ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি


এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের তিনটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

বুধবার সকাল থেকে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর এলাকায় এমপিকে নিয়ে তীব্র সমালোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়।

একদিকে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপির পুত্র গ্রেফতার হয়েছে, অন্যদিকে এমপির অশ্লীল ভিডিও— সব মিলিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ খাটের উপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর এক নারী কণ্ঠে বিভিন্ন আপত্তিকর কথাবার্তায় তাকে সঙ্গ দিচ্ছেন।

নিজের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম-সুখ্যাতি বিনষ্ট করার জন্য এগুলো করছে।’

এদিকে বুধবার সকালে ফেসবুকে এমপির অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর দুই উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার নানা শ্রেণির মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

দলের বিভিন্ন পদধারী নেতাকর্মীরা ফেসবুকে এমপিকে দল ও সংসদ থেকে বহিষ্কার করার পাশাপাশি পদত্যাগের দাবি জানান।

আরও পড়ুন: রাজউকের ১২৬৯ ভবনের মালিককে চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা

এছাড়া একাধিক নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

বড়াইগ্রামের বনপাড়া বাইপাসসহ একাধিক জায়গায় দলের নেতাকর্মীদের আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়ে লাগানো তার ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুর করতে দেখা যায়।

সংসদ সদস্যের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে নাটোর জেলা সনাকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন সংসদ সদস্য দেশের আইন প্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন, তাহলে আমাদের সমাজের কী হবে। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করেন, সেজন্য আমি আহ্বান জানাব।’

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দলের কোনো সদস্যের নৈতিক স্খলন হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের আহ্বায়ক কমিটির সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে নন।’

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

এমপিপুত্র রিমান্ডে ও বহিষ্কার, ওসি প্রত্যাহার

গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা শাকিল ইসলামের (৩২) মৃত্যুর ঘটনায় যুবদল নেতা ও এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়ার পরপরই দায়িত্ব অবহেলার কারণে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মিন্টুকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দল।

গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজনের সশস্ত্র হামলার শিকার হন শাকিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাকিলের বাবা রবিউল মিস্ত্রি হত্যাচেষ্টা মামলা করলে সোমবার রাতে মিন্টুকে আটক করে পুলিশ।

ছাত্রদল সূত্রে জানা যায়, এমপি আজিজের দুই ছেলের পৃথক সমর্থক গোষ্ঠী আছে। নিহত শাকিল এমপির ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের অনুসারী। অন্যদিকে মিন্টু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ছোট ভাই সোহাগ উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। দুই ভাইয়ের সমর্থক গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়েছে।

জানাজায় এমপিকে ‘ভুয়া’ স্লোগান ও শপিংমলে হামলা

শাকিলের বাবা রবিউল মিস্ত্রির অভিযোগ, তার ছেলেকে কুপিয়ে আহত করার পর মামলার এজাহারে যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সংসদ সদস্য আব্দুল আজিজের নির্দেশে পরে সেই নাম বাদ দেওয়া হয়। মিন্টুর পাশাপাশি রাসেলও তার ছেলের হত্যাকাণ্ডে জড়িত বলে তার ধারণা।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর সরকারি কলেজ মাঠে শাকিলের দ্বিতীয় জানাজায় নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজ অংশ নেন। জানাজায় এমপি আজিজ বক্তব্য দেওয়ার সময় নিহতের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে হৈচৈ শুরু করেন।

জানাজা শেষে রাত ১১টার দিকে মুসল্লিদের একাংশ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে আমেরিকা প্রবাসী রাসেলের ‘রাস আরবান স্টাইল’ নামের শপিংমলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, ‘কিছু সুযোগসন্ধানী লোক মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

খুনিদের বিচারের দাবিতে বুধবার বিকালে নাটোর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া

কুমিল্লায় প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় 'রিস্টোরিং ফ্যামিলি লিংকস’ (আরএফএল) বা পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক সেনসিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিটের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এবং কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া। তিনি উল্লেখ করেন, "যেকোনো দুর্যোগ, যুদ্ধ কিংবা জরুরি পরিস্থিতিতে আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।"

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক দায়িত্বের প্রশংসা করে তিনি বলেন, এই বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলোকে আরএফএল কার্যক্রমের মাধ্যমে পুনরায় একত্রিত করার কাজ সত্যিই প্রশংসনীয়। কুমিল্লা ইউনিট এই সেবামূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, আজকের কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট সকলে আরও দক্ষ হয়ে উঠবেন এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া আরও বলেন, "আমরা কেবল একটি ইউনিট হিসেবে নয়, বরং একটি পরিবার হিসেবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিট সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান জামাল খন্দকার, যিনি কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জামিল আহমেদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন।

কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আরএফএল বিভাগের উপ-পরিচালক আব্দুল বারী টেকনিক্যাল সেশনে আরএফএল এর বৈশ্বিক নেটওয়ার্ক, নিখোঁজদের সন্ধান ও পারিবারিক তথ্য আদান-প্রদানের আধুনিক ও কার্যকর কৌশল অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।

কর্মশালাটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন কুমিল্লা ইউনিটের সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার ফাহাদ আল নূর সাজিদ এবং অফিস সহকারী মো. নজরুল ইসলাম।

দিনব্যাপী আয়োজিত কর্মশালায় কুমিল্লা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট শিক্ষক-শিক্ষিকা, যুব রেড ক্রিসেন্টের ১০ জন সক্রিয় যুব সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। কর্মশালার সমাপনী অংশে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী জেলার যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের পূর্ববর্তী চেয়ারম্যান জাকির হোসেন জসিমের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন এবং তার সহযোগী নুর নবীর।

জসিম অভিযোগ করেছেন যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রেক্ষিতে তাকে এবং তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি ও অন্যান্য অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি জানিয়েছেন, এ ঘটনার প্রেক্ষিতে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো তুলে ধরেন জাকির হোসেন জসিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে বিভিন্ন কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের পেছনে আবুল খায়ের লিংকন ও নুর নবীর হাত রয়েছে।

জসিমের অভিযোগ, তাকে হত্যার চেষ্টা বিভিন্ন সময়ে করা হয়েছে এবং এখনো তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেছেন, ‘আমি জীবিত থাকলে আবুল খায়ের লিংকন ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান হতে পারবেন না— এমন ধারণা থেকেই আমাকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।’

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জসিম বলেন, বর্তমান পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন বলেন, জাকির হোসেন জসিমের অভিযোগ সত্য নয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে করা অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন। তবে তিনি জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জসিমের প্রতিদ্বন্দ্বী হবেন।

তবে নুর নবীর বক্তব্য পাওয়া যায়নি, চেষ্টা সত্ত্বেও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া ,নেত্রকোনা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় নেওয়া প্রতিরক্ষা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ও ভেজা বালু ব্যবহারের অভিযোগ তুলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, মগড়া নদীর ভাঙনে বিদ্যালয়টি হুমকির মুখে পড়ায় তা রক্ষায় প্রতিরক্ষামূলক কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিশেষ করে ভেজা বালু দিয়ে কাজ করায় প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয়টি রক্ষার উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু যেভাবে কাজ করা হয়েছে, তাতে আগামী বর্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তিনি কাজের মান যাচাই করে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

স্থানীয়দের আরও অভিযোগ, বিদ্যালয় রক্ষার কাজ চললেও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে যথাযথভাবে অবহিত করা হয়নি। দৃশ্যমান তদারকির অভাবেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

মানববন্ধনে সায়েম মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, প্রকল্পের কাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যথাযথভাবে তদারকি করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সরকারি বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যয় করা হলে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হতো।

মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—প্রকল্পের কাজের মান নিরপেক্ষভাবে যাচাই, বরাদ্দ ও ব্যয়ের হিসাব প্রকাশ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তাঁদের নজরে এসেছে। এরই মধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মগড়া নদীর ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় নেওয়া প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের পর এখন তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বিদ্যালয়টি রক্ষা করা হবে এবং শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়িতে জালেমন বেগম হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৩২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানা গেছে।
গ্রেপ্তার শাহ আলম শেরপুর জেলার শ্রীবরদী থানার বানিয়াপাড়া এলাকার আঃ করিমের ছেলে। নিহত জালেমন বেগম শোলাকুড়ির বিএনপির নেতা মিঠুর মা হিসেবে পরিচিত।
জবানবন্দিতে আসামি শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন তারা। এ সময় কুড়াল ও রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান তারা।
জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও তারা মিঠুর বাড়ি থেকে রাইস কুকার, কাঁথাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছিলেন বলে শাহ আলম জানান।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান হত্যার পর থেকেই হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জোরচষ্টা চালিয়ে যান থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ আজ বুধবার নরসিংদী থেকে হত্যাকারীকে গ্রেফতার করে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%