ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত


কাউখালীতে শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
 
পিরোজপুরের কাউখালীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল উপজেলার মাদানমোহন জিউর আখড়াবাড়ি থেকে রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় শতাধিক ভক্তবৃন্দ অংশ নেন। রথযাত্রায় ধর্মীয় সংগীত, ভক্তিমূলক স্লোগান এবং উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন সড়ক।
শোভাযাত্রায় সভাপতিত্ব করেন শঙ্কর বসু। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলোক কর্মকার, লিটন কৃষ্ণ কর, বাবুল ঘোষ,বিজন কুমার, বাদল হালদার,  ধলু শীল, রতন চক্রবর্তীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ প্রায় দুই শতাধিক ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেন।
রথযাত্রাটি মদনমোহন আখড়াবাড়ি থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আখড়াবাড়িতে এসে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতেই জুলাই গণঅভ্যুত্থান: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতেই জুলাই গণঅভ্যুত্থান: চিফ হুইপ

আজ বিকেলে ঢাকা জেলার ধামরাই উপজেলার কায়েতপাড়াস্থ শ্রী শ্রী যশোমাধব মন্দিরের মাধব অঙ্গনে আয়োজিত ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বক্তব্য প্রদানকালে জানান, দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের জনগণ জুলাইয়ে একটি নতুন সূর্যের উদয় প্রত্যক্ষ করেছে। চিফ হুইপ উল্লেখ করেন, "অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।"

তিনি বর্তমান পরিস্থিতির পাশাপাশি বিএনপির প্রতিশ্রুতি সম্পর্কেও মন্তব্য করেন, "বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রথমেলার শুভ উদ্বোধন করেছেন চিফ হুইপ। চিফ হুইপ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, "এ দেশে কোনো সংখ্যালঘু নেই।" তিনি বলেন, "বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান- সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত আত্মত্যাগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।"

তিনি রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে বিভাজন বা বৈষম্যের স্থান নেই বলে উল্লেখ করেন।

চিফ হুইপ আরো বলেন, "কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকার কোনো ধরনের বৈষম্য করে না।"

তিনি অতীতে সংখ্যালঘু ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি উদাহরণ তুলে ধরেন এবং বলেন, "দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটত, যার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হতো।"

বর্তমানে তিনি এ ধরনের অপতৎপরতার কোনো স্থান নেই বলেও উল্লেখ করেন এবং জানান, "বিএনপিতে উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই।"

চিফ হুইপ বলেন, "ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রা সামপ্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।" তিনি এগুলোকে বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার একটি বিষয় হিসেবে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এবং সংসদ সদস্য সুলতানা আহমেদ।

মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন সহ উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে চিফ হুইপ ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রার উদ্বোধন করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটদের নজিরবিহীন সমর্থন, ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ডেমোক্র্যাটদের নজিরবিহীন সমর্থন, ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবে

মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের একটি সংশোধনী প্রস্তাবে ডেমোক্র্যাটদের মধ্যে নজিরবিহীন সমর্থন দেখা গেছে।

সর্বশেষ ভোটাভুটিতে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ২১২ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ১০৩ জন এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। যদিও সংশোধনীটি শেষ পর্যন্ত পাস হয়নি, তবুও এত বড় সংখ্যক ডেমোক্র্যাটের সমর্থনকে দলের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই সংশোধনীর লক্ষ্য ছিল গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অর্থায়ন বন্ধ করা। তবে রিপাবলিকানদের বিরোধিতার কারণে এবং অধিকাংশ সদস্যের ভোটের ফলে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়।

ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমর এই ভোটকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘রেকর্ড সংখ্যক ডেমোক্র্যাট’ এই সংশোধনীর পক্ষে ভোট দিয়েছেন।

তার ভাষায়, ‘এটা সম্ভব হয়েছে কারণ লাখো মানুষ সোচ্চার হয়েছে, সংগঠিত হয়েছে এবং নীরব থাকতে অস্বীকৃতি জানিয়েছে। আমাদের আন্দোলন পরিবর্তন আনছে। সংগঠিত থাকুন, শক্তি গড়ে তুলুন।’

ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান সামার লি বলেন, এই ভোট ডেমোক্র্যাটিক পার্টির অবস্থানে একটি পরিবর্তনের সংকেত দিচ্ছে। তবে তিনি বলেন, ‘তারপরও কংগ্রেসের কোনো সদস্যের পক্ষে ইসরাইলের গণহত্যাকে জ্বালানি জোগাতে সহায়তা পাঠানোর পক্ষে অবস্থান নেওয়া বিবেকবর্জিত।’

উল্লেখ্য, ইসরাইল গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না বলেন, দুই বছর আগে একই অবস্থান নেওয়ার কারণে সাবেক কংগ্রেস সদস্য জামাল বোম্যান ও কোরি বুশ রাজনৈতিক মূল্য দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তারা নিজেদের আসন হারান।

তিনি বলেন, ‘তাদের সাহসকে স্বীকৃতি জানানো উচিত।’ এক সহকর্মীর মন্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমেরিকায় কৃষ্ণাঙ্গদের আত্মত্যাগকে স্বাভাবিক হিসেবে দেখা হয়।’

বিশ্লেষকদের মতে, যদিও সংশোধনীটি পাস হয়নি, তবুও ডেমোক্র্যাট সদস্যদের প্রায় অর্ধেকের সমর্থন যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতি নিয়ে দলটির ভেতরে ক্রমবর্ধমান মতপার্থক্যের ইঙ্গিত দেয়।

বিশেষ করে গাজা যুদ্ধের কারণে মানবাধিকার, বেসামরিক হতাহত এবং সামরিক সহায়তার জবাবদিহি নিয়ে ডেমোক্র্যাটদের একটি বড় অংশ আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিচ্ছেন।

এদিকে রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাটদের একটি অংশ এখনও ইসরাইলের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে অবস্থান ধরে রেখেছেন। ফলে যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও কংগ্রেসে এ নিয়ে বিতর্ক ও বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলার অভিযোগে রাসেল গোলদার (৩৮) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল গোলদার উপজেলা গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান গোলদার ও ফাতেমা খাতুনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় রাসেল গোলদার নামের এক যুবক নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। সেই অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ লাখ যুব-যুবতীকে স্বাবলম্বী করতে নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


৯ লাখ যুব-যুবতীকে স্বাবলম্বী করতে নতুন উদ্যোগ

 যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত ইকোনমিক অ্যাকসেলারেশন এন্ড ও রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন) প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইএআরএন প্রকল্পের মূল লক্ষ্য হলো— যুব সম্পৃক্ততা বা ইয়ুথ এনগেজমেন্ট। যুব ও যুব নারীদের কর্মসংস্থান হচ্ছে সরকারের প্রধান অগ্রাধিকার। প্রকল্পের প্রকৃত সার্থকতা আসবে যদি যুবসমাজের দোরগোড়ায় এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায়।

প্রকল্পের গুণগত মান বজায় রাখার জন্য যথাযথ মনিটরিং নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আরো জানান, প্রশিক্ষণ সম্পন্নকারীদের দেশীয় সার্টিফিকেটের পাশাপাশি বিদেশি সার্টিফিকেট প্রদান করা যাবে কি না সে বিষয়ে খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে মূল প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রতিটি সেশনে অন্তত ৫ মিনিটের জন্য নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

এদিকে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের যুব ও যুব নারীদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই অগ্রাধিকার বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ যুব ও যুব নারীকে (যার মধ্যে ৬০ শতাংশই যুব নারী) প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই ইএআরএন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বিশ্বব্যাংকের অনাপত্তি অনুযায়ী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান— ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন এই প্রকল্পের সার্ভিস প্রোভাইডার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন, ইএআরএন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সৈয়দ রাশেদ আল-জায়েদ জশ এবং অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. মেরিনা নাজনীনসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কনসালটেন্টবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%