মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
০২:০৮ পি.এম
ফিনল্যান্ড ১০ লাখ স্থলমাইন সংগ্রহের উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটি এসব মাইন ক্রয়ের জন্য ১০ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা করছে। জাতিসংঘের একটি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করার পর ফিনল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।
হেলসিংকির এই পরিকল্পনা ইউক্রেনের সমর্থকদের বিরুদ্ধে মস্কোর ক্রমাগত ‘হাইব্রিড যুদ্ধ’ চালানোর অভিযোগের প্রেক্ষাপটে এসেছে। গত বছর ফিনল্যান্ড অটোয়া কনভেনশন থেকে বেরিয়ে আসে, যা সামরিক উসকানির বিরুদ্ধে ছিল।
এছাড়া, ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো যেমন এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও মস্কোর সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই চুক্তি থেকে সরে এসেছে।
ফিনল্যান্ডের সেনাবাহিনী কমান্ডের কর্নেল রিকু মিক্কোনেন জানিয়েছেন, কর্মকর্তারা বর্তমানে এই চুক্তির বিষয়ে সরবরাহকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন।
হেলসিংকি দেশীয় নির্মাতাদের মাধ্যমে মাইনগুলো সরবরাহ করার পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ চুক্তি স্বাক্ষরিত হবে এবং ২০২৮ সালের মধ্যে উৎপাদন শুরু হবে।
মিক্কোনেন এসটিটিকে বলেন, যদি ফিনল্যান্ডের কোম্পানিগুলো দেশেই এই অ্যান্টি-পার্সোনেল মাইনগুলো তৈরি করে, তবে তা বিভিন্ন দিক থেকে লাভজনক হবে। তিনি আরও জানান, ফিনল্যান্ডের প্রায় আধা ডজন কোম্পানির এই কাজ করার সক্ষমতা রয়েছে।
তবে, বিদেশ থেকে মাইন কেনার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করা যাচ্ছে না, বলে তিনি উল্লেখ করেন। ফিনল্যান্ড ২০১২ সালে অটোয়া কনভেনশনে যোগ দিয়েছিল, যা অ্যান্টি-পার্সোনেল স্থলমাইন নির্মূলের জন্য একটি মানবিক চুক্তি।
ফিনল্যান্ড জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তারা ২০২৫ সালের এপ্রিল মাসে এই চুক্তি থেকে বেরিয়ে যাবে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে তারা আর এই চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য নয়।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি ওরপো প্রতিবেশী রাশিয়াকে একটি দীর্ঘমেয়াদি হুমকি হিসেবে অভিহিত করেছেন। ফিনল্যান্ডের রাশিয়ার সঙ্গে প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ফিনল্যান্ড তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
এছাড়া, পূর্ব দিক থেকে অভিবাসীদের জোরপূর্বক ফিনল্যান্ডে ঠেলে দেওয়ার অভিযোগও উঠেছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রুশ নাগরিকদের জন্য পর্যটক ভিসা ইস্যু বন্ধ রাখা হয়।
তিনি বলেন, "রাশিয়া যতদিন তাদের আগ্রাসন চালিয়ে যাবে, ততদিন রুশ নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া উচিত নয়।" ভালতোনেন উল্লেখ করেন, ২০২৫ সালে শেনজেনভুক্ত দেশগুলো রুশ নাগরিকদের প্রায় পাঁচ লাখ পর্যটক ভিসা দিয়েছে। ফিনল্যান্ড ২০২২ সালেই এ ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ইউরোপীয় জোটের বাকি দেশগুলোরও একই পথ অনুসরণ করা উচিত বলে মনে করেন তিনি। সূত্র : আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সীমান্তে ইয়াবার একটি বিশাল চালান ধরা পড়েছে। উদ্ধার করা ইয়াবার স্তূপ দেখলে মনে হবে নীল প্যাকেটের পাহাড়ের মতো। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে ৬৪ বিজিবির দুটি আলাদা অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় একটি ডাবল কেবিন পিকআপের পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় পিকআপটির চালককে আটক করেন বিজিবি সদস্যরা।
অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তে পৃথক অভিযানে মিয়ানমার থেকে আসা তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে, এই ঘোষণা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পেছনে কাজ করতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন। শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভার আয়োজন করা হয়েছিল।
আইনমন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে একটি ফর্মুলা দেবেন, কিভাবে কাজ করতে হবে। যারা দলের মধ্যে মুনাফিকি করবেন, তাদের ক্ষমা করবেন না তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেকটা ইউনিয়নের একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রত্যেকটি ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে। মনে রাখবেন, আগামী স্থানীয় নির্বাচনে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক, তাকে দল সুযোগ দেবে না।’
আইনমন্ত্রী আরো উল্লেখ করেন, ‘আমার দল যদি না জেতে তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।’
ইউনিয়ন নির্বাচনে বিএনপি কেমন প্রার্থী দেবে, সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, ‘দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। আপনার পছন্দের প্রার্থীকে প্রার্থী হিসেবে দিলেন, কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। আমরা সব নজরে রাখছি। যদি দেখি আপনি দলের সঙ্গে বেঈমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে কিন্তু আমারও অধিকার আছে আপনাকে ধরার।’
মতবিনিময়সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গা, ২০ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গোৎসব জেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। আজ মহানবমীতে মন্ডপগুলোতে পূজা অর্চনা চলছে। দিন যতই এগোচ্ছে, মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের ভিড় ততই বৃদ্ধি পাচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উৎসবের সার্বিক পরিস্থিতি দেখতে। দামুড়হুদার দর্শনা পুরাতন বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
এসময় তারা পূজা উদযাপন কমিটি, পুরোহিত ও ভক্তদের সঙ্গে আলোচনা করেন। পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক জানান, "শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক।" সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করছে।
এদিকে রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী হাবিবা নুসরাত হক মৌ। তারা পূজার সার্বিক আইনশৃঙ্খলার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামীকাল বুধবার মহাদশমীর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপত্যের প্রশংসা করেছেন। তিনি সেখানকার প্রাচীন বণিকবাড়ির স্থাপত্য এবং সূক্ষ্ম কারুকাজের বিশেষ উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইউএস এম্বাসির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রশংসা প্রকাশ করেন।
পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন উল্লেখ করেন, ‘পানাম নগরীর পথে পথে যেন জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের বাণিজ্যের অতীত! সোনারগাঁয়ের ঐতিহাসিক বণিকবাড়িগুলো ঘুরে দেখছি, যেখানে রাজকীয় স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজের ছোঁয়ায় ফুটে ওঠে এ দেশের সমৃদ্ধ বাণিজ্যিক ঐতিহ্যের এক মনোমুগ্ধকর ইতিহাস।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