০১:১০ পি.এম
পাবনার আটঘরিয়ার কুমারগাড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে একটি মিনি পেট্রোল পাম্প, তিনটি ওষুধের দোকান এবং একটি ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছ।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাজারের একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার মিনি পেট্রোল পাম্পের প্রায় ১৫ লাখ টাকা, আয়নাল বিশ্বাসের মুরগির ওষুধের দোকানের প্রায় ৬ লাখ টাকা এবং আবুল হোসেনের একটি ওষুধের ও ভুষিমালের দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেই গলাচিপায় ফোনে মিলছে ইলিশ, প্রশাসনের অভিযান চলছে
এছাড়া, আগুনের তীব্রতায় পাশের 'মাতৃছায়া ক্যাডেট স্কুল'-এর দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। এতে স্কুলটির আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান যে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ৩১ লাখ টাকা বলে জানা গেছে।
আরও পড়ুন: বরিশালে বিএমপির থানা-পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে গ্রেপ্তার ১৭ জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন