ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

নতুন নিয়মে ভারতের পর্যটন ভিসার আবেদন করবেন যেভাবে


নতুন নিয়মে ভারতের পর্যটন ভিসার আবেদন করবেন যেভাবে

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর, অবশেষে বাংলাদেশের জন্য আবার চালু হবে ভারতের পর্যটন ভিসা। আগামী ২৮ জুন থেকে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ভিসাকে দেওয়ার কার্যক্রম শুরু করবে। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। তবে এবার ভিসা আবেদনের প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) কাগজপত্র জমা দেওয়ার অন্তত এক দিন আগে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। দেশের ৫টি কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় এই পর্যটন ভিসার আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপ হলো অনলাইনে ফরম পূরণ করা। আবেদনকারীকে প্রথমে ভারতীয় ভিসার অফিশিয়াল ওয়েবসাইটে (https://indianvisa-bangladesh.nic.in/visa/Registration) প্রবেশ করে নিখুঁতভাবে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণের পর সেটিকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে হবে। এরপর শুরু হবে নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা হলো অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং।

আরও পড়ুন: বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

পরবর্তী কার্যদিবসে কাগজপত্র জমা দেওয়ার জন্য আগের কার্যদিবসেই অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে আইভ্যাকের নির্ধারিত পোর্টালে (https://appointment.ivacbd.com) সাইন-আপ করতে হবে এবং ডাউনলোড করা মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ ফাইলটি আপলোড করতে হবে। মনে রাখতে হবে, আপলোড করা ফাইলটি যেন ৩০ দিনের বেশি পুরোনো না হয় এবং কোনো ধরনের সম্পাদিত বা বিকৃত ফাইল আপলোড করলে আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে যারা সফলভাবে ফাইল আপলোড করবেন, কেবল তারাই অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন।

সাইন-আপ করার সময় ভিসার আবেদনপত্রে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিতে হবে। এর পর আবেদনকারীর মোবাইল ও ইমেইলে দুটি পৃথক ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলের ওটিপি সাবমিট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন শেষে ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন-আপ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সাইন-আপ সম্পন্ন হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগইন করতে হবে। লগইন করার পর মোবাইলে আবার একটি ওটিপি আসবে, যা দিয়ে মূল অ্যাপয়েন্টমেন্ট পাতায় প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত হলে পুনরায় লগইন করতে হবে। তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য একটি নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট সময় দেখাবে। আবেদনকারী চাইলে সেই সময়টি একবার পরিবর্তন করার সুযোগ পাবেন। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনেই ১ হাজার ৫০০ টাকা ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ফি না থাকলেও আইভ্যাকের এই প্রক্রিয়াকরণ চার্জ বাধ্যতামূলক।

ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার সময় বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনকারীর মূল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকা আবশ্যক। পাসপোর্টের প্রথম ৪ পাতার কপির পাশাপাশি সব পুরোনো পাসপোর্টও সঙ্গে দিতে হবে, অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে গণ্য হবে। এছাড়া ৩ মাসের মধ্যে তোলা ২×২ ইঞ্চি সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি এবং আবাসন প্রমাণ হিসেবে ৬ মাসের কম পুরোনো ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে।

আরও পড়ুন: বৃন্দাবন কলেজ থেকে গুণীজন তৈরি হয়েছে: হুইপ গউছ

পেশার প্রমাণ হিসেবে চাকরিজীবীদের জন্য এনওসি বা কর্মস্থলের চিঠি, শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স লাগবে। আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রতি আবেদনের সঙ্গে ১৫০ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এনডোর্স বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা পর্যাপ্ত ব্যালেন্সসহ হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠিয়ে জানানো হবে এবং সেই অনুযায়ী আইভ্যাক থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিডিয়া খাতে সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


মিডিয়া খাতে সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা চুক্তি

চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রধানদের সঙ্গে বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের সরকার পক্ষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা হয়।

স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ এবং চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে বলে জানা গেছে।

এই সমঝোতা স্মারকগুলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত মঙ্গলবার (২৩ জুন) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শুক্রবার (২৬ জুন) রাতে প্রতিনিধিদলসহ দেশে ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতায় গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


কলকাতায় গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

দক্ষিণ কলকাতার তারাতলায় নির্মাণাধীন একটি গুদামঘরের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

এ দুর্ঘটনা বুধবার (২৪ জুন) ঘটেছিল এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, আরও হতাহতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুর্ঘটনাস্থলে বৃহৎ আকারের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধারকাজে সক্রিয় অংশগ্রহণ করেছেন।

ভয়াবহ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন কলকাতা পুলিশ। পুলিশ গুদামঘর নির্মাণকারী বেহারা গ্রুপের কর্ণধার শম্ভু বেহারাকে গ্রেপ্তার করে। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, শ্রমিক সরবরাহকারী মোহাম্মদ আতাউল ও সুভাষ চৌধুরীকে। নির্মাণকাজের মূল ঠিকাদার মোহাম্মদ আসগরের ভূমিকা নিয়েও পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।

দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেখানে উদ্ধারকাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। রাজ্যের কয়েকজন মন্ত্রীও অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি জানান, দুর্ঘটনার মাত্র ৩০ মিনিটের মধ্যে উদ্ধারকাজ শুরু হয়। প্রথমে পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন এবং পরে সেখানে দ্রুত এনডিআরএফ মোতায়েন হয়।

মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্যে দাবি করেন যে, চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই ভবনটির নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। তিনি সাবেক তৃণমূল সরকারকে সরাসরি দায়ী করেন এবং বলেন, এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্মাণ পরিকল্পনায় যাদের স্বাক্ষর রয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সবার বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নিহতদের মধ্যে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কৃষ্ণা চৌধুরী এবং জগদ্দলের পাপ্পু রজক রয়েছেন। নিহতদের স্বজনেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভ-ওয়ারশ বিবাদের ছায়ায় ইউক্রেন পুনর্গঠন শীর্ষ সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


কিয়েভ-ওয়ারশ বিবাদের ছায়ায় ইউক্রেন পুনর্গঠন শীর্ষ সম্মেলন শুরু

যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনর্গঠন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন বৃহস্পতিবার পোল্যান্ডে শুরু হচ্ছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে অংশ নিচ্ছেন না, কারণ ওয়ারশর সঙ্গে তাদের কূটনৈতিক বিরোধ রয়েছে।

রাশিয়ার হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইউক্রেনের কয়েক শত কোটি ডলার প্রয়োজন। এই অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক বিনিয়োগের সমর্থন জোরদারের চেষ্টা করছে কিয়েভ।

পোল্যান্ডের গদানস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

তবে সম্মেলনটি নিষ্ফল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশদের হত্যাযজ্ঞে জড়িত একটি বিদ্রোহী গোষ্ঠীর নামকরণের কারণে ইউক্রেনের বিরুদ্ধে বিরোধ সৃষ্টি হয়েছে।

গদানস্কে অনুষ্ঠিত সম্মেলনে পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া এবং সুইডেনের নেতারা অংশ নেবেন। এর পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তাওও উপস্থিত থাকবেন।

যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনে বিনিয়োগের জন্য ব্যবসায়ী ও দেশগুলোকে উৎসাহিত করা সম্মেলনের মূল লক্ষ্য।

গত কয়েক বছরে জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনীয় প্রতিনিধিদল অংশ নিলেও এবার দেশটির প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভরদেঙ্কো।

ইউক্রেন, বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউক্রেন পুনর্গঠনে ৫৮৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের আলোচনায় কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এর ফলে ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ সমর্থন পাওয়া কঠিন হয়ে উঠেছে।

যদিও সিভরিদেঙ্কো বলেছেন, তার দেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করার পরিকল্পনা করছে। বিশেষ করে, জ্বালানি খাতকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

-‘অপ্রয়োজনীয় রাজনীতিকরণ’-

এবার ইউক্রেনে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি প্রথমবারের মতো নিরাপত্তা সক্ষমতা নিয়েও আলোচনা হবে।

ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরোর ঋণ অনুমোদন করেছে, যার অধিকাংশই প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য নির্ধারিত।

কিন্তু কিয়েভের সেন্টার ফর ইকোনমিক স্ট্র্যাটেজির পরিচালক গ্লিব ভিশলিনস্কি বলেন, ‘পুনর্গঠন প্রক্রিয়া ছাড়া ইউক্রেনের পক্ষে দেশ রক্ষা করা অসম্ভব হবে।’ তিনি বলেন, ‘ইউক্রেনের যারা কর দেন এবং সামরিক বাহিনীকে সমর্থন করেন, তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ সেবা ও আবাসনের ব্যবস্থা করতে হবে।’

যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় বিপুল ব্যয়ের মাধ্যমে দেশটি টিকে থাকতে বাইরের অর্থায়নের ওপর নির্ভর শীল।

জেলেনস্কির সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে পোল্যান্ডের জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির সঙ্গে বিরোধ। নাভরোৎস্কি ইউক্রেনীয় নেতার দেয়া একটি রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাহার করেছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে মতবিরোধে থাকা নাভরোকি, ইউক্রেনীয় বিদ্রোহী সেনাবাহিনী (ইউপিএ)'র নামকরণের কারণে জেলেনস্কির পদক্ষেপে ক্ষুব্ধ হন।

১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ভলিনিয়া অঞ্চলে ইউপিএ কয়েক হাজার পোলিশ বেসামরিক মানুষকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলটি পোল্যান্ডের অংশ ছিল।

তবে ইউক্রেনের কিছু মানুষ ইউপিএকে শ্রদ্ধার চোখে দেখে, কারণ তাদের মতে এই সংগঠনটি ইউক্রেন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নাৎসি ও সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল।

ইউপিএর মর্যাদা এবং সংগঠনটির নেতাদের স্মৃতিস্তম্ভ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে দুই মিত্র ও প্রতিবেশী দেশের সম্পর্কের ওপর ছায়া ফেলেছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখি বুধবার বলেন, কিয়েভ আশা করছে এই বিরোধ সম্মেলনকে ক্ষতিগ্রস্ত করবে না। তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক আয়োজনের অপ্রয়োজনীয় রাজনীতিকরণ এড়িয়ে ইউক্রেনের পক্ষ থেকে বাস্তবধর্মী ও কার্যকর সিদ্ধান্তের দিকে মনোযোগ দিতে চাইছে কিয়েভ।’

জাতীয়তাবাদী প্রেসিডেন্ট ও ডানপন্থী বিরোধীদের থেকে নিজেকে দূরে রেখে ইউরোপপন্থী প্রেসিডেন্ট টাস্ক বলেন, তিনি আশা করছেন সম্মেলনটি ‘এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ বা আবেগপূর্ণ উত্তেজনা কমানোর একটি উপায়’ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কের উন্নয়নে কাজ করা হচ্ছে : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কের উন্নয়নে কাজ করা হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় ছিল। সিটি কর্পোরেশন সড়ক উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এই উন্নয়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার, নগরীর ৩৫ নম্বর বক্সিরহাটের শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব বিষয় তুলে ধরেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়নের অভাবে এলাকার মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। সড়কের উন্নয়ন কাজ শুরু করার মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন সাধনের উদ্দেশ্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি উন্নত নগরীর জন্য কার্যকর যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। সড়ক উন্নয়নের ফলে যাতায়াতের সুবিধা বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটে। এ কারণেই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সিটি কর্পোরেশন কাজ করে চলেছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ থেকে কর্মকর্তারা, রাজনৈতিক নেতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%