০১:০৩ এম
ভুল অভ্যাস এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দরুন মানুষ ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোকের মতো মারাত্মক দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হচ্ছে। রংপুর শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টার আয়োজিত এক বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে বিষয়টি তুলে ধরেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. মজিবুল হক।
ড. মজিবুল হক জানান, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে কীভাবে এসব রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবন নিশ্চিত করা যায়, তা জনসাধারণের মাঝে প্রকাশ করার উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. মজিবুল হক বলেন, বর্তমান বিশ্বে অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে, যার অন্যতম প্রধান কারণ অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করা। সুস্থ থাকার জন্য চিকিৎসার চেয়ে দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তনই বেশি জরুরি। প্রতিদিনের কিছু সাধারণ ভুল যেমন—দেরিতে ঘুম থেকে ওঠা, অতিরিক্ত শর্করাযুক্ত সকালের নাশতা গ্রহণ, সারাদিন বারবার খাওয়া, রাত জাগা এবং দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের বিপাকীয় ভারসাম্য নষ্ট করে ফেলে। তিনি চর্বি জাতীয় খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা ভেঙে বলেন, সব চর্বি ক্ষতিকর নয়; বরং মাছ, বাদাম ও অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্য অত্যন্ত উপকারী। তিনি ডুবো তেলে ভাজা খাবার, ট্রান্স ফ্যাট ও ফাস্টফুড পুরোপুরি পরিহারের পাশাপাশি এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন।
আরও পড়ুন: ‘নরেন্দ্র নামটাই ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে পাক প্রতিদ্বন্দ্বী; শুনলেন মোদি
ডায়াবেটিস ও হৃদরোগ প্রসঙ্গে অধ্যাপক ড. মজিবুল হক উল্লেখ করেন, টাইপ-২ ডায়াবেটিস মূলত ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ঘটে এবং তাই সাধারণত শুধুমাত্র ওষুধের মাধ্যমে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করাই যথেষ্ট নয়। বরং নিয়মিত ব্যায়াম, অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন এবং ওজন নিয়ন্ত্রণের দিকে নজর রাখতে হবে। এছাড়া হৃদরোগ ও কিডনির ক্ষতি থেকে বাঁচার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান এবং রাতে ১০টার মধ্যে ঘুমানোর অভ্যাস করা উচিত। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে মোবাইল বা টেলিভিশনের মতো ইলেকট্রনিক স্ক্রিন ব্যবহার বন্ধ রাখার বিষয়টিতে তিনি বিশেষ জোর দেন। দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা, প্রাকৃতিক চিকিৎসা, রিজেনারেটিভ থেরাপি এবং মানসিক প্রশান্তিকে প্রধান পাঁচটি ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
সেমিনারটির সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাকার রহমান এবং রংপুরের হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ।
অতিথিরা তাদের বক্তব্যে এই ধরনের বিজ্ঞানভিত্তিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে যখন শারীরিক নিষ্ক্রিয়তার কারণে রোগব্যাধি বাড়ছে, তখন মানুষের মধ্যে সঠিক স্বাস্থ্যজ্ঞান ছড়িয়ে দিতে এই সেমিনার একটি সময়োপযোগী ভূমিকা রাখবে। সেমিনারের শেষ অংশে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত প্রশ্নের বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত সমাধান দেন অধ্যাপক ড. মজিবুল হক।
আরও পড়ুন: মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ হাই পারফরম্যান্স এইচপি দল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন