০৯:০৬ পি.এম
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, দুই ভাই এবং এক সহযোগীকে পুলিশ আটক করেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং সহযোগী হিসেবে টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ সদস্যের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দিবাগত রাত ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ হোটেলটি ঘিরে ফেলে। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এক পর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
অভিযান শেষে উপকমিশনার সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেনÑএমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির পর পরিচয় নিশ্চিত করে চারজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রাজশাহী নগর ভবন সহ একাধীক স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন