ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড


মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি, ৬৪ কোটি ৬২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথাও রায়ে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

অপর দিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের আট সহযোগীকে খালাস দিয়েছেন আদালত। প্রকাশিত আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ সাত বছরের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র‍্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের ৮ সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানিয়েছে মিশর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানিয়েছে মিশর

বিশ্বকাপের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ম্যাচ পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে, পুরো টুর্নামেন্টজুড়ে জাতীয় দলের পাশে দাঁড়িয়ে থাকা দেশ-বিদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ফিরে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা ৩-২ ব্যবধানের জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে প্রকাশিত এক বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপজুড়ে দেশের মধ্যে ও বাইরে লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন খেলোয়াড়দের জন্য বিশাল অনুপ্রেরণার বিষয় ছিল। তাদের মতে, জাতীয় দল গর্ব, সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলেছে এবং মাঠে মিশরের চেতনা ও পরিচয় উন্মোচিত করেছে।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে ব্যর্থতার বিষয়ে নীরব থাকা সম্ভব নয় বলেও ফেডারেশন উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে, যা সরাসরি ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেছে।

ইএফএ দাবি করে, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশ্লেষক ও বিশেষজ্ঞও ম্যাচে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন। তাদের মতে, ২০২৬ বিশ্বকাপের মতো বড় আসরে সর্বোচ্চ মানের সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা এবং ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। সেই নীতির ভিত্তিতেই প্রতিটি দলের জন্য সমান সুযোগ ও সমান আচরণ নিশ্চিত হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ঘটনা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করেছে।

জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করার দায়িত্ব ইএফএর বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। তারা জানায়, মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।

সব বিতর্কের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মতে, ম্যাচের ফল এখন ইতিহাসের একটি অংশ হলেও পুরো টুর্নামেন্টজুড়ে দলের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

সবশেষে সমর্থকদের উদ্দেশ্যে ইএফএ জানায়, জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যে সমর্থন দিয়েছেন, তা আমাদের অনুপ্রাণিত করবে, যাতে মিশরীয় ফুটবলের জন্য একটি আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে ছিলেন। 

জানা যায়,  ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা লাগে ফাইয়াজের। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছনে ধাক্কা দেন। 

পুলিশ জানায়, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি দেখার কথা ছিল তার।   

চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, বিকল ট্রাকটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিল দিতে না পারায় প্রসূতিকে আটকে রাখার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


বিল দিতে না পারায় প্রসূতিকে আটকে রাখার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি

দিনাজপুরের পার্বতীপুরে চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধে অক্ষমতা থাকায় সদ্য সন্তান হারানো এক প্রসূতিকে হাসপাতালে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ওই নারীকে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে সক্ষম করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ল্যাম্ব হাসপাতালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর মাঝাপাড়া গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী। পরিবারিক সূত্রে জানা গেছে, ছয় দিন বয়সী অসুস্থ নবজাতককে নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে শিশুটি মৃত্যুবরণ করে।

স্বজনদের অভিযোগ, চিকিৎসা বিল পরিশোধ করতে অক্ষম হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি মাকে একটি কক্ষে আটকে রাখে। তবে নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে মায়ের অনুপস্থিতিতে শিশুটির জানাজা ও দাফন সম্পন্ন করতে হয়।

ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের সাথে যোগাযোগ করেন। একই সময়ে কয়েকজন সাংবাদিক হাসপাতালের দিকে যাবার প্রস্তুতি নিলে ইউএনও তাদের সেখানে না যাওয়ার অনুরোধ জানান এবং বলেন, তিনি বিষয়টি দ্রুত দেখছেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ১ ঘণ্টার মধ্যে প্রসূতি মাকে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করেন ইউএনও। পাশাপাশি উপজেলা পরিষদের তহবিল থেকে চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধের জন্য সহায়তার আশ্বাস দেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে বাড়ি যাওয়ার অনুমতি দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন, দরিদ্র রোগীদের জন্য বিনা খরচে অথবা বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে সদ্য সন্তান হারানো এক মাকে চিকিৎসা বিলের কারণে আটকে রাখা মানবিকতার পরিপন্থী। বিষয়টি জানার পর দরকারি ব্যবস্থা অতি দ্রুত নেওয়া হয়েছে।

ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইমন এই বিষয়ে জানান, রোগীকে আটকে রাখার ঘটনা সঠিক নয়। চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধের বিষয়ে আলোচনা চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে বিল পরিশোধে সহায়তার আশ্বাস পাওয়ার পর রোগীকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

তবে রোগীর স্বজনরা দাবি করেছেন, চিকিৎসা বিল পরিশোধ না হওয়া পর্যন্ত প্রসূতি মাকে হাসপাতাল ছাড়তে দেওয়া হয়নি। ঘটনার পর স্থানীয় সচেতন নাগরিকরা সাংবাদিকদের তৎক্ষণিক উদ্যোগ এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করেছেন। তাদের মতে, অসহায় মানুষের পাশে প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলির আক্রমণে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার পাঁচ বছরের মেয়ে আহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (৪০) ছিলেন নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্যার ছেলে।

ইয়াছিনের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও সেখানে নিয়ে যান।

মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পর তিনি বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এই গুলির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একই সময় তার পাঁচ বছরের মেয়ে ফারহানা আহত হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তিনি ঘটনার সম্পর্কে অবগত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%