০৪:৩০ পি.এম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে টানা সাত দিন ধরে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে থাকার কারণে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়।
সপ্তাহ ধরে সব ধরনের নৌযান বন্ধ থাকায় আটকে আছেন সন্দ্বীপ চ্যানেলের চট্টগ্রাম টু সন্দ্বীপ রুটের কয়েক হাজার যাত্রী এবং ফেরিঘাটে অসংখ্য পণ্যবাহী গাড়ি। এর ফলে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী এবং চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ফেরি বন্ধ থাকায় পণ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং পুরো দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুন: বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত
বৃহস্পতিবার ও শুক্রবার (৩ জুলাই) সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে সীমিত পরিসরে স্পিডবোট ও ট্রলার চলাচল করলেও আবহাওয়ার পরিস্থিতি আরো অবনতি হওয়া কারণে পরবর্তীতে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রবিবার (৫ জুলাই) সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন থাকলেও নৌযান চলাচল বন্ধ থাকায় ছুটিতে বাড়ি আসা বহু চাকরিজীবী এখনো কর্মস্থলে যোগ দিতে পারেননি। নৌযোগাযোগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন জরুরি চিকিৎসার জন্য শহরে যেতে চাওয়া রোগীরা। এ ছাড়াও, প্রবাসগামীদের যাত্রীদের ছুটি ও ভিসার মেয়াদ নিয়ে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার থেকে সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে কুমিরা ও গুপ্তছড়া—উভয় ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী গাড়ী। দীর্ঘ এক সপ্তাহ ধরে ঘাটে আটকে থাকায় অনেক গাড়ির কাঁচামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে ফেরিঘাটে ভালো কোনো রেস্তোরাঁ, ওয়াশরুম অথবা গোসলের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আটকে পড়া দূর-দূরান্তের গাড়িচালক ও শ্রমিকরা। তারা জানিয়েছেন, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে দিন কাটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠেছেন।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এবং কখন নৌযান চলাচল শুরু করা যাবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দ্বীপে যাতায়াতের এই অনিশ্চয়তা কাটছে না।
আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন