০৪:৪৯ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল নেতাকর্মীদের ধরিয়ে দিতে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে।
সোমবার (২২ জুন) দুপুরে, এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
এছাড়া, সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে দেশের জনগণ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা হত্যার পরেও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’
তিনি আরো বলেন, ‘যেখানেই তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।’
মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক স্লোগান দেয়, যেমন ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না পিঠের চামড়া থাকবে না’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর ধর ধর কুত্তা ধর ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পাক-ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি।
আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন