০৩:৩৭ পি.এম
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে পাথরের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের জোড়াটিলা এলাকার হ্রদের পানির নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লাশটি শরীরে পাথরবাঁধা অবস্থায় ছিল।
নিহতের নাম আরাফাত (১৮-১৯) বলে জানা গেছে, তবে তার বাড়ির অবস্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আরাফাত ওই এলাকায় মাছ ধরার নৌকায় জেলে শ্রমিকের কাজ করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নৌকার মালিক মো. শফিককে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: হোসেনপুরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য মাজাহারুল
পুলিশের ধারণা, নিহত যুবককে শরীরে পাথর বেঁধে কাপ্তাই হ্রদে ফেলে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়, তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আটক শফিকের দেওয়া তথ্য অনুযায়ী, তার দেখিয়ে দেওয়া স্থান থেকেই নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত থেকে আরাফাত নিখোঁজ ছিলেন। তিনি শফিকের মাছ ধরার নৌকায় জেলে শ্রমিক হিসেবে কাচকি মাছের জাল টানতেন। নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে গিয়ে লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে নৌকার মালিক শফিককে আটক করে পুলিশ। এরপর তাকে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে সুবলংয়ের জোড়াটিলা নামক স্থান থেকে আরাফাতের লাশটি উদ্ধার করা হয় রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, লাশটির শরীরে পাথরবাঁধা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে শফিককে আটক করা হয়েছে। লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন