০৩:১৯ পি.এম
ভারত-বাংলাদেশ সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) ১ হাজার একরের বেশি জমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। মে মাসে রাজ্যে নতুন সরকারের ক্ষমতায় আসার পর এই জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোস্টে উল্লেখ করেছেন, ‘জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সীমান্তকে শক্তিশালী করা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।’ ভারত-বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত করার প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রয়োজনীয় বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফের কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত ১৭২ দশমিক ৬ কিলোমিটারজুড়ে বিস্তৃত মোট ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হয়েছে।
মুখ্যমন্ত্রী কর্তৃক প্রদত্ত জেলাভিত্তিক তালিকা অনুসারে, সীমান্ত বেড়া নির্মাণের জন্য সবচেয়ে বেশি জমি মুর্শিদাবাদ জেলায় প্রদান করা হয়েছে, যা মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এই জেলায় ৪৫ দশমিক ৪ কিলোমিটার সীমান্তের জন্য বিএসএফকে দেওয়া হয়েছে ৩৩৭ একর জমি, যা মোট জমির হস্তান্তরের প্রায় ৩৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, যেখানে ৪২ দশমিক ৭ কিলোমিটারের জন্য ২৪১ দশমিক ০৩ একর জমি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা
অন্য জেলার মধ্যে কোচবিহারে ১৩৫ দশমিক ৩৩ একর, মালদহে ১৭৬ দশমিক ৭৮ একর, নদীয়ায় ৯৫ দশমিক ১১ একর, দক্ষিণ দিনাজপুরে ২৬ দশমিক ৪১ একর, দার্জিলিংয়ে ৪ দশমিক ৩১ একর, উত্তর দিনাজপুরে ৬ দশমিক ৬১ একর এবং জলপাইগুড়িতে ২ দশমিক ১৭ একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের নাগরিকদের জন্য একটি নিরাপদ ও সুনিশ্চিত পরিবেশ তৈরি করতে এই প্রকল্পগুলো দ্রুত সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল রয়েছি।’
২০১৫ সালে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয়েছিল, সে সময় ভারত ১০ হাজার একরের কিছু বেশি জমি বাংলাদেশকে ছেড়ে দেয়। তখন পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের পক্ষ থেকে এ নিয়ে নানা প্রশ্ন ও আপত্তি উঠেছিল। কিন্তু বর্তমান সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে পশ্চিমবঙ্গের বিপুল পরিমাণ কৌশলগত জমি প্রদান করা হলেও, এখন পর্যন্ত রাজ্যের নাগরিক সমাজ বা কোনো সংগঠনের পক্ষ থেকে বড় কোনো আপত্তি কিংবা প্রশ্ন তোলা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন