ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা

‎‎কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ মামলায় তদন্তে সন্ধিগ্ধ নাদিম হোসেন (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। সোমবার (২২জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম হোসেন রূপালী ব্যাংক ভৈরব শাখার একজন সিনিয়র কর্মকর্তা ও উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নূরুল ইসলামের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশের মতো কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের নেতৃত্বে এসআই মঞ্জুরুল হক ফোর্স নিয়ে নাদিম হোসেনকে গ্রেফতার করে। নাদিম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামী বলে জানান পুলিশ।
‎
‎কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
‎
‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপজুড়ে তাপপ্রবাহ: সর্বশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ইউরোপজুড়ে তাপপ্রবাহ: সর্বশেষ পরিস্থিতি

ইউরোপজুড়ে বর্তমানে চলমান তাপপ্রবাহের পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরা হলো।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বারবার ফিরে আসা তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের একটি স্পষ্ট লক্ষণ। তারা সতর্কবার্তা জানিয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র হবে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

-ডুবে মৃত্যুর সংখ্যা বাড়ছে-

ফ্রান্সের ক্রীড়া ও যুববিষয়ক মন্ত্রী মারিনা ফেরারি মঙ্গলবার ফ্রান্স ইন্টার রেডিওকে জানিয়েছেন যে, সপ্তাহের শেষে দেশটিতে প্রায় ২০ জন পানিতে ডুবে মারা গেছেন। তিনি তাপ থেকে বাঁচতে নদী, হ্রদ এবং সমুদ্রসৈকতে ভিড় করা মানুষকে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।

সোমবার দেশটির সিভিল সিকিউরিটির এক মুখপাত্র সপ্তাহের শেষে পানিতে ডুবে ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলেন।

-ফ্রান্সে সংকট বৈঠক-

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নুর মঙ্গলবার সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলার জন্য আরও একটি সংকট জনক পরিস্থিতিতে জরুরি বৈঠকে সভাপতিত্ব করার পরিকল্পনা রয়েছে।

-বন্ধ করা হলো পারমাণবিক চুল্লি-

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, শীতলীকরণের জন্য কাছের নদী থেকে নেওয়া পানি অতিরিক্ত উষ্ণ হয়ে পড়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির একটি মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তুলুজের কাছে অবস্থিত গলফেশ পারমাণবিক কেন্দ্র গ্যারন নদীর পানি ব্যবহার করে শীতল করা হয়। তবে নদীর পানির তাপমাত্রা নিরাপদ সীমা ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেছে।

-ফ্রান্সে জুনের তাপমাত্রার রেকর্ড-

চরম গরমের প্রভাবে ফ্রান্সে এক হাজার ৩৫০টির বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের গড় তাপমাত্রা জুন মাসের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

মেতো ফ্রান্সের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, দিন ও রাত মিলিয়ে দেশে গড় তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর আগে ২০২৫ সালের ৩০ জুন সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড ছিল।

মঙ্গলবারের জন্য ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬ বিভাগের মধ্যে ৫৪টিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী, এতে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ প্রভাবিত হবে।

-বেলজিয়ামে রেকর্ড তাপপ্রবাহের আশঙ্কা-

বেলজিয়ামে তাপপ্রবাহ এক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা আইআরএম-এর পূর্বাভাস বিভাগের প্রধান ডেভিড ডেহেনাউ সতর্ক করে বলেছেন, এটি হতে পারে ‘এ পর্যন্ত রেকর্ড হওয়া’ সবচেয়ে উষ্ণ সময়।

দেশটির কয়েকটি স্কুলে পাঠদান অর্ধদিবসের জন্য সীমিত করা হয়েছে।

-জার্মানিতে পাঁচ জনের মৃত্যু-

জার্মানিতে সাঁতার কাটতে গিয়ে প্রাণহানির ঘটনা বেড়েছে। কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের শেষে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বাভারিয়ার দুটি হ্রদে ২০ ও ২২ বছর বয়সী দুই যুবক ডুবে মারা গেছেন। বাল্টিক সাগরে ৭৯ বছর বয়সী এক নারী মারা গেছেন।

এ ছাড়া ব্রান্ডেনবুর্গ ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার হ্রদগুলোতেও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সোমবার জানায়, আগের দিন ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমান রানওয়ের পাশে এক ঘণ্টার বেশি সময় আটকে থাকায় গরমে অসুস্থ হয়ে পড়া কয়েকজন যাত্রীকে জরুরি সেবা দিতে হয়েছে।

-ফ্রান্সে দুই শিশুর মৃত্যু-

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার একটি প্রাইভেট কার থেকে দুই ও চার বছর বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রসিকিউটর এলেন মুরজেস জানান, তাপমাত্রা দ্রুত বাড়ার মধ্যে এ ঘটনা ঘটে।

-ভ্রমণ স্থগিতের পরামর্শ-

প্যারিস অঞ্চলের প্রধান ভ্যালেরি পেক্রেস সাংবাদিকদের বলেন, ‘চরম গরমের সময়ে পরিবহন নেটওয়ার্কের ওপর ব্যাপক চাপ পড়ে। রেলপথ ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের যাত্রা স্থগিতের পরামর্শ দিয়েছি। যারা বাসা থেকে কাজ করতে পারেন, তাদেরও তা করতে বলা হয়েছে।’

-যুক্তরাজ্যে বিরল সর্বোচ্চ সতর্কতা-

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর বুধবার ও বৃহস্পতিবারের জন্য মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের কিছু এলাকায় সর্বোচ্চ স্তরের তাপ সতর্কতা জারি করেছে।

ছায়াযুক্ত স্থানেও কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস হয়েছে।

সোমবার মেট অফিস জানিয়েছে, লন্ডন, বার্মিংহাম ও বাথসহ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ‘ব্যতিক্রমধর্মী গরম এবং আর্দ্র আবহাওয়া’ বিরাজ করবে।

গত মাসে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছিল যুক্তরাজ্য।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জুন মাসের বিদ্যমান সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও এবার ভাঙতে পারে। বর্তমানে এ রেকর্ড ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭৬ সালের জুনে সাউদাম্পটন এবং ১৯৫৭ সালের জুনে ক্যামডেন স্কয়ারে রেকর্ড করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ বলেছেন, বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে যে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি রয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

তিনি সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উল্লেখ করেন, ‘বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ হাজার কর্মী ছাঁটাই করল প্রযুক্তি জায়ান্ট ‘ওরাকল’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


২১ হাজার কর্মী ছাঁটাই করল প্রযুক্তি জায়ান্ট ‘ওরাকল’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসার কাঠামো নতুনভাবে সাজানোর অংশ হিসেবে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান 'ওরাকল' গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে। কম্পানিটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে তারিখ পর্যন্ত ওরাকলের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার। এই সংখ্যা এক বছর আগে ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার। অর্থাৎ, এক বছরে কর্মী সংখ্যা প্রায় ১৩ শতাংশ কমেছে। ওরাকল জানিয়েছে, তাদের বিভিন্ন কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কারণে কর্মী সংখ্যা কমানো হয়েছে।

কম্পানিটি এছাড়াও সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও এআই ব্যবহারের ফলে আরো কিছু পদ বিলুপ্ত হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়িক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে কর্মী সংখ্যা কমছে। ভবিষ্যতে এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, ওরাকলের এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতে চলমান বড় পরিবর্তনের অংশ। বর্তমানে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআইভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ, উন্নত কম্পিউটিং ক্ষমতা বৃদ্ধি এবং নতুন এআই সেবা চালুর জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। এই বিনিয়োগের চাপ সামলাতে, অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে অ্যামাজন এবং ফেসবুকের মালিক মেটাও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। কর্মসংস্থান পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রযুক্তি খাতে ১ লাখেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন।

ওরাকল জানিয়েছে, কর্মী ছাঁটাই ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করতে গত এক বছরে তাদের প্রায় ১৮০ কোটি ডলার ব্যয় হয়েছে। এই অর্থ কর্মীদের ক্ষতিপূরণ, চাকরি ছাড়ার সুবিধা এবং পুনর্গঠন-সংক্রান্ত অন্যান্য খাতে খরচ করা হয়েছে। এর আগের অর্থবছরে একই খাতে কম্পানিটির ব্যয় ছিল ৩৭ কোটি ৪০ লাখ ডলার। ফলে, এক বছরের ব্যবধানে এই ব্যয় কয়েক গুণ বেড়েছে।

কম্পানিটি স্বীকার করেছে, পুনর্গঠনের এই প্রক্রিয়ায় কিছু ঝুঁকি রয়েছে। ওরাকল বলছে, কর্মী সংখ্যা কমানোর ফলে কিছু গুরুত্বপূর্ণ পদে দক্ষ জনবলের ঘাটতি দেখা দিতে পারে। এতে উৎপাদনশীলতা কমে যেতে পারে এবং ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পুনর্গঠনের এই উদ্যোগ কিছু ক্ষেত্রে কার্যক্রমে বিঘ্ন তৈরি করতে পারে।

বর্তমানে এআই খাতের বড় প্রতিষ্ঠানগুলোর জন্য ডেটা সেন্টার নির্মাণ ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলার প্রতিযোগিতায় রয়েছে ওরাকল। ওপেনএআই, মেটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এআই অবকাঠামো সরবরাহে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে কম্পানিটি। আগেই জানা গেছে, চলতি বছরে অবকাঠামো খাতে অন্তত পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ওরাকল। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বর্তমানে কম্পানিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে, প্রতিষ্ঠানটি এআই খাতে বিনিয়োগ দ্রুত বাড়াচ্ছে।

এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর কারণে শুধুমাত্র ওরাকল নয়, বরং আরো অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমাচ্ছে। গুগল, অ্যামাজন ও মেটা চলতি বছরে সম্মিলিতভাবে প্রায় ৬৫ হাজার কোটি ডলার এআই খাতে বিনিয়োগের পরিকল্পনা করেছে। অ্যামাজন জানিয়েছে, আগামী এক বছরে তারা শুধু এআই খাতেই ২ হাজার কোটি ডলার ব্যয় করবে। একই সঙ্গে কয়েক ধাপে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে তাদের।

এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে অনেক প্রতিষ্ঠানের কাজের ধরন বদলে যাচ্ছে। ফলে কিছু চাকরির চাহিদা কমে যাচ্ছে, আবার নতুন ধরনের দক্ষতার প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। ফলে আগামী কয়েক বছরে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের ধরনে আরো বড় পরিবর্তন দেখা দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ঘোষিত আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জবি ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


নিষিদ্ধ ঘোষিত আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জবি ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা, বিশৃঙ্খলা ও নাশকতার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ফ্যাসিবাদী ও খুনি হাসিনার নেতৃত্বাধীন নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর যে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতে শুরু হয়েছে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পর এই নিষিদ্ধ সংগঠনের কোনো অধিকার নেই এ দেশের মাটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠা বার্ষিকীর নামে যদি তারা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করতে বা কোনো অপতৎপরতা চালাতে চায়, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেবে। আমরা রাজপথে ২৪ ঘণ্টা পাহারায় আছি।’

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে স্বৈরাচারের কোনো দোসরের ঠাঁই হবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত।’

তিনি আরও জানান, ‘তারা যদি কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তবে ছাত্রদল তা কঠোর হস্তে দমন করবে। আমরা প্রশাসনকেও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি যেন কোনো চিহ্নিত অপরাধী বা নিষিদ্ধ সংগঠনের কেউ বিশৃঙ্খলা করার সাহস না পায়।’

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা জানান, ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সজাগ থাকবেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%