০৯:৩০ পি.এম
পাবনা সদর উপজেলার দোগাছি এলাকায় পাপিয়া খাতুন (৩৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় তার স্বামী, সৌদি প্রবাসী হুমায়ুন কবির সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে দোগাছি এলাকার বিল্ডিং বাড়ির এই ঘটনা ঘটে। নিহত পাপিয়া খাতুন একই এলাকার আব্দুর রশিদ শেখের সন্তান। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৪ বছর আগে পারিবারিকভাবে পাপিয়ার সঙ্গে হুমায়ুন কবিরের বিয়ে হয়েছিল। দীর্ঘ দিন সৌদি আরবে কর্মরত থাকার পর তিনি গত কোরবানির ঈদের আগে দেশে ফিরে আসেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
নিহতের স্বজন এবং স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হুমায়ুন কবির অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। মঙ্গলবারের ঘটনায় তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির অভিযোগ উঠে। রাতে প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলেও জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাপিয়াকে বাড়ির ছাদে কাপড় শুকাতে দেখা যায়। এরপর দীর্ঘ সময় তার কাছে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, পাপিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের চাচা আসলাম হোসেন অভিযোগ করেন, পাপিয়া নিয়মিত নামাজ পড়তেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তিনি আত্মহত্যা করতে পারেন, এমন বিশ্বাস তাদের নেই। মরদেহে আঘাতের চিহ্নও রয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন পরিবারের সদস্যরা।
পুলিশের জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন