ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় বোন-ভাগিনার পিটুনিতে প্রাণ গেল ভাইয়ের


কুমিল্লায় বোন-ভাগিনার পিটুনিতে প্রাণ গেল ভাইয়ের

কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটা নিয়ে বোন, ভগ্নিপতি ও ভাগিনাদের পিটুনিতে ইব্রাহিম মরণ (৫৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে, নাম নাছিমা বেগম।

বুধবার (২৪ জুন) উপজেলার মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামের মধ্যমপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিম, মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামের রাজা মিয়ার ছেলে। আটককৃত নাছিমা বেগম তার আপন বোন।

পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নাছিমা বেগমের পাশের বাড়ির কোব্বাত মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাছিমা ভ্রাতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। বোন ও তার পরিবারের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই মহিন নাঙ্গলকোট সদরে বাসা ভাড়া নিয়ে চলে গেলেও ইব্রাহিম পৈতৃক বাড়িতে থাকতেন।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নাছিমা বাড়ির পাশে একটি বাঁশ কাটতে গিয়ে তার ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নাছিমা, তার স্বামী কোব্বাত আহম্মদ এবং ছেলে অলি আহম্মদ মিলে ইব্রাহিমকে মারপিট শুরু করেন। তারা এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় ইব্রাহিম তলপেট ও অণ্ডকোষে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে পড়েন। পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে আফরোজা আক্তার বলেন, 'ফুফুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দীর্ঘদিন নানার বাড়িতে ছিলাম। এক বছর আগে আমরা নিজেদের বাড়িতে ফিরে আসি। বেশ কিছুদিন ধরেই ফুফু আমাদের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়াসহ মাকে মারধর করে আসছিলেন। আজ সকালে বাঁশ কাটার প্রতিবাদ করায় ফুফু, ফুফা ও ফুপাতো ভাই মিলে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।'

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বোন নাছিমা বেগমকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পাবনায়

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হেফাজতে

পাবনা সদর উপজেলার দোগাছি এলাকায় পাপিয়া খাতুন (৩৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় তার স্বামী, সৌদি প্রবাসী হুমায়ুন কবির সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে দোগাছি এলাকার বিল্ডিং বাড়ির এই ঘটনা ঘটে। নিহত পাপিয়া খাতুন একই এলাকার আব্দুর রশিদ শেখের সন্তান। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৪ বছর আগে পারিবারিকভাবে পাপিয়ার সঙ্গে হুমায়ুন কবিরের বিয়ে হয়েছিল। দীর্ঘ দিন সৌদি আরবে কর্মরত থাকার পর তিনি গত কোরবানির ঈদের আগে দেশে ফিরে আসেন।

নিহতের স্বজন এবং স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হুমায়ুন কবির অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। মঙ্গলবারের ঘটনায় তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির অভিযোগ উঠে। রাতে প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলেও জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাপিয়াকে বাড়ির ছাদে কাপড় শুকাতে দেখা যায়। এরপর দীর্ঘ সময় তার কাছে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, পাপিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের চাচা আসলাম হোসেন অভিযোগ করেন, পাপিয়া নিয়মিত নামাজ পড়তেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তিনি আত্মহত্যা করতে পারেন, এমন বিশ্বাস তাদের নেই। মরদেহে আঘাতের চিহ্নও রয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন পরিবারের সদস্যরা।

পুলিশের জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

নকআউটে পৌঁছে হাল্যান্ডদের ‘ভাইকিং রো’ সেলিব্রেশন, জানুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


নকআউটে পৌঁছে হাল্যান্ডদের ‘ভাইকিং রো’ সেলিব্রেশন, জানুন ইতিহাস

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডের দাপটে দলটি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উদযাপনেও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়ে নকআউট নিশ্চিত করে নরওয়ে। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে মাঠে বসে অভিনব এক উদযাপনে মাতেন খেলোয়াড়রা, যেখানে ড্রামের তালে তারা জনপ্রিয় ‘ভাইকিং রো’ সেলিব্রেশন করেন। একই দৃশ্য দেখা যায় নরওয়ের সংসদসহ বিভিন্ন স্থানে।

বর্তমানে বিশ্বকাপে অন্যতম ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে এই উদযাপন, যা ছড়িয়ে পড়েছে স্টেডিয়াম থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে।

কী এই ‘ভাইকিং রো’?

নরওয়ের এই উদযাপনের পেছনে রয়েছে শত শত বছরের ইতিহাস। ঐতিহাসিকদের মতে, ৭০০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলা ভাইকিং যুগে স্ক্যান্ডিনেভিয়ার নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের যোদ্ধারা দীর্ঘ লংবোটে সমুদ্রযাত্রা করতেন। এই সময় তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য ও অভিযানে অংশ নিতেন।

যে ‘রোয়িং’ বা দাঁড় টানার ভঙ্গি দেখা যায়, সেটিই মূলত সেই ঐতিহাসিক সমুদ্রযাত্রার প্রতীক। এটি এখন শুধু উদযাপন নয়, বরং নরওয়ের জাতীয় পরিচয়, ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ট্রেন্ড

বিশ্বকাপ শুরুর আগে অসলোতে শুরু হওয়া এই উদযাপন দ্রুত ছড়িয়ে পড়ে স্টেডিয়াম, রাস্তাঘাট এবং নিউ ইয়র্কের টাইমস স্কয়ার পর্যন্ত। নরওয়ের ট্রন্ডহাইম শহরেও হাজারো সমর্থক একই ভঙ্গিতে উদযাপন করছেন।

দলের মিডফিল্ডার প্যাট্রিক বার্গ জানিয়েছেন, শুরুতে অনেকেই এই ট্রেন্ড টিকবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন, তবে এখন এটি দলের বিশ্বকাপ অভিযানের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

বর্তমানে গ্রুপ ‘আই’-এ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। গোল পার্থক্যে তারা এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় দুই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


কুমিল্লায় দুই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উভয় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করে জানান, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন পার করার পর হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।’

এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়। ফলে দুই লাইনে ট্রেন আটকা পড়লে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

যতক্ষণ এ রিপোর্ট লেখা হয়েছে, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ১৭ বছর পর চালু হলো বাঞ্ছারামপুর উপজেলা গ্রন্থাগার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দীর্ঘ ১৭ বছর পর চালু হলো বাঞ্ছারামপুর উপজেলা গ্রন্থাগার

দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকবার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কারকৃত পাঠাগার। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানের চর্চার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বুধবার (২৪ জুন) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন চত্বরে পুরনো ভূমি অফিস ভবন সংস্কার করে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই পাঠাগার স্থাপন করা হয়েছে। এই পাঠাগারের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাইদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, গণসংহতি আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শামীম শিবলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাইদ বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বইয়ের সঙ্গে মানুষের যে সম্পর্ক তা ধরে রাখা অত্যন্ত জরুরি। একটি পাঠাগার শুধুমাত্র বই পড়ার স্থান নয়, এটি জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতার কেন্দ্র। দীর্ঘদিন পরে পাঠাগারটি পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “বর্তমান প্রজন্মের চাহিদা বিবেচনায় গল্প-উপন্যাসের পাশাপাশি শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ক্যারিয়ার উন্নয়নবিষয়ক বইও রাখা হচ্ছে। পাঠাগারকে আরও প্রাণবন্ত ও পাঠকবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পাঠাগারটি খোলা থাকবে। পাঠকদের চাহিদা অনুযায়ী নতুন বই সংগ্রহ ও সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

জানা যায়, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলা পাঠাগারের ভবন ২০০৯ সালে ভেঙে ফেলা হয়। এরপর দীর্ঘ ১৭ বছর এলাকাবাসী একটি পাঠাগার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পুরনো পাঠাগারের প্রায় তিন হাজার বই নষ্ট হয়ে যাওয়ার পর নতুন পাঠাগার নির্মাণের দাবি জোরালো হয়।

প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা পাঠাগারটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছিলেন। তবে তার মৃত্যুতে প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হয়। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%