ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ


নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে।

নিহতের মামা মো. ইমাম আলী জানান, সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে সাদ্দাম বাড়িতে এসেছিলেন। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফেরেন। বুধবার বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে মামার সঙ্গে দেখা করতে যান। রাত ৯টার দিকে তিনি সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা জানায় তিনি এখনও বাড়ি ফেরেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করে নির্মাণাধীন একটি ব্রিজের নিচে খালে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন। তার দাবি, মরদেহের হাত, নাক ও কান রক্তাক্ত ছিল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


রাজধানীতে সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও যেকোনো সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এই সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় বাতাসের গতিবেগ দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ দুপুরেও রাজধানীর বুকে চড়া রোদ ও ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। দুপুর ১২টায় ঢাকার বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩ শতাংশ। এর আগে আজ ভোরবেলা ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কোনো সমস্যা সমাধানে প্রাধান্য পাবে নিজ দেশের স্বার্থ: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


যে কোনো সমস্যা সমাধানে প্রাধান্য পাবে নিজ দেশের স্বার্থ: তথ্যমন্ত্রী

বাংলাদেশ সব দেশের সঙ্গে অর্থনীতি ও ভূরাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা উল্লেখ করেছেন যে, তবে যে কোনো সমস্যা সমাধানে নিজের দেশের স্বার্থকে প্রাধান্য দেয়া হবে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিলো আধিপত্যের বাইরে গিয়ে নিজেদের পায়ে দাঁড়ানো। তিনি আশাবাদী, তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সে পথে হাঁটছেন।

ভারত, চীন, যুক্তরাষ্ট্র, বা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সরকার সচেতনভাবে পরিকল্পনা করছে। বাংলাদেশ স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০৪ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আলোচনায় তার স্বাধীন কূটনীতির বিষয়টি উঠে আসে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এবং ভূরাজনৈতিক স্বার্থ নিয়ে সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। তবে, সমস্যা সমাধানে নিজেদের শর্তকে প্রাধান্য দেয়া হবে।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিলো আধিপত্যের বাইরে গিয়ে নিজেদের পায়ে দাঁড়ানো। তারেক রহমানের নেতৃত্বে সে পথ চলার জন্য তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে দেশকে দেখতে চায়, সেভাবে বাংলাদেশ যেন সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে থাকে। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়া সবার সঙ্গে মিত্রতা তৈরির চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি সফল হয়েছিলেন। সেই সফলতার ভিত্তিতে সামনে অগ্রসর হচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী তার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন, বক্তব্য রাখছেন এবং কাজ করছেন, এর মধ্যে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন যে, উদার গণতান্ত্রিক দল হওয়ায় জনগণ গত নির্বাচনে বিএনপিকে জয়ী করেছে।

এর আগে, ১৯৭৬ থেকে ১৯৮১ সালের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মমুখর সময়ের প্রতিবেদনের প্রদর্শনীতে যোগ দেন সরকারের দুই মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা

সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা। এই উন্নয়ন প্রকল্পের পূর্ত কাজের জন্য গত ২০ মে দুই হাজার ৫০৬ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
প্রকল্পটির মূল অবকাঠামো উন্নয়নে আগের ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন হাজার ১০০ কোটি টাকা। সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০ শতাংশ  লেস ধরে প্রায় ৬শ কোটি টাকা কমিয়ে নতুন এ ব্যয় অনুমোদন করেছে।
সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দরের ৪২ দশমিক ৯৮৫ কিলোমিটারের মহাসড়ক চার লেনে উন্নীত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২৩ সালের ১১ এপ্রিল অনুমোদন করে। এর মেয়াদ নির্ধারণ করা ছিল ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শুরু করতে না পারায় প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রকল্প দায়িত্বশীলরা।
সংশ্লিষ্টরা জানান, সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের জন্য সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ায় তিন লটে অবকাঠামোর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এ মহাসড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। মহাসড়কের উন্নয়ন কাজের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি লটে মোট ৪৭টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৩৯টি দরপ্রস্তাব কারিগরি ভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) সর্বনিম্ন দরদাতাদের সুপারিশ করে।
চূড়ান্ত ভাবে তিনটি পৃথক লটে তিনটি দরদাতা বা যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম লটে  যৌথ উদ্যোগে মনিকো লিমিটেড (বাংলাদেশ) এবং চায়না রেলওয়ে নম্বর চার ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডকে এক হাজার ৯৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকায় কাজ দেওয়া হয়েছে।
দ্বিতীয় লট চায়না রোড অ্যান্ড ব্রিজ করপেৃারেশনকে ৮১৬ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৮৩০ টাকায় কাজ দেওয়ার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। আর তৃতীয় লটে যৌথ উদ্যোগে এনডিই (বাংলাদেশ) এবং আরবিসিজিকে (চীন) ৫৮৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় কাজ দেওয়া হচ্ছে। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়।
প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় ২৪৭ দশমিক ১৩ একর ভূমি অধিগ্রহণ, ৪২ দশমিক ৮০ লাখ ঘনফুট মাটির কাজ, ৪২ দশমিক ৯৮৫ কিলোমিটার পেভমেন্ট নির্মাণ, ১ হাজার ৫৭৫ জন মাস পরামর্শক সেবা, ৩১টি কালভার্ট, ৩টি সেতু তিনটি ফ্লাইওভার, ৬টি ওভারপাস, ৫টি আন্ডারপাস, ৪টি ফুটওভার ব্রিজ, ৭টি পথচারী পারাপার, একটি টোল প্লাজা নির্মাণ এবং প্রায় ৪৩ কিলোমিটার চার লেন এ মহাসড়কের উভয়পাশে ধীরগতির দুটি সার্ভিস লেন করা হবে।
এ ছাড়া গোলাপগঞ্জ পৌরশহরে ৬০০ মিটারের ফ্লাইওভার, চারখাই ও হেতিমগঞ্জ বাজারে দুটি পৃথক ৩০০ মিটারের ফ্লাইওভার এবং রানাপিং ও রামধা বাজারে ৫০ থেকে ৬০ মিটারের দুটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। একই সঙ্গে কুশিয়ারা নদীর বর্তমান শেওলা সেতুর কাছে চার লেনে নতুন সেতু নির্মাণ করা হবে।
সিলেট চারখাই শেওলা চার লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক উৎপল সামন্ত বলেন, প্রকল্পের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। তবে গত দুই বছরে নানা কারণে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় এই সময়ের মধ্যে প্রকল্পের অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে না। সেজন্য দায়িত্বশীলরা আরও দুই বছর মেয়াদ বাড়ানোর চিন্তা করছেন।
প্রকল্প ব্যবস্থাপক জাহিদ হাসান বলেন, সিজিসির অনুমোদন হয়ে গেছে, মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে প্রশাসনিক কিছু কাজ থাকে। এ ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক-দুই সপ্তাহ সময় দিতে হয়।  সেগুলো সম্পন্ন করতে যে সময়টুকু লাগে, তারপর আমরা কাজ শুরু করতে পারব। মূলত, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর প্রকল্পের কাজ শুরু হওয়ার বিষয়টি নির্ভর করছে। তিনি জানান, ব্যয় কমলেও পুরো প্রকল্পের নকশায় পরিবর্তন হয়নি। তবে গোলাপগঞ্জের পরে মহাসড়কের দুই পাশের সার্ভিস লেন বাদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের জায়গা অধিগ্রহণে আমাদের কর্মকর্তারা ব্যস্ত থাকায় সিলেট-চারখাই-শেওলা চার লেন মহাসড়কের ভূমি অধিগ্রহণ কাজ কিছুটা পিছিয়ে রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কয়েকবার বৈঠক হয়েছে। আশা করছি আগস্টের আগেই ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।
সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হলে সিলেটের বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা,  গোলাপগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলাবাসী উপকৃত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর ৭৫টি ওয়ার্ডের মধ্যে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে ২৭টি ওয়ার্ড। ৬৩টি ওয়ার্ডে মশার ঘনত্বও পাওয়া গেছে বেশি। এডিস মশাই মোট মশার লার্ভার ৮৭ শতাংশ। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রতিরোধে ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপে’ এসব তথ্য উঠে এসেছে। দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, তারা ডেঙ্গু প্রতিরোধে সকল প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। তিনি আরও বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত একটি সিটি গড়ে তোলা সম্ভব। চলতি বর্ষার মৌসুম শুরুর আগে ডেঙ্গু গুরুতর চ্যালেঞ্জ হয়ে ওঠছে। টানা কয়েক দিনের বৃষ্টির পর তীব্র গরম শুরু হয়েছে, যা ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশার সংখ্যা বাড়িয়ে তুলছে। বিগত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকার দুই সিটি করপোরেশনে। বিশেষ করে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। সেক্ষেত্রে, এবার বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সিটি করপোরেশন। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ডিএসসিসি প্রথমবারের মতো ১২ মে নিজের উদ্যোগে ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমে ১২ দিনে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের ২২৩৮টি বাড়ি পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা দক্ষিণের নগর ভবনে এ জরিপের ফলাফল প্রকাশের সময় সিটি করপোরেশন পরবর্তী পরিকল্পনাও তুলে ধরেছে। এসময়, প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, দক্ষিণ সিটির ২৮১টি বাড়িতে পাওয়া গেছে লার্ভা। এর ভেতর ৮৭ শতাংশ লার্ভা এডিস মশার। এছাড়া, ৬৩টি ওয়ার্ডে মশার ঘনত্ব বেশি জানা গেছে। তিনি বলেন, দক্ষিণ সিটির অন্তত ২৭টি ওয়ার্ড এখন ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী, প্রতিরোধ কার্যক্রমের ঘোষণা দিয়েছেন প্রশাসক। সেই সাথে তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও বলেন। তাছাড়া, ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালে ১০ শতাংশ বেড বিনামূল্যে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের পাশাপাশি সকল নাগরিকের অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। গত ২ জুন এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে বলে জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, দেশের সব বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড ফাঁকা রাখতে হবে। সেইসাথে ডেঙ্গুর টেস্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%