবুভাই পারগি এবং নিহতের নাম ভালাভাই পারগি।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় এক দশক আগে বাবুভাই পারগির বিয়ে হয়ে ছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তিনি চরম অ্যালকোহল ও মাদকে আসক্ত হয়ে পড়েন। মদ্যপ অবস্থায় প্রায় সময় স্ত্রীকে শারীরিক নির্যাতন এবং ঝগড়াঝাঁটি করতেন। স্বামীর লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় পাঁচ বছর আগে স্ত্রী তার বাবার বাড়ি চলে যান এবং আর ফিরেননি।
সংসার ভেঙে যাওয়ার পর থেকেই বাবুভাই তার বৃদ্ধ বাবা-মাকে এই বিচ্ছেদের জন্য দায়ী করতে শুরু করেন। তিনি কাজ শেষ করে গ্রামে ফিরে আসলেই মাতাল অবস্থায় বাবা-মায়ের ওপর হামলা চালাতেন এবং তাদের কারণে স্ত্রী বাড়ি ছেড়েছে বলে গালিগালাজ ও মানসিক অত্যাচার করতেন।
আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
মঙ্গলবারও এই নিয়ে পরিবারের মধ্যে বাগবিতণ্ডা চলে। কথাকাটাকাটির এক পর্যায়ে বাবুভাই ক্ষিপ্ত হয়ে একটি ভারী কাঠের লাঠি দিয়ে তার ৭০ বছর বয়সী বাবা ভালাভাই পারগির মাথার পেছনে সজোরে আঘাত করেন। এলোপাথারি আঘাতে গুরুতরভাবে আহত হয়ে বৃদ্ধ ভালাভাই মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু ঘটে। ঘটনার পর নিহতের ছোট ছেলে কালজীভাই পারগি ফাতেপুরা থানায় নিজের বড় ভাই বাবুভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনা ঘটার পরপরই অভিযুক্ত পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলমান আছে।
আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন