০৫:১১ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, জাতীয় সংসদ ভবনে, কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, ডা. মো. মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান। বৈঠকের শুরুতে, সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে, সাব-কমিটি ১, ২, ৩ ও ৪-এর প্রতিবেদন উপস্থাপন এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরিতে বই ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হয়। এ সময়, বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত সংসদ গ্রন্থাগার বুলেটিনকে আধুনিক ও যুগোপযোগী করতে একটি প্রতিবেদন প্রণয়নের জন্য সাঈদ আল নোমানকে আহ্বায়ক, এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ
এছাড়াও, বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন প্রতিষ্ঠান, নীতিমালা ও সেবা শক্তিশালীকরণ (এসআইপিএস) প্রকল্পের অধীনে ইউএনডিপির সহযোগিতার মাধ্যমে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমে ইন্ট্রানেট প্রযুক্তি চালুর বিষয়ে সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন অনুযায়ী গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে সাব-কমিটি কর্তৃক প্রণীত প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং এ বিষয়ে কমিটির সদস্যরা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন