ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

কে এই উদি নেকো, তার অদ্ভূত সাজের কারণ কী?


কে এই উদি নেকো, তার অদ্ভূত সাজের কারণ কী?

মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারির একজন সমর্থককে ঘিরে এখন ফুটবল বিশ্বের বিশাল আলোচনা চলছে। তিনি তুরস্কের সমর্থক নেচদেত ওলচেরমান, যিনি ‘উদি নেকো’ নামেই পরিচিত। বিশ্বকাপের একটি ম্যাচে তার অদ্ভুত সাজসজ্জার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

গত ১৪ জুন কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত তুরস্ক এবং অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে টেলিভিশন ক্যামেরায় তার অভিনব উপস্থিতি ধরা পড়ে। মুখজুড়ে কালো রঙ, সাদা রঙে রাঙানো চুল ও দাড়ি এবং চোখে সাদা লেন্স তাকে দেখে অনেক দর্শক প্রথমে বিস্মিত হয়ে যান। এর কয়েক মুহূর্তের মধ্যে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে জানা যায়, তার সাজ শুধুমাত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য ছিল না। হাঙ্গেরিয়ান গণমাধ্যম টেলেক্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের জনপ্রিয় ক্লাব বেসিকতাসের ঐতিহ্যবাহী কালো-সাদা রঙের প্রতি সম্মান জানাতেই তিনি এই বিশেষ রূপ ধারণ করেছিলেন। একই সঙ্গে, এটি ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের শক্তি, ধৈর্য ও অদম্য মানসিকতারও প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন

দীর্ঘ সময় ধরে তুরস্ক জাতীয় দল এবং বেসিকতাসের নিবেদিতপ্রাণ একজন সমর্থক হিসেবে পরিচিত নেচদেত ওলচেরমান। দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবল ম্যাচেই তাকে গ্যালারিতে উপস্থিত দেখা যায়। তার ফুটবলপ্রেম এতটাই গভীর যে বেসিকতাস ক্লাবের পক্ষ থেকে তিনি একাধিকবার সম্মাননা পেয়েছেন বলেও জানা গেছে।

‘উদি নেকো’ নামটির পেছনেও রয়েছে বিশেষ গুরুত্ব। ‘নেকো’ এসেছে তার নাম নেচদেতের সংক্ষিপ্ত রূপ থেকে, এবং ‘উদি’ শব্দটি তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ এর সঙ্গে একটি সাংস্কৃতিক পরিচয়ের ইঙ্গিত বহন করে।

ফুটবল অঙ্গনের পরিচিত মুখ হলেও তিনি পেশাগত জীবনে একজন সফল জুয়েলারি ব্যবসায়ী। অতীতে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। কিন্তু গ্যালারিতে উপস্থিত হলে তিনি যেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে রূপান্তরিত হন, যা তাকে অন্য সমর্থকদের থেকে আলাদা করে তোলে।

অন্যদিকে, বিশ্বকাপে তুরস্কের পারফরম্যান্স খুবই হতাশাজনক হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে ও পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে, ফলে দলের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি এখন অনেকটাই নিয়মরক্ষার বিষয়।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তবে দল যখন ব্যর্থতার দিকে যাচ্ছে, তখনো বিশ্বকাপের গ্যালারিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভাইরাল সমর্থক ‘উদি নেকো’, যার অদ্ভুত সাজ এবং অনন্য ফুটবলপ্রেম অসংখ্য দর্শককে মুগ্ধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেঁচে ফেরাদের বর্ণনায় ভূমিকম্পের ভয়াবহতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


বেঁচে ফেরাদের বর্ণনায় ভূমিকম্পের ভয়াবহতা

ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি পরপর ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

রাজধানী কারাকাসের ২৫ বছর বয়সি বাসিন্দা লুইস আলেহান্দ্রো রুইজ গার্সিয়া ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তিনি তাঁর ভূমিকম্পের মুহূর্তের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোর একটি পার করেছি।’

আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে রুইজ গার্সিয়া জানান, প্রথম কম্পন অনুভূত হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি গুগলের ভূমিকম্প সতর্কবার্তা পান। এরপর প্রবল কাঁপুনি শুরু হয়।

তিনি বলেন, ‘চারপাশে জিনিসপত্র পড়ে যেতে শুরু করে। আমি আমার ঘরের একটি দেয়ালে ফাটল ধরতে দেখেছি। আমার মনে হয়, এটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি। এতটা ভয় আমি আগে কখনও পাইনি।’

ভূমিকম্পের সময়ের শব্দকে বিমানের টারবাইনের গর্জনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কম্পন শুরু হতেই তিনি ও তার পরিবারের সদস্যরা দ্রুত ভবন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে বাইরে বের হওয়ার পর তাদের সামনে আরও ভয়াবহ দৃশ্য উন্মোচিত হয়।

রুইজ গার্সিয়া বলেন, ‘আমি যখন আমার দাদিকে আনতে যাচ্ছিলাম, তখন রাস্তার ওপারের ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দেশের ছবির মতো লাগছিল। দেয়াল ভেঙে পড়েছিল, লোহার গ্রিলগুলো ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। আর ধ্বংসস্তূপের ভেতর থেকে ধাক্কাধাক্কির শব্দ ও মানুষের চিৎকার-আর্তনাদ শোনা যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘ধীরে ধীরে ভিডিও ও বিভিন্ন তথ্য সামনে আসছে, আর প্রতিটি নতুন ছবি আগেরটির চেয়ে ভয়াবহ। সত্যি বলতে, আজকের দিনটি ভেনেজুয়েলার জন্য এক ভয়ঙ্কর ও অন্ধকার দিন। এমন কিছু মুহূর্ত থাকে, যা একজন মানুষের জীবনে চিরস্থায়ী ছাপ রেখে যায়। এটি ঠিক তেমনই একটি মুহূর্ত।’

ভূমিকম্পের সময় অনেক মানুষ নিজ নিজ বাসায় ছিলেন। কারণ, এদিন দেশটিতে সরকারি ছুটি ছিল। ১৮২১ সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ বিজয়ের স্মরণে জাতীয় ছুটি পালন করা হচ্ছিল।

পশ্চিম কারাকাসের ৪১ বছর বয়সি বিজ্ঞাপনকর্মী অ্যাস্ট্রিড রামিরেজ বলেন, ‘কম্পন শুরু হলে আমি চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই। সবাই আতঙ্কে সিঁড়ি বেয়ে নিচে নামছিল।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনগুলো দুলতে শুরু করলে তারা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

পূর্ব কারাকাসের বাসিন্দা ৫৬ বছর বয়সি কোরো মার্টিনেজ বলেন, ‘হঠাৎ করেই খুব জোরে বিকট শব্দ হলো। ঘরের ভেতরের অনেক জিনিস পড়ে যায়। এমনকি ফ্রিজের ভেতরে থাকা জগগুলোও ছিটকে পড়ে। জীবনে এর আগে আমি এমন কিছু কখনও দেখিনি।’

বাসিন্দাদের বর্ণনায় উঠে এসেছে আতঙ্ক, চিৎকার আর প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠা কারাকাসে এখনও অনেক মানুষ ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। উদ্ধার ও ক্ষয়ক্ষতির হিসাব চলতে থাকায় শহরজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকা আহ্বান জানানো হয়েছে।

৪২ বছরের দোকান মালিক হেইডি রোমেরো ভূমিকম্পের সময় একটি শপিং সেন্টারের সর্বোচ্চ তলায় ছিলেন। তিনি বলেন, ‘ঘটনাটি ছিল অবিশ্বাস্য। কম্পন কতক্ষণ স্থায়ী ছিল, সেটাও আমি বলতে পারব না।’

বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, ভবনটি কাঁপতে শুরু করলে সেখানে থাকা মানুষজনকে জরুরি সিঁড়ি ব্যবহার করে দ্রুত নিচে নামানো হয়। ‘আমরা জরুরি সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসি। এভাবেই আমাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল,’ বলেন তিনি।

অন্যদিকে ৬৯ বছর বয়সি কারমেন গুয়েদেজ ভূমিকম্পের সময় তাঁর শয্যাশায়ী বোনের সঙ্গে একই কক্ষে ছিলেন। তিনি জানান, ‘কম্পন শুরুতে হালকা মনে হলেও দ্রুত পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

‘কম্পন ক্রমেই শক্তিশালী হচ্ছিল,’ বলেন তিনি। ‘প্রথমে জানালাগুলো কাঁপতে দেখলাম, এরপর পুরো ঘর এবং চারপাশের সবকিছু কাঁপতে শুরু করল।’

প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে স্পষ্ট, পরপর আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কারাকাসের মানুষ চরম আতঙ্কের মধ্যে পড়েছিল। অনেকেই ভবন ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন এবং দীর্ঘ সময় ঘরে ফিরতে সাহস পাননি।

ভেনেজুয়েলায় সাম্প্রতিক এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন এবং দেশজুড়ে শোক ও উদ্বেগের আবহ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নিয়মে ভারতের পর্যটন ভিসার আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


নতুন নিয়মে ভারতের পর্যটন ভিসার আবেদন করবেন যেভাবে

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর, অবশেষে বাংলাদেশের জন্য আবার চালু হবে ভারতের পর্যটন ভিসা। আগামী ২৮ জুন থেকে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ভিসাকে দেওয়ার কার্যক্রম শুরু করবে। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। তবে এবার ভিসা আবেদনের প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) কাগজপত্র জমা দেওয়ার অন্তত এক দিন আগে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। দেশের ৫টি কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এই পর্যটন ভিসার আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপ হলো অনলাইনে ফরম পূরণ করা। আবেদনকারীকে প্রথমে ভারতীয় ভিসার অফিশিয়াল ওয়েবসাইটে (https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration) প্রবেশ করে নিখুঁতভাবে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণের পর সেটিকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে হবে। এরপর শুরু হবে নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা হলো অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং।

পরবর্তী কার্যদিবসে কাগজপত্র জমা দেওয়ার জন্য আগের কার্যদিবসেই অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে আইভ্যাকের নির্ধারিত পোর্টালে (https://appointment.ivacbd.com) সাইন-আপ করতে হবে এবং ডাউনলোড করা মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ ফাইলটি আপলোড করতে হবে। মনে রাখতে হবে, আপলোড করা ফাইলটি যেন ৩০ দিনের বেশি পুরোনো না হয় এবং কোনো ধরনের সম্পাদিত বা বিকৃত ফাইল আপলোড করলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে যারা সফলভাবে ফাইল আপলোড করবেন, কেবল তারাই অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন।

সাইন-আপ করার সময় ভিসার আবেদনপত্রে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিতে হবে। এর পর আবেদনকারীর মোবাইল ও ইমেইলে দুটি পৃথক ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলের ওটিপি সাবমিট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন-আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সাইন-আপ সম্পন্ন হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে আবার একটি ওটিপি আসবে, যা দিয়ে মূল অ্যাপয়েন্টমেন্ট পাতায় প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে পুনরায় লগইন করতে হবে। তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য একটি নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট সময় দেখাবে। আবেদনকারী চাইলে সেই সময়টি একবার পরিবর্তন করার সুযোগ পাবেন। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনেই ১ হাজার ৫০০ টাকা ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ফি না থাকলেও আইভ্যাকের এই প্রক্রিয়াকরণ চার্জ বাধ্যতামূলক।

ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার সময় বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনকারীর মূল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকা আবশ্যক। পাসপোর্টের প্রথম ৪ পাতার কপির পাশাপাশি সব পুরোনো পাসপোর্টও সঙ্গে দিতে হবে, অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে গণ্য হবে। এছাড়া ৩ মাসের মধ্যে তোলা ২×২ ইঞ্চি সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি এবং আবাসন প্রমাণ হিসেবে ৬ মাসের কম পুরোনো ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে।

পেশার প্রমাণ হিসেবে চাকরিজীবীদের জন্য এনওসি বা কর্মস্থলের চিঠি, শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রতি আবেদনের সঙ্গে ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত ব্যালেন্সসহ হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে এবং সেই অনুযায়ী আইভ্যাক থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিডিয়া খাতে সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


মিডিয়া খাতে সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা চুক্তি

চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানদের সঙ্গে বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের সরকার পক্ষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা হয়।

স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ এবং চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে বলে জানা গেছে।

এই সমঝোতা স্মারকগুলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত মঙ্গলবার (২৩ জুন) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শুক্রবার (২৬ জুন) রাতে প্রতিনিধিদলসহ দেশে ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


কলকাতায় গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

দক্ষিণ কলকাতার তারাতলায় নির্মাণাধীন একটি গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

এ দুর্ঘটনা বুধবার (২৪ জুন) ঘটেছিল এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, আরও হতাহতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুর্ঘটনাস্থলে বৃহৎ আকারের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধারকাজে সক্রিয় অংশগ্রহণ করেছেন।

ভয়াবহ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন কলকাতা পুলিশ। পুলিশ গুদামঘর নির্মাণকারী বেহারা গ্রুপের কর্ণধার শম্ভু বেহারাকে গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, শ্রমিক সরবরাহকারী মোহাম্মদ আতাউল ও সুভাষ চৌধুরীকে। নির্মাণকাজের মূল ঠিকাদার মোহাম্মদ আসগরের ভূমিকা নিয়েও পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।

দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেখানে উদ্ধারকাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। রাজ্যের কয়েকজন মন্ত্রীও অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, দুর্ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন এবং পরে সেখানে দ্রুত এনডিআরএফ মোতায়েন হয়।

মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্যে দাবি করেন যে, চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই ভবনটির নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। তিনি সাবেক তৃণমূল সরকারকে সরাসরি দায়ী করেন এবং বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্মাণ পরিকল্পনায় যাদের স্বাক্ষর রয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সবার বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিহতদের মধ্যে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কৃষ্ণা চৌধুরী এবং জগদ্দলের পাপ্পু রজক রয়েছেন। নিহতদের স্বজনেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%