ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সমন্বিত শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি


সমন্বিত শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাউশি ডিজি সেই অনুষ্ঠানে বলেন, শিক্ষাক্ষেত্রে অর্জন ও উৎকর্ষ ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষাকে পৃথকভাবে না দেখে একটি সমন্বিত কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরইমধ্যে কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: কবি নজরুল কলেজে পানির ফিল্টার নষ্ট, শিক্ষার্থীরা বিপাকে

মাউশি ডিজি আরও বলেন, বর্তমান প্রশাসনের সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ভালোভাবে এগোচ্ছে এবং আগামী দিনে মাদ্রাসা শিক্ষার স্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে। শিক্ষা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান আজ আলাদা হলেও লক্ষ্য একটিই। সিটি হচ্ছে শিক্ষার উন্নয়ন। মাদ্রাসা, মাধ্যমিক কিংবা কারিগরি যে স্তরেই কাজ করা হোক না কেন, সবাই একই শিক্ষা পরিবারের অংশ হিসেবে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের ৫১টি অঙ্গীকারের মধ্যে ৪৩টি শিক্ষা সংশ্লিষ্ট। এর মধ্যে ২৯টি বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে ১৮০টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চিন্তা ও অঙ্গীকার নিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার নবজাতক কন্যাশিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:১৪ এম


মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার নবজাতক কন্যাশিশু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশে গভীর রাতে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করার ঘটনা ঘটেছে। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে এবং চিকিৎসাসেবা প্রদান করেন।

এ ঘটনা ঘটে সোমবার রাত আনুমানিক ১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে কয়েকজন রোগীর স্বজন এবং কর্তব্যরত নার্স নিচে নেমে আসেন। পরে হাসপাতাল চত্বরে ডাস্টবিনের পাশে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে তার জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অথবা অন্য কোথাও জন্মের পর শিশুটিকে হাসপাতালে এনে ফেলে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। বর্তমানে তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আশিক বলেন, ব্রাজিলের খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর আমি ওই স্থানে গিয়েছিলাম। তখন সেখানে কোনো শিশু ছিল না। কিছুক্ষণ পর শুনতে পাই, সেখানে একটি নবজাতককে ফেলে রেখে গেছে।

এ ঘটনার কারণে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের মাইন অপসারণ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:১৮ এম


ফ্রান্সের মাইন অপসারণ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালী মাইনমুক্তকরণে সহযোগিতার জন্য ফ্রান্স-সমর্থিত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে, প্যারিসকে সতর্ক করা হয়েছে এমন উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে যা এই সংবেদনশীল সামুদ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, কৌশলগত এই জলপথে মাইন নিষ্ক্রিয়করণ অভিযান ‘একচেটিয়াভাবে ইরান’ পরিচালিত করবে। অন্য কোনো দেশ এতে সম্পৃক্ত নয়।

তিনি আরও উল্লেখ করেছেন, মাইন অপসারণ কার্যক্রমে কোনো সমান্তরাল ব্যবস্থা বা বিদেশি সম্পিদ্ধতা বরদাস্ত করা হবে না। গরিবাবাদী বলেন, ‘আমরা ফ্রান্সকে তার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য কঠোরভাবে পরামর্শ দিচ্ছি।’

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, সামুদ্রিক পথ সুরক্ষিত করতে এবং এই কৌশলগত জলপথ দিয়ে অবাধ ও শর্তহীন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্স ও ওমান অংশীদারদের সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী মাইনমুক্ত করার জন্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আসে।

ফ্রান্সে তার প্রথম সরকারি সফরের সময় প্যারিসে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে আলোচনার পর ম্যাক্রোঁ ওই প্রস্তাব দেন।

ইরান বারবার উল্লেখ করে আসছে যে, হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যবস্থাপনা, মাইন নিষ্ক্রিয়করণ অভিযান এবং অস্থায়ী সামুদ্রিক ব্যবস্থা ইসলামাবাদ স্মারকলিপির ৫ নং অনুচ্ছেদ দ্বারা পরিচালিত হয় এবং একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে তা অবশ্যই ইরানের সমন্বয়ের অধীনে অব্যাহত থাকবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি সংঘাত শুরু হওয়ার পর বন্ধ করে দেয় ইরান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল প্রসঙ্গে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২০ এম


