০১:০৮ পি.এম
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের এক বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মোঃ মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ জরিমানা করা হয়েছে।
তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এই অভিযান চালানো হয়। বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে নিজেরাই গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ বছর যাবৎ ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল আর্থিক ক্ষতিসাধন করেছেন।
আরও পড়ুন: পচানালার দূষণে মশার অভয়ারণ্য, শিক্ষার্থীরা ডেঙ্গু আতঙ্কে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন