ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুইজারল্যান্ডের জয়ে বিদায় নিল আলজেরিয়া


সুইজারল্যান্ডের জয়ে বিদায় নিল আলজেরিয়া

এবারের বিশ্বকাপ থেকে একটি আরেকটি আফ্রিকার দলের বিদায় হলো। বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সকালে আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে সুইজারল্যান্ড শেষ ষোলোতে স্থান পেয়ে গেছে।

ম্যাচের দুটি গোল দুটি হাফে হয়েছে। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন। দলের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি মাঝমাঠ থেকে বল নিয়ে যান আলজেরিয়ার ডি-বক্সে। সেখানে গিয়ে এমবোলোকে একটি পাস দেন এবং এমবোলো বল পেয়ে জালে জড়িয়ে দেন।

এরপর আলজেরিয়া আক্রমণ চালায়, কিন্তু তাতে তেমন ধরনের কোনও ধার ছিল না। তাই এক গোলে পিছিয়ে বিরতিতে যায় আফ্রিকার দেশটি।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

বিরতি থেকে ফিরে এসে আবারও গোল পায় সুইসরা। দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে সুইজারল্যান্ডকে আনন্দিত করেন ড্যান এনডয়ে। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছিল তবে নতুন করে আর গোল হয়নি।

শেষ দিকে একটি আক্রমণে সুইজারল্যান্ড প্রায় গোল পেলেও, গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান। সবশেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

এই জয়ের ফলে সুইজারল্যান্ড শেষ ষোলোতে প্রবেশ করেছে। গত তিন আসরে (২০২২, ২০১৮ ও ২০১৪) সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিল।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সুনাম বাড়াচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ এম


দেশের সুনাম বাড়াচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা এবং সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি করা হয়েছে। এমনকি একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যেটি অত্যন্ত সাশ্রয়ী ব্যয়ে তৈরি হয়েছে, সেই সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের একজন শিক্ষার্থী।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন উল্লেখ করেন, চুয়েটে ভর্তি হওয়ার মাধ্যমে তারা দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বিশেষ অংশে পরিণত হয়েছেন। তিনি আরও বলেন, এই যাত্রাকে অর্থবহ করতে হলে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, গবেষণার মনোভাব এবং আত্মোন্নতির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

মীর হেলাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার সঙ্গে কাজ করতে দেখেছেন।

গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স, স্যামসাংসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে চুয়েটের শিক্ষার্থীরা দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। বর্তমান নবীন শিক্ষার্থীরাও একদিন ঠিক একইভাবে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার পরিচয় দেবেন।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভূমি সেবার বেশিরভাগ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে।

পাশাপাশি ‘ভূমি দৃষ্টি’ নামে জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের সরকারি কর্মচারীদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সূত্র প্রকাশ না করায় দৈনিক ৮০০ ডলার জরিমানার মুখে মার্কিন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:১২ এম


সূত্র প্রকাশ না করায় দৈনিক ৮০০ ডলার জরিমানার মুখে মার্কিন সাংবাদিক

 

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সাবেক ফক্স নিউজ সাংবাদিক ক্যাথরিন হেরিজের জরুরি আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে, আদালতের নির্দেশ অনুযায়ী, হেরিজ যদি তার গোপন তথ্যদাতার পরিচয় প্রকাশ না করেন, তাহলে তাকে প্রতিদিন ৮০০ ডলার করে জরিমানা দিতে হবে।

 বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেয়। এর ফলে, হেরিজের বিরুদ্ধে আগে দেওয়া জরিমানার আদেশ কার্যকর হওয়ার পথ খুলে গেল। ক্যাথরিন হেরিজ দীর্ঘদিন থেকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত। ২০১৭ সালে, তিনি ফক্স নিউজে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন।

এই প্রতিবেদনে চীনা বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ইয়ানপিং চেনের সঙ্গে চীনের সামরিক বাহিনীর সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ভার্জিনিয়ায় চেন প্রতিষ্ঠিত একটি পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে তিনি চীনা সরকারের জন্য যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহে সহায়তা করছিলেন কি না, তা তদন্ত করছে এফবিআই।

দীর্ঘ তদন্তের পরেও, ইয়ানপিং চেনের বিরুদ্ধে কখনো কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। পরে, চেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, তদন্ত-সংক্রান্ত গোপন নথি ফাঁস হওয়ার কারণে সংবাদমাধ্যমে তার সম্পর্কে নেতিবাচক প্রচার শুরু হয়। এতে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি অভিযোগ করেন, ঘৃণামূলক চিঠি এবং প্রাণনাশের হুমকিও পেয়েছেন। চেনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রাইভেসি আইন লঙ্ঘন করে তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। ওই আইন অনুযায়ী, কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া প্রকাশ করা যায় না।

মামলার শুনানিতে, চেনের আইনজীবীরা দাবি করেন, হেরিজের প্রতিবেদনে এমন কিছু তথ্য ব্যবহার করা হয়েছে, যা তদন্ত-সংক্রান্ত গোপন নথি থেকে ফাঁস হয়েছিল। এসব তথ্যের মধ্যে ছিল এফবিআইয়ের একটি সাক্ষাৎকারের সারসংক্ষেপ, চেনের ব্যক্তিগত ছবি, অভিবাসন ও নাগরিকত্ব-সংক্রান্ত নথির তথ্য এবং এফবিআইয়ের অভ্যন্তরীণ একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার তথ্য। আদালত হেরিজকে তার তথ্যদাতার পরিচয় প্রকাশের নির্দেশ দেয়, যাতে জানা যায় কে এই তথ্য ফাঁস করেছে।

ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার রায় দেন যে, নিজের মামলা পরিচালনার জন্য তথ্য ফাঁসকারীর পরিচয় জানা চেনের অধিকার, সাংবাদিকের তথ্যদাতার পরিচয় গোপন রাখার অধিকারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আদালতের নির্দেশ অনুযায়ী, হেরিজ শপথ নিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেন। তবে তিনি তার কোনো গোপন তথ্যদাতার পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান। এরপর, আদালত তাকে দেওয়ানি আদালত অবমাননার দায়ে দোষী ঘোষণা করে। পাশাপাশি নির্দেশ দেয় যে, তথ্যদাতার পরিচয় প্রকাশ না করা পর্যন্ত তাকে প্রতিদিন ৮০০ ডলার করে জরিমানা দিতে হবে। পরে, এই আদেশের বিরুদ্ধে আপিল করেন হেরিজ।

আপিল আদালতও আগের সিদ্ধান্ত বহাল রাখে। এরপর, তিনি সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করেন। এর আগে, প্রধান বিচারপতি জন রবার্টস সাময়িকভাবে জরিমানার আদেশ স্থগিত করেছিলেন, যাতে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করতে পারে। তবে বৃহস্পতিবার, সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সেই স্থগিতাদেশ আর বহাল রাখা হবে না।

আদালতের তথ্য অনুযায়ী, বিচারপতি ব্রেট ক্যাভানফ জরিমানা স্থগিত রাখার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ বিচারপতি সেই মত সমর্থন করেননি।

ফক্স নিউজ মিডিয়া আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, সাংবাদিকদের গোপন তথ্যদাতার পরিচয় রক্ষা করা এবং সংবাদ সংগ্রহের প্রক্রিয়ার নিরাপত্তা একটি স্বাধীন ও কার্যকর গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের এই সিদ্ধান্তে তারা গভীরভাবে হতাশ। তবে সাংবাদিকতার স্বাধীনতা ও সংবিধানের প্রথম সংশোধনীর অধিকার রক্ষার জন্য তারা লড়াই চালিয়ে যাবে বলেও জানিয়েছে। হেরিজের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এই মামলাটি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের আশঙ্কা, সাংবাদিকদের যদি গোপন তথ্যদাতার পরিচয় প্রকাশে বাধ্য করা হয়, তাহলে ভবিষ্যতে সরকারি অনিয়ম বা দুর্নীতির তথ্য প্রকাশে আগ্রহী অনেক মানুষ সাংবাদিকদের কাছে তথ্য দিতে ভয় পাবেন।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স কমিটির ফর ফ্রিডম অব দ্য প্রেসের সভাপতি ব্রুস ব্রাউন বলেন, সংবিধানে দেওয়া সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য আদালতে লড়াই করতে গিয়ে সাংবাদিকদের বড় অঙ্কের জরিমানা দিতে বাধ্য হওয়া উচিত নয়। তিনি আরো বলেন, তথ্যদাতার পরিচয় প্রকাশে বাধ্য করা হলে জনগণের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছানোর স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে, চেনের আইনজীবীদের দাবি, তথ্য ফাঁসকারীর পরিচয় জানার জন্য তারা অন্য সব সম্ভাব্য উপায় ব্যবহার করেছেন। কিন্তু সফল হননি। তাদের মতে, প্রাইভেসি আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করতে তথ্য ফাঁসকারীর পরিচয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেনের আইনজীবী অ্যান্ড্রু ফিলিপস জানান, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে মামলার নিষ্পত্তির পথ আরো সহজ হবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, ড. ইয়ানপিং চেনও অন্য সব মার্কিন নাগরিকের মতো সেই সরকারি কর্মকর্তার পরিচয় জানার অধিকার রাখেন, যিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে তার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন। এমন বেআইনি ও অনৈতিক কাজ ঠেকাতেই যুক্তরাষ্ট্রে প্রাইভেসি আইন করা হয়েছে।

উল্লেখ্য যে, ক্যাথরিন হেরিজ আগে ফক্স নিউজ ও সিবিএস নিউজে কাজ করেছেন। বর্তমানে তিনি স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:১৪ এম


নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

জেলার পূর্বধলা থানার পুলিশ অভিযান পরিচালনা করে অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারের জন্য অভিযুক্ত একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ আট সদস্যকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, বিকেলের দিকে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার একটি মৎস্য খামার (ফিশারি) থেকে তাদের আটক করা হয়। এ সময় অপরাধের কাজে ব্যবহৃত ১০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, পূর্বধলা উপজেলার শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), মো. শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), কাজল মিয়া (২০), মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবিব (৪০) এবং সালমাকান্দা গ্রামের মোছা. মনিরা আক্তার (৩০)।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশের একটি চৌকস দল শিবপুর গ্রামস্থ একটি ফিশারিতে অভিযান চালায়। সেখানকার মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করা এবং Facebook সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সময় ৭ জন পুরুষ ও ১ জন নারীকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২ জন নারীসহ ৬/৭ জন পালিয়ে যায়।

আটকদের হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোনগুলোর প্রাথমিক পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত শতাধিক অশ্লীল ভিডিও তাদের ফোনে সংরক্ষিত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরকাউয়া বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, সংঘর্ষের শঙ্কা; অস্ত্র নিয়ে দখলের অভিযোগ যুবদল নেতা মামুনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


চরকাউয়া বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা, সংঘর্ষের শঙ্কা; অস্ত্র নিয়ে দখলের অভিযোগ যুবদল নেতা মামুনের বিরুদ্ধে

বরিশাল নগরসংলগ্ন চরকাউয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও বাস মালিক সমিতির নেতৃত্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাস মালিক ও সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন খন্দকার গত শুক্রবার শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রসহ বাসস্ট্যান্ডে প্রবেশ করে দখল নেন। এ সময় বাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সেখান থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চরকাউয়া বাস মালিকদের সমন্বয়ে সাহাদাৎ হোসেনকে সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন যুবদল নেতা মামুন খন্দকার।
পরবর্তীতে মামুন খন্দকার নিজেকে সভাপতি করে নতুন একটি কমিটি গঠন করে তা এমপি মজিবর রহমান সরোয়ারের কাছে অনুমোদনের জন্য জমা দেন। তবে এমপি সরোয়ার ওই কমিটি অনুমোদন না দিয়ে উভয় পক্ষের সমন্বয়ে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেন। অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা উপেক্ষা করেই গত শুক্রবার বিকেলে মামুন খন্দকার শতাধিক নেতাকর্মী নিয়ে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেন।
বাস মালিক সমিতির পূর্বের সভাপতি সাহাদাৎ হোসেন দাবি করেন, তাদের কমিটিই এখনো বৈধ। তিনি বলেন, "কমিটি গঠনের এক বছর পরও অনুমোদনের আগেই সহ-সভাপতির মৃত্যু হয়। এরপর মামুন খন্দকার এমপির নাম ব্যবহার করে অবৈধভাবে নতুন কমিটি গঠন করেন।"
তিনি আরও অভিযোগ করেন, নতুন কমিটিতে এমন ব্যক্তিদের নাম রাখা হয়েছে, যারা নিজেরাই বিষয়টি জানেন না। এর মধ্যে বরিশালের রহমতপুর সাব-রেজিস্ট্রার অফিসের পেশকার আবু জাফরকে সহ-সাধারণ সম্পাদক এবং একটি ব্যাংকের কর্মকর্তা শফিকুল ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে।
সাহাদাৎ হোসেন বলেন, "মামুন খন্দকার শতাধিক বহিরাগত ও অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ে বাসস্ট্যান্ডে এসে আতঙ্ক সৃষ্টি করেন এবং আমাকে ও অন্য সদস্যদের জোরপূর্বক বের করে দেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।"
এদিকে সরকারি চাকরিজীবী হয়েও কীভাবে বাস মালিক সমিতির কমিটিতে নাম এসেছে—এ বিষয়ে জানতে চাইলে রহমতপুর সাব-রেজিস্ট্রার অফিসের পেশকার আবু জাফর বলেন, "চরকাউয়া রুটে আমার স্ত্রীর একটি বাস রয়েছে। আমি কোনো কমিটির সঙ্গে জড়িত নই। এমনকি কমিটি হয়েছে কি না, তাও জানি না।"
অন্যদিকে, নতুন কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আওলাদ হোসেন স্বপন বলেন, ৫ আগস্টের পর গঠিত পূর্বের কমিটি আয়-ব্যয়ের কোনো হিসাব দেয়নি। এ কারণে বাস মালিকরা নতুন কমিটি গঠন করে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ খুলনা শ্রম অধিদপ্তরে পাঠিয়েছেন।
বাসস্ট্যান্ড দখলের সময় অস্ত্রধারীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, "এম আওলাদ লঞ্চের মালিক আওলাদ হোসেনের ছোট ভাই ধলু খান লাইসেন্সধারী অস্ত্র নিয়ে সেখানে গিয়েছিলেন। তিনি প্রায়ই বাসস্ট্যান্ডে আসেন এবং সবার সঙ্গে বসেন।"
ধলু খান বাস মালিক সমিতির সদস্য কি না—এ প্রশ্নের জবাবে স্বপন বলেন, "তিনি বন্ধু হিসেবে সেখানে আসেন। পুলিশ প্রশাসনের সদস্যদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে।"
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা মামুন খন্দকার। তিনি বলেন, "৫ আগস্টের পর আমাকে যুগ্ম সম্পাদক করে একটি কমিটি করা হয়েছিল। কিন্তু ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করায় বাস মালিকরা তা প্রত্যাখ্যান করেন। পরে বাস মালিকরা আমাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করেন এবং সংসদ সদস্যের অনুমোদন নেন।"
অস্ত্রশস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড দখলের অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, "আমি বিএনপি, যুবদল, ছাত্রদল ও বাস মালিকদের নিয়ে সেখানে গিয়েছিলাম। আমাদের উপস্থিতি দেখে অন্যরা সরে যান।"
এ বিষয়ে সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার সাংবাদিকদের বলেন, "মামুন খন্দকারের পক্ষ আমার কাছে এসেছিল। খোঁজ নিয়ে জানতে পারি, কমিটিকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষ তৈরি হয়েছে। তাই আমি কোনো পক্ষের কমিটির সুপারিশ করিনি। উভয় পক্ষকে নিয়ে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলাম। এর আগেই বাসস্ট্যান্ড দখল করা মোটেই সমীচীন হয়নি।"
চরকাউয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট এই বিরোধের কারণে স্থানীয় পরিবহন খাত ও বাস মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%