ব্রাজিল প্রসঙ্গে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরোপুরি গা ভাসিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাজিল দলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সোমবার (২৯ জুন) রাতে, ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্টটি করেন তিনি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, "All the Best Team Brazil"। তবে, শুভকামনার পোস্টটির চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পোস্টে ব্যবহৃত একটি ছবি।

ছবিতে দেখা গেছে, রুমিন ফারহানার সঙ্গে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। ছবিটি প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২১ এম


যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

যৌন নির্যাতন মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলে ট্রাম্প হেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সুপ্রিম কোর্টে তাঁর আপিল শুনতে রাজি না হওয়ার কারণে আগের রায় বহাল থাকছে।

ফলস্বরূপ, ট্রাম্পকে লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি রায় দেয় যে ১৯৯০ এর দশকে, ট্রাম্প ক্যারলকে যৌন নির্যাতন করেছিলেন এবং পরে সামাজিক মাধ্যমে ঘটনাটিকে গুজব বলে উল্লেখ করে মানহানি করেছেন। এর কারণে জুরি ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ট্রাম্প সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

তিনি দাবি করেছেন, মামলার বিচারক এমন কিছু প্রমাণ উপস্থাপনের অনুমতি দিয়েছেন, যা জুরিদের কাছে তাঁর ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

গত বছর একটি ফেডারেল আপিল আদালতও জুরির রায় বহাল রেখেছে এবং নতুন করে বিচারের প্রয়োজন নেই বিষয়টি জানানোর পরে, ট্রাম্প বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যান। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট কেন মামলাটি গ্রহণ করেনি সে সম্পর্কে কোন ব্যাখ্যা দেয়নি।

এই আপিল ছিল জুরির সর্বসম্মত রায় বাতিলের জন্য ট্রাম্পের শেষ আইনি চেষ্টা। ফলে এখন তাঁকে ক্যারলকে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর, ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে বলেন, এই রায়ের মাধ্যমে জুরি যে সিদ্ধান্ত দিয়েছিল তা চূড়ান্তভাবে বহাল থাকল, যা নির্দেশ করছে, ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানি করেছেন।

তিনি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক আপিল ব্যর্থ হয়েছে। আজকের সিদ্ধান্তের মাধ্যমে তাঁর কৃতকর্মের দায় এড়ানোর সব প্রচেষ্টার অবসান ঘটেছে।’

অন্যদিকে, রায় ঘোষণার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি মামলাটিকে ‘হাস্যকর মানহানির দাবি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইনি লড়াই’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, তিনি এই মামলার বিরুদ্ধে সমস্ত শক্তি ও সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যাবেন। তিনি আরো দাবি করেন, ‘এই মামলাটি শুধু আমার বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মূল্যবোধের বিরুদ্ধে। ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়।’

ট্রাম্পের দাবি, তাঁকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে একটি বিশেষ আইন ব্যবহার করা হয়েছে, যা বহু বছর আগের অভিযোগের ভিত্তিতে মামলা করার সুযোগ দিয়েছে। তিনি বলেন, ‘এই আইনটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং এমন অবিচার চলতে দেওয়া যায় না।’

সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেন, মামলার জুরিদের ২০০৫ সালের ‘অ্যাক্সেস হলিউড’ টেপটি দেখানো উচিত হয়নি। ওই টেপে ট্রাম্পকে নারীদের স্পর্শ করা ও চুম্বন করার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।

এদিকে, ক্যারল সম্পর্কে ট্রাম্পের পরবর্তী মন্তব্যের কারণে আরেকটি পৃথক মামলায় জুরি তাঁকে মানহানির জন্য ৮ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। পরে ফেডারেল বিচারকদের একটি প্যানেল সেই রায়ের বিরুদ্ধে করা ট্রাম্পের আপিলও খারিজ করে দেয়।

যদিও জুরি সিদ্ধান্তে ট্রাম্পকে ক্যারলের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানহানির জন্য দায়ী বলা হয়, তবে নিউইয়র্কের ফৌজদারি আইনে সংজ্ঞায়িত ধর্ষণের অভিযোগটি তাঁরা গ্রহণ করেনি। বর্তমানে ৮১ বছর বয়সী ক্যারল একজন সাবেক ম্যাগাজিন কলামিস্ট। তিনি অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে যৌনভাবে আক্রমণ করেছেন। ২০২২ সালে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে এই অভিযোগ অস্বীকার করেন। এরপরেই ক্যারল তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%