০৮:৪৪ পি.এম
ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও উন্নত, সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে চালু করা হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।
এই অ্যাপের মাধ্যমে সাধারণ নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।
আরও পড়ুন: ডব্লিউএইচওর পদ পেতে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির চার্জশিট অনুমোদন
প্রাথমিকভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পরবর্তীতে রিভিউ শেষে এটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা সম্ভব হবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে। ১৯৬১৬০৬০ নাম্বারটিতে সরাসরি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কল করার সুবিধা মিলবে।
জেলা প্রশাসন জানায়, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ নানা বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানোর সুযোগ থাকছে। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা যাবে।
জানা গেছে, এখন থেকে এই অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার এপোয়েন্ট প্রাপ্তি আরও সহজ হবে। এনজিও, লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি, সহায়তা সহ নানা ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই মিলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই 'হ্যালো ডিসি' অ্যাপ চালু করা হয়েছে।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে অর্থ আত্মসাত: ইনু ও হাছানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে 'হ্যালো ডিসি' অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ জেলা প্রশাসনের সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি যোগ করেন, ‘তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই প্রচেষ্টারই একটি কার্যকর উদাহরণ। তিনি এ উদ্যোগ সফল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।’
তিনি আরও বলেন, নাগরিকদের মতামত ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাপটি ধাপে ধাপে আরও সমৃদ্ধ করা হবে। ভবিষ্যতে নতুন সেবা সংযুক্ত করে এটিকে জেলা প্রশাসনের একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: সচিবালয় স্থানান্তরের প্রস্তাব আলোচনায়: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন