ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ময়মনসিংহে ২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন


ময়মনসিংহে ২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতের একটি অবিশ্বাস্য চিত্র প্রকাশিত হয়েছে। দক্ষিণ গফরগাঁওয়ের ‘চারবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ’-এ কর্মরত ২৪ জন শিক্ষক একত্রে মাত্র ৩৪ জন শিক্ষার্থীকে পাঠদান করেছেন। শিক্ষকের সংখ্যা শিক্ষার্থীর অর্ধেকেরও কম হওয়ার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন মাত্র চারজন। ফলে, প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। আগের বছরও এই প্রতিষ্ঠান থেকে পাস করেছিলেন মাত্র একজন শিক্ষার্থী।

গত শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্যটি সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০৭ সালের ১৫ আগস্ট দক্ষিণ গফরগাঁওয়ের চারবাড়ীয়া এলাকায় ‘দি ফাদার অব দি ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভঃ স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০২১ সালের ২৯ জুন এটি সরকারি করা হয়। বর্তমানে কলেজ শাখায় ২৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে ৩৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় বাসিন্দা এনামুল হক, রাসেল মিয়া ও মাহমুদুল হকসহ অনেকের অভিযোগ, একসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচালিত হতো। দলীয় মিছিল-মিটিংয়ে অংশ না নিলে শিক্ষার্থী ও স্থানীয়দের ধরে এনে এই প্রতিষ্ঠানে মারধরসহ নানামুখী নির্যাতন চালানো হতো। তাদের দাবি, এটি মূলত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, বরং একটি রাজনৈতিক ‘টর্চার সেল’।

আরও পড়ুন: শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,

তৎকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কলেজটির অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গোয়ালঘরসদৃশ এমন একটি প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় সরকারি হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, যোগ্যতার তোয়াক্কা না করে নামমাত্র প্রক্রিয়ায় হাতে গোনা কয়েকজন শিক্ষক বাদে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরই এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাও এই কলেজে শিক্ষকতা করছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপটে যুবলীগ নেতা প্রভাষক কামরুল ইসলাম, আশরাফুল আলম, মেহেদি হাসান রাসেল এবং উপজেলা যুবলীগের সভাপতির ভাই অফিস সহকারী পারভেজসহ অনেকেই পলাতক রয়েছেন।

তবে অভিযোগ উঠেছে, পলাতক থাকা সত্ত্বেও ওই শিক্ষকদের হাজিরা খাতায় অন্য শিক্ষকেরা প্রতিদিন প্রক্সি (বিকল্প) স্বাক্ষর দিয়ে আসছেন। এর ফলে, কর্মস্থলে উপস্থিত না থেকেও তারা নিয়মিত বেতন-ভাতা তুলছেন। সার্বিক অব্যবস্থাপনার কারণে কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে না, আবার কিছু প্রভাষকের নিজ পদের বিপরীতে সংশ্লিষ্ট বিষয়ে কোনো শিক্ষার্থীই নেই।

এ বিষয়ে বক্তব্য নিতে চারবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (স্কুল ও কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত) ইসরাত জাহান ফরিদা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে, এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: গৌরীপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত, সতর্ক থাকার আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ এম


মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১

রাজধানীর মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এজেআর কুরিয়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কুরিয়ার সার্ভিসের বিভিন্ন শাখার সামনে একটি চক্র এই বিস্ফোরণ ঘটাচ্ছে। চক্রটিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পল্লবী থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ আল ফাহিম ও আব্দুল্লাহ আল হাসিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ এম


যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ আল ফাহিম ও আব্দুল্লাহ আল হাসিব

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৭ মেয়াদের জন্য গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।

সোমবার (২ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ রাফিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়। এই কমিটি আগামী এক বছর সংগঠনটির সাংগঠনিক ও আলোকচিত্রবিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার হোসেন সানি ও রবিউল ইসলাম শিমুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম ও অপূর্ব দেবনাথ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন ইবনে করিম সামি ও মোছা. আরিফুন নাহার অর্নি। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অরিত্র বিশ্বাস এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন প্রাপ্তি দেবনাথ।

এছাড়া ক্রিয়েটিভ টিমের প্রধান হিসেবে সাজ্জাদ হোসাইন রুপম, অফিস সম্পাদক হিসেবে মো. নূর হাসান সায়েম ও উম্মে মারিয়াম জেবা, ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মাইশা ফাহমিদা বিভা, জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে সিয়াম মিনহাজ এবং সহকারী জনসংযোগ প্রধান হিসেবে হাসান ইবনে নূর দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আইটি বিভাগের প্রধান হয়েছেন মোবাশশির খান মাহিন, মিডিয়া ও প্রকাশনা বিভাগের প্রধান মুশফিকুর রহমান, সিনে-উইংয়ের প্রধান সিমান্ত বিশ্বাস এবং সহকারী সিনে-উইং প্রধান হয়েছেন লিখন রুবায়েত। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ঐশী বিশ্বাস, শান্তনু ঢালী, মায়মুনা ইসলাম রত্না ও মতিউর রহমান খান।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম মন্তব্য করেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নয়। এটি একটি বিশ্বজনীন ভাষা। আপনি পৃথিবীর যে দেশের নাগরিকই হোন না কেন, যে ভাষাতেই কথা বলুন না কেন, একটি ছবির ভাষা বুঝতে সাধারণত কোনো অসুবিধা হয় না। ছবির ভাষা সবাই সহজেই বুঝতে পারলেও সেই ভাষায় কথা বলতে পারেন বা আগ্রহ দেখান খুব কম মানুষই।’

তিনি আরও বলেন, ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীদের ফটোগ্রাফির দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ, ফটোওয়াক, জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আলোকচিত্রের মাধ্যমে বিশ্বকে নতুনভাবে দেখানোর উদ্দেশ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নতুন কমিটি একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের নিরাপত্তায় বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের দুই দিন অনলাইন ক্লাসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ এম


শিক্ষার্থীদের নিরাপত্তায় বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের দুই দিন অনলাইন ক্লাসের দাবি

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্ম আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রকাশ করা হয়, যেখানে এই দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, টানা তিন দিন ধরে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে হচ্ছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের পদ্মা ভবনে বহিরাগতদের হামলার ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের অভাবের কারণে প্ল্যাটফর্মটি হতাশা প্রকাশ করেছে।

এদিকে, মিরপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, মিরপুর ১০, ১১, ১১.৫ ও ১২ নম্বর এলাকায় চলমান বিক্ষোভ, হামলা ও সংঘর্ষের কারণে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের ব্যবহারে কয়েকজন শিক্ষার্থী সাময়িকভাবে আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে প্ল্যাটফর্মটি। বর্তমান পরিস্থিতিতে সে ধরনের পদক্ষেপের অভাব হতাশাজনক বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল হলে এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত হলে সশরীরে ক্লাস পুনরায় চালুর আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক বিবেচনার ঊর্ধ্বে। নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা যায় না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ এম


অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য জীবন

দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সামাজিক খেদমতে এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন।

ড. ইয়াহইয়া রহমানের জীবনী অনুসারে, তিনি ১৯৪৯ সালের ফেব্রুয়ারি মাসে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন গোলাখালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাফেজ সুলতান উদ্দিন সরদার এবং মাতা মরহুমা আমিনা সুলতানা। তিনি সাত সন্তানের মধ্যে সবার বড় (পাঁচ ভাই, দুই বোন) ছিলেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত, শান্ত স্বভাব, পরোপকারী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

১৯৬১ সালে তিনি সাতক্ষীরা জেলার বন্দরকাঠি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও পরবর্তীতে ১৯৬৫ ও ১৯৬৭ সালে আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও ফাযিল পরীক্ষায় উত্তীর্ণ হন। আলিম পরীক্ষায় তিনি মাদ্রাসা বোর্ডে ১২তম স্থান অধিকার করেন এবং বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৬৯ সালে তিনি স্বনামধন্য শর্ষিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় (হাদীস বিভাগ থেকে) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং ষষ্ঠ স্থান অধিকার করেন। ১৯৭২ সালে একই মাদ্রাসা থেকে আবার কামিল পরীক্ষায় (ফিকহ বিভাগ থেকে) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং চতুর্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি আবারও কৃতিত্বের সাথে সরকারী আলিয়া মাদ্রাসা ঢাকা থেকে কামিল পরীক্ষায় (তাফসির বিভাগ থেকে) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং 'কামিল ট্রিপল' সম্পন্ন করেন।

মাদ্রাসা শিক্ষার পাশাপাশি ১৯৭১ সালে তিনি সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তৎকালীন সময়ে পাবলিক পরীক্ষায় প্রচুর নকলের প্রচলন থাকলেও পুরো পরীক্ষা কেন্দ্রে ড. ইয়াহইয়ার রহমান ছিলেন একমাত্র ব্যতিক্রম। নিজের আগ্রহ ও যোগ্যতায় তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন, মেধার সাক্ষ্যর রাখেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন, যা শিক্ষকমন্ডলী ও অবশিষ্ট পরীক্ষার্থীদের দৃষ্টি আকৃষ্ট করে।

শর্ষিনা মাদ্রাসায় শিক্ষক থাকা অবস্থায় তিনি শিক্ষকতার চাকুরি ছেড়ে ঢাকায় গমন করেন এবং আবার পড়াশোনা শুরু করেন। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং বৃত্তিপ্রাপ্ত হন। একই বিভাগ থেকে ১৯৭৫ সালে তিনি মাস্টার্সে (থিসিস গ্রুপে) প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং কলা অনুষদে প্রথম (ফ্যাকাল্টি ফার্স্ট) হন। পরবর্তী বছর ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণীতে পঞ্চম স্থান অধিকার করেন ও বৃত্তিপ্রাপ্ত হন।

১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধীনে প্রফেসর ড. মোহাম্মাদ এছহাকের তত্ত্বাবধানে এমফিল ডিগ্রী সমাপ্ত করেন। এরপর সৌদি আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 'এরাবিক এক্সপার্ট' হিসেবে রিয়াদ গমন করেন। সেখানে পূর্ণকালীন চাকুরির পাশাপাশি তিনি পড়ালেখা ও গবেষণা কর্মে মনোনিবেশ করেন। যার ফলে ১৯৮৪ সালে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন এরাবিকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান স্যারের তত্ত্বাবধায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।

ড. ইয়াহইয়ার রহমানের কর্মজীবন শুরু হয় ছাত্র থাকাকালীন সময়েই। ১৯৬৯ সালে কামিল পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই তিনি মাদারীপুর আহমাদিয়া আলিয়া কামিল মাদ্রাসায় তৃতীয় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। এক বছর সেখানে শিক্ষকতার পর শর্ষিনা মাদ্রাসায় ফিরে তিনি সিনিয়র মুহাদ্দিস হিসেবে ১৯৭০ থেকে ১৯৭২ পর্যন্ত পাঠদান করেন। পরবর্তীতে ঢাকায় ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সমাপ্ত করে ১৯৭৮ সালে সরকারি কারমাইকেল কলেজ, রংপুরে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর ১৯৭৯ সালে সরকারি কবি নজরুল কলেজ, ঢাকাতে লেকচারার হিসেবে যোগদান করেন এবং দুই বছর শিক্ষকতা করেন।

১৯৮১ সালে বাংলাদেশের সরকারী চাকুরি (বিসিএস শিক্ষা ক্যাডার) থেকে ইস্তফা দিয়ে সৌদি আরব সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'এরাবিক এক্সপার্ট' হিসাবে রিয়াদ গমন করেন এবং সেখানে আট বছর অবস্থান করেন। সৌদি আরবে থাকাকালীন সময়ে বাংলাদেশি কমিউনিটির মাঝে নিয়মিত তাফসির পরিচালনা করতেন এবং সৌদি সরকার ও জনগণের নিকট বাংলাদেশি কমিউনিটিকে একটি মর্যাদাবান, কর্মঠ ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সক্রিয় অবদান রাখেন।

বিদেশে লোভনীয় চাকুরি ছেড়ে দেশের টানে ১৯৮৯ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৯১ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদান করেন। তিনি একই সাথে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে দেশের খুবই ক্রান্তিলগ্নে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছিলেন। একই সময় তিনি অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাজীবী সংগঠন 'গ্রীন ফোরাম' এর একাধিকবার সভাপতি ছিলেন।

তিনি দীর্ঘকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি কয়েক বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (IIER) এর পরিচালক ছিলেন। জাতীয় পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে তিনি "শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষক" হিসেবে বিবেচিত হন ও সরকার কর্তৃক তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় স্টাডিজ জার্নালের চারটি ভলিউমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে সমাবর্তন স্মারক (Brochure) এর সম্পাদক হিসেবে ১৯৯২ এবং ২০০৪ সালে দায়িত্ব পালন করেন।

ড. ইয়াহইয়ার রহমানের বেশ কয়েকটি গবেষণাপত্র আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে প্রকাশিত হয়। ভারতের প্রসিদ্ধ জার্নাল আল বা'ছ আল ইসলামীতে "বাংলাদেশে ইসলাম কখন এসেছে" শিরোনামে একটি গবেষণা কর্ম দুই পর্বে প্রকাশিত হয়।

তার উল্লেখযোগ্য আরও কয়েকটি গবেষণাপত্রের নাম:

"বাংলাদেশে ইসলামী শিক্ষা: সমস্যা ও তার সমাধান"; "মুসলিম বিশ্ব: অধঃপতনের কারণ ও তার প্রতিকার"; "অমুসলিমদের কুরআন চর্চা"; "আল্লামা নিয়ায মাখদুম: বাংলাদেশে হাদিস শিক্ষাদানে তার অবদান"; "বিশ্ব সভ্যতায় বিস্ময়কর দুজন মুসলিম মনীষীর অবদান: প্রেক্ষিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলন ১৯৯৮"; "সামাজিক অবক্ষয় ও মাদকারোধে ইসলামের দৃষ্টিভঙ্গি"; "মহানবী (স:)-এর আদর্শই সকল সমস্যাবলীর একমাত্র সমাধান"; "সুরা ফাতিহার তাফসীর: তুলনামূলক আলোচনা"; "জুম'আর খুতবা"; "Al-Qur'an: An Unparalleled Constitution"; "Satire in Arabic Poetry and its Influence in the Society"; "Women in Different Religions and Nations"; "Women in Arabic Poetry"; "Ibn Al-Rumi and His Contribution to Arabic Poetry".

ড. ইয়াহইয়ার রহমান বিভিন্ন পর্যায়ে ইসলামী শিক্ষার প্রসারে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি রিয়াদে ১৯৮৭ সালে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৯৭ সালে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সেমিনারে "ইসলামী শিক্ষা" পর্বের সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৮ সালে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে যোগদান করেন এবং ইমাম বুখারী (রহ:) এর কবর যিয়ারতের সুযোগ পান। ২০০২ সালে ঢাকায় অনুষ্ঠিত "Quality Assurance in Higher Education in Bangladesh" শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ে অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এবং অতিথি হিসেবে নিয়মিত আলোচনা রাখতেন।

তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে: মাওয়ালী এবং ইসলামী উলুমে তাঁদের অবদান (The Mawali and their Contribution in the Islamic Science), ইমাম আবু হানিফা (রহ:) এর জীবনী ইত্যাদি।

ড. ইয়াহইয়ার রহমানের অধীনে বারোজন গবেষক এমফিল ও দশজন পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ওনার অধীনে গবেষণা সম্পন্ন করা ছাত্ররা দেশে ও বিদেশের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে যোগ্যতা ও খ্যাতির সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের external examiner/supervisor এবং expert হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বৃক্ষ রোপন, সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতারোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়মিত বৃত্তি প্রদান করে থাকতেন।

এছাড়াও তিনি বেশ কয়েকবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ খতিব (ইমাম) হিসেবে স্বীকৃতি পেয়েছেন ও বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘকাল রাজারবাগ পুলিশ লাইন হেড কোয়ার্টার সেন্ট্রাল মসজিদ, টিকাটুলি মসজিদ, ও কোর্টপাড়া জামে মসজিদ, কুষ্টিয়ায় জুম'আর সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. ইয়াহইয়ার রহমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত বিভিন্ন গবেষণা কর্মে জড়িত ছিলেন। তিনি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আল মুনতাদা আল ইসলামী ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (BIIT) এর কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। জাতীয় পর্যায়ে ইসলামী শিক্ষার সম্প্রসারণ ও সংকোচন নীতি প্রতিরোধে সর্ব মহলের ওলামায়ে কেরামের বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে গঠিত কমিটিতে তিনি সদস্য ছিলেন ও সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি বাংলা একাডেমি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট; ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়; ও আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলেন। মহান এ মনীষী ২০২৫ সালের ৪ নভেম্বর ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ওনার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%