০৮:৪২ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন পোস্ট করে চাকরিপ্রত্যাশীদের ফাঁদে ফেলে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগরীর হানি ট্র্যাপিং চক্রের সক্রিয় সদস্য ফাহিমকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বিস্তারিত জানালেন, হাতিরঝিল থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফাহিমকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মানিকনগরের বাসিন্দা।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হতে পারে কওমিপন্থি ৭ দল, আলোচনায় এনসিপি-এবি পার্টিও
প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী সাগর হোসেন (২৮) ফেসবুকে সিকিউরিটি গার্ড নিয়োগের একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। পরে ফাহিম তাকে শিক্ষাসনদসহ মালিবাগ রেলগেটে আসার জন্য বলেন।
ভুক্তভোগী সেখানে পৌঁছানোর পর, অফিসে নেওয়ার কথা বলে মোটরসাইকেলে কৌশলে হাতিরঝিলের নয়াটোলার একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে ফাহিম ও তার সহযোগীরা ভুক্তভোগী সাগরের পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। যদি টাকা প্রদান না করা হয়, তাহলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে একটি মোবাইল ফোন, স্বর্ণের আংটি, হাতঘড়ি, রুপার ব্রেসলেট এবং নগদ পাঁচ হাজার ৫শ টাকা ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ১৬ মার্চ হাতিরঝিল থানায় অপহরণ, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলার ভিত্তিতে র্যাব-৩ অভিযান চালিয়ে মূল আসামি ফাহিমকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: জ্বালানি প্রতিমন্ত্রী: সুবিধাবাদী গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে বিভক্তির চেষ্টা করছে
অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী আরও জানান, ফাহিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মানুষকে অপহরণ করে অর্থ আদায়সহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন