ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি


মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : লিওনেল মেসির চার গোলে পাঁচ ম্যাচ পর জয়খরা কাটিয়েছে ইন্টার মায়ামি। 
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফ্লোরিডায় আজ বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি ৭-১ গোলে হারিয়েছে মন্ট্রিয়েলকে। ম্যাচে চার গোল করেছেন মায়ামির অধিনায়ক ৩৯ বছর বয়সি মেসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় ছিল না মায়ামির। চার ম্যাচে হার ও ১টি ড্র করেছিল তারা। 

ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় মায়ামি। কর্নার থেকে হেডে বল জালে পাঠান ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো। মায়ামির জার্সিতে এটি প্রথম গোল কাসেমিরোর।

আরও পড়ুন: নাটকীয়তা শেষে আবারও হোঁচট খেল ইন্টার মায়ামি

৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে ফাবিয়ান হারবার্স গোল করলে  ম্যাচে  ১-১ সমতা ফেরায় মন্ট্রিয়েল। 

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে মায়ামি। 

৫২ মিনিটে মন্ট্রিয়েলের বক্সের ভেতর তিনজনকে কাটিয়ে মেসি গোল করলে ৩-১  ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। 
৮০ মিনিটে মায়ামিকে চতুর্থ গোল এনে দেন লুইস সুয়ারেজ। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো পাস থেকে গোল করেন তিনি। 

৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। মাঝমাঠ থেকে ডি পলের অ্যাসিস্টে বল পেয়ে মন্ট্রিয়েলের গোলরক্ষককের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করেন তিনি। 

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

৮৯ মিনিটে মায়ামিকে ষষ্ঠ গোল এনে দেন বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন তিনি। 

মায়ামির গোল উৎসবের রাতে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান মেসি। ৭-১ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। 

ফুটবল ক্যারিয়ারে এই নিয়ে নবমবার এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন মেসি। এর আগে সর্বশেষ ২০২০ সালে লা লিগায় বার্সেলোনার জার্সিতে এইবারের বিপক্ষে ম্যাচে চার গোল করেছিলেন মেসি।

এ ম্যাচ শেষে ১৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে উঠলেন মেসি। 

আরও পড়ুন: টাইব্রেকার রোমাঞ্চে চেলসিকে কাঁদিয়ে শেষ আটে লিভারপুল

এই জয়ে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

ভোতেকোশী ও ত্রিশুলী নদী অববাহিকায় গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির ঘটনায় নেপালে বিশেষায়িত দল পাঠিয়েছে ভারত ও চীন। পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করতে অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন করেছে দেশ দুটি।

দ্য হিমালয়ানের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ভারত। নেপালে ১৩ জন সামরিক কর্মী এবং ১৯ সদস্যের একটি ফরেনসিক দল পাঠিয়েছে দেশটি। এছাড়া, ১১ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে চতুর্থ ভারতীয় ফ্লাইট নেপালে পৌঁছেছে। এর মাধ্যমে দুর্যোগের পর থেকে নেপালে মোট প্রায় ৫৭.৫ টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে ভারত। এই সহায়তার মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার সরঞ্জাম, ত্রিপল, প্লাস্টিক শিট, স্লিপিং ব্যাগ, কম্বল ও স্যানিটারি কিট।

পাশাপাশি বড় ধরনের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে চীনও। দেশটির বিমানবাহিনীর দুটি ওয়াই-২০ বড় পরিবহন বিমান রবিবার ৫০ টন জরুরি সামগ্রী নিয়ে নেপালে পৌঁছায়। এর মধ্যে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ এবং ফার্স্ট-এইড কিটসহ প্রায় ১৩ হাজার ২০০টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এছাড়া, চারজন চীনা টানেল-উদ্ধার বিশেষজ্ঞ বিশেষ সরঞ্জামসহ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়া মানুষদের উদ্ধারের জটিল অভিযানে যুক্ত হয়েছেন।

জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযানের পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ৫ লাখ ডলার এবং অস্ট্রেলিয়া ১ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে। 

এছাড়া, বন্যা পরবর্তী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা কার্যক্রমে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশগুলোও নেপালের দিকে আর্থিক সহায়তা প্রদানের হাত বাড়িয়ে দিয়েছে।

সূত্র : দ্য হিমালয়ান 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা

দিনাজপুর, ৩০ আগস্ট, ২০২৬ : বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকাল ৪ টায় শহরের গনেশতলা জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। 

সভায় সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, প্রচার সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ।

জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারের সঞ্চালনায় এ সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গৃহীত কর্মসূচি অনুসারে ১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে বিএনপি’র নেতাকর্মীদের জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, অস্ত্র মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, অস্ত্র মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোলাইমান হাওলাদারের (৪১)।

রবিবার রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে র‌্যাব-৮ ও র‌্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোলাইমান বরিশালের মুলাদী উপজেলার জালালাবাদ লক্ষ্মীপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৬ সালে রাজধানীর হাজারীবাগ থানায় অস্ত্র আইনে সোলাইমান হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। পরে মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৮ জানায়, সোলাইমানকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে অধিযাচনপত্র পাওয়ার পর গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

পরে র‌্যাব-২-এর সহায়তায় মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সোলাইমান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ ছানিতে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ ছানিতে আক্রান্ত

বরিশাল বিভাগে বছরে প্রায় ৩০ হাজার মানুষ চোখের ছানি সমস্যায় আক্রান্ত হয়। অথচ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের অন্য কোনো সরকারি হাসপাতালে চক্ষু বিভাগে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট নেই। ফলে বিভাগের বিপুলসংখ্যক মানুষ চক্ষুসেবা নিতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। 

রবিবার বরিশাল নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে এব সভায় এসব কথা বলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশ ও বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এ সভা আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রেফায়েতুল হায়দার বলেন, বরিশাল বিভাগে প্রায় এক কোটি মানুষের বসবাস। সরকারি হাসপাতালগুলোতে চক্ষু চিকিৎসক সংকট থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চক্ষুসেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বরিশাল ভিশন ২০৩০’ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরগুনা ও ঝালকাঠি ছাড়া বিভাগের অন্যান্য জেলায়ও এ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।’ পাশাপাশি শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে চক্ষুসেবা কেন্দ্রগুলোতে ভিশন স্ক্রিনিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ক্লাস্টার পরিচালক মুসাব্বির আলম জানান, ২০১২ সাল থেকে ফাউন্ডেশনটি বরিশাল বিভাগে কাজ করছে। ২০২৫ সাল পর্যন্ত তাদের সহযোগিতায় বিভাগের প্রায় ৬০ হাজার ছানি রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে বরিশাল জেলা ছাড়া বিভাগের বাকি পাঁচ জেলায় ছানি দূরীকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও প্রফেসর ডা. মো. আনোয়ার হোসেন এবং চক্ষু বিভাগের প্রধান ডা. মো. শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এ সময় বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা মেডিকেল অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%