০৮:৫৪ পি.এম
চাঁদপুর, ২৯ নভেম্বর, ২০২৬ : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুজব ও নাশকতা প্রতিরোধে জনগণের সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি উল্লেখ করেন, "সব দায়িত্ব সরকারের একার নয়, জনগণকেও সরকারকে সহযোগিতা করতে হবে, সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।"
আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: বনানী থানার আওয়ামী লীগ নেতা আতিক জামান গ্রেপ্তার
এমপি মানিক আরও বলেন, চরাঞ্চলে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়ানো প্রয়োজন। প্রতিদিন নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রেলওয়ে এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের অপতৎপরতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সড়কের পাশের বাড়িঘর ও দোকানপাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে।" ডিসেম্বর মাসকে সামনে রেখে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা যাবে না।
উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রসঙ্গে এমপি ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা অব্যাহত রাখার নির্দেশনা দেন, ইব্রাহীমপুর এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় জন্মনিবন্ধন সম্পন্ন করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার অভিযোগে এসআই শেখ জিয়াউর প্রত্যাহার
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন