০৮:৫৬ পি.এম
গোপালগঞ্জে সাধারণ মানুষ ও রোগীরা লকডাউনের কারণে গণপরিবহণ ও স্থানীয় যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন। জরুরি চিকিৎসা, ওষুধ সংগ্রহ কিংবা অসুস্থ স্বজনকে দেখতে গিয়ে তারা প্রতিনিয়ত নানা দুর্ভোগের শিকার হচ্ছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গুচ্ছগ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মুসলিমা বেগম জানান, গত ২২ নভেম্বর গোপালগঞ্জের কোট মসজিদ রোডের একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। লকডাউনের মধ্যেই সেলাই কাটার জন্য তাকে ক্লিনিকে যেতে হয়। কিন্তু অটো, রিকশা বা ভ্যান না পেয়ে বাধ্য হয়ে তিনি ৭০ বছর বয়সি মা সরু বেগম ও নবজাতককে নিয়ে পায়ে হেঁটে ক্লিনিকে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে আবারও একই কষ্টের মুখে পড়েন। কোনো উপায় না পেয়ে তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। পেটের সেলাই ছিঁড়ে যেতে পারে—এই ভয়ে হাত দিয়ে পেট চেপে ধরে হাঁটছিলেন তিনি। আর তার মা সরু বেগমের কোলে ছিল ৭ দিনের নবজাতক।
গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলার মানুষদেরও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনকে (৬৫) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে চিকিৎসকের ব্যবস্থাপত্র হাতে নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে কথা হলে তিনি জানান, তার স্ত্রী মমতাজ বেগম নিউমোনিয়ায় আক্রান্ত। মোল্লাহাটের কোনো ফার্মেসিতে স্ত্রীর জন্য প্রয়োজনীয় ‘মক্সিক্লাভ’ ইনজেকশন না পেয়ে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিচিত দোকানে কিনতে এসেছিলেন।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: ত্রাণমন্ত্রী দুলু
মোশারফ হোসেন বলেন, যানবাহন না চলায় মোল্লাহাট থেকে গোপালগঞ্জে আসতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে একটি ভ্যান ঠিক করে অনেক অনুরোধের পর পৌঁছাতে পেরেছি। হরতাল বা লকডাউনে আন্দোলনকারীদের রোগীদের বিষয়টি বিবেচনায় রেখে মানবিক হওয়া উচিত।
অন্যদিকে ভাইয়ের মেয়ের সিজারিয়ান অপারেশনের খবর পেয়ে তাকে দেখতে গোপালগঞ্জের একটি ক্লিনিকে এসেছিলেন বাগেরহাটের মোল্লাহাটের কাহালপুর গ্রামের গৃহবধূ ডলি বেগম। গোপালগঞ্জ জেলা পরিষদের সামনে কথা হলে তিনি জানান, লকডাউনের মধ্যে যানবাহন চলাচল না করায় কখনো পায়ে হেঁটে, আবার কখনো অটোরিকশা বা ভ্যানে ভেঙে ভেঙে অনেক কষ্টে গোপালগঞ্জে আসতে হয়েছে। বাড়ি ফেরার সময়ও একই অবস্থায় পড়েছেন।
তিনি বলেন, মেয়েকে দেখার পর বাধ্য হয়ে হেঁটে বাবার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। সামনে আরও ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অটো, রিকশা বা ভ্যান না পেলে পায়ে হেঁটেই ফিরতে হবে। কখন বাড়িতে পৌঁছতে পারব জানি না।
সব মিলিয়ে লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে বের হওয়া প্রসূতি মা, নবজাতক ও রোগীদের জন্য যাতায়াত ব্যবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: কমলগঞ্জে ১৮৪তম মহারাসলীলা উৎসব িত, ভোরে শেষ অনুষ্ঠান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন