কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৪৪ এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা মডেল মসজিদের সভাকক্ষে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে অংশ নেন প্রতিযোগীরা। বিভাগগুলো হলো—৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা এবং ১০ বছর বয়সী হাফেজ। প্রতিযোগিতা শেষে পাঁচটি বিভাগের ৭৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের জন্য এসব পুরস্কারের ব্যবস্থা করেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফায়েক। প্রধান বক্তা ছিলেন তরুণ সমাজসেবক ও যুবসমাজের আইকন হিসেবে পরিচিত পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা উপজেলা কওমি মাদ্রাসার উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি আশিকুর রহমান।
প্রধান বক্তা মুন্সী বিল্লাল হুসাইন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের প্রতি অবিচল থাকার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। দুর্নীতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের লক্ষ্যে ভালো কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কারও একটি ভুলের কারণে তাঁর সব ভালো দিক উপেক্ষা করা উচিত নয়। একটি সাদা কাপড়ে সামান্য দাগ লাগলে অনেক সময় মানুষ পুরো কাপড়টিকেই দোষারোপ করে। অথচ কাপড়ের বাকি অংশ পরিষ্কার থাকে। তাই মানুষের ভুলের পাশাপাশি তার ভালো দিকগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
আয়োজকেরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া, হাফেজদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোরআন শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে গেজেটেড বীরাঙ্গনা মাজেদা বেগম ও তাঁর যুদ্ধশিশু মেয়ে শামসুন্নাহারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না বলে দাবি করেছেন মা-মেয়ে। বর্তমানে তাঁরা উপজেলার চৌমুহনী ইউনিয়নের একটি গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি পক্ষের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে দাবি তাঁদের।
মাজেদা বেগম ও তাঁর মেয়ে শামসুন্নাহারের বাড়ি উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। মামলার বাদী আনোয়ার হোসেন আমির। মামলা নম্বর সিআর ৭৯৩/২৬। গত ১৪ অক্টোবর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে মাজেদা বেগমের ছেলে কামরুল মিয়াকে ১ নম্বর, মাজেদা বেগমকে ২ নম্বর এবং শামসুন্নাহারকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর আসামিরা বাদীর বাড়িতে ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় প্রথম আসামি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে তাঁদের বসবাস করতে দেওয়া হবে না বলে হুমকি দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া। গত ২৮ অক্টোবর তদন্তের অংশ হিসেবে পুলিশ আসামিদের খোঁজখবর নিতে গেলে বিষয়টি জানতে পারেন মাজেদা বেগম ও শামসুন্নাহার। এরপর থেকে তাঁরা আরও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান।
মা-মেয়ের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর আগে বিরোধ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাদের উদ্যোগে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু বর্তমানে মামলা ও পুলিশি তদন্তের খবর পেয়ে তাঁরা বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।
মামলার বাদী আনোয়ার হোসেন বলেন, “আমরা ন্যায়বিচারের জন্য আদালতে মামলা করেছি। তারা কিছু হলেই পুলিশ ও সাংবাদিকদের দিয়ে মানুষকে হয়রানি করে। আমরা চাই, মামলাটি সঠিকভাবে তদন্ত করে বিচার করা হোক।”
অন্যদিকে, মামলার আসামি বীরাঙ্গনা মাজেদা বেগম ও তাঁর মেয়ে শামসুন্নাহার বলেন, “দীর্ঘদিন ধরে বসবাস করে আসা জমি থেকে আমাদের বাড়িছাড়া করা হয়েছে। এ নিয়ে আমরাও আদালতে মামলা করেছি। এখন শুনেছি, আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পুলিশ বাড়িতে গেছে। আমরা ভয়ে বাড়িতে ফিরতে পারছি না।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। মামলাটি থানায় দায়ের করা হয়নি, আদালত থেকে তদন্তের জন্য এসেছে।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। একজন অভিজ্ঞ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।”
মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বলেন, “বিষয়টি দুঃখজনক। এটি তাঁদের পারিবারিক বিরোধ কি না, তা খোঁজখবর নিয়ে দেখব। তাঁদের সহযোগিতায় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ বলেন, “এভাবে চলতে পারে না। স্বাধীন দেশে তাঁরা যেন নির্ভয়ে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থা করব।”
এদিকে, দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিন কাটছে বীরাঙ্গনা মাজেদা বেগম ও তাঁর মেয়ের। যুদ্ধশিশু হিসেবে শামসুন্নাহারকে নানা সামাজিক প্রতিকূলতা ও অবহেলার মুখোমুখি হতে হচ্ছে বলে তাঁদের দাবি। কখনো বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাতে হয়েছে তাঁদের। শামসুন্নাহার গলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসার সহায়তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেও প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে জানান তাঁরা। তাঁদের ভাষ্য, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এক বস্তা চাল ছাড়া উল্লেখযোগ্য কোনো সরকারি সহায়তা পাননি।
মামলাটির সুষ্ঠু তদন্ত, জমি নিয়ে বিরোধের প্রকৃত অবস্থা নিরূপণ এবং মা-মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
এ তথ্য বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ধামরাই জোনাল অফিসের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি উত্তাপহীন ম্যাচে শেষ মুহূর্তে প্রাণ ফিরে এসেছে। মুহূর্তগুলো ছিল একেবারেই পাগলাটে। এক সময় ইন্টার মায়ামি ম্যাচ জয়ের পথে ছিল, কিন্তু পরে পিছিয়ে পড়ে হারার পরিস্থিতিতে চলে যায়। অবিশ্বাস্য এক লড়াইয়ে শেষ পর্যন্ত স্বাগতিকরা সমতা ফিরিয়ে ম্যাচটি শেষ করে।
সিনেমার মতো নাটকীয় সমাপ্তিতে ইন্টার মায়ামি সিএফ এবং এফসি সিনসিনাটির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচে লিওনেল মেসি তার পরিচিত ছন্দে ছিলেন না। ম্যাচের ৫৮তম মিনিটে তিনি একটি দারুণ আক্রমণে নেতৃত্ব দেন এবং শটও নেন, কিন্তু গোলরক্ষকের দ্রুততায় তিনি গোল করতে পারেননি।
বিস্তারিত আসছে …
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষের ফলে অন্তত ৬৮ জনের মৃত্যু হওয়ার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সানচেজ দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে বলেছেন, ‘পুরো স্পেন শোকাহত।’ তিনি আরও উল্লেখ করেন, একই বছরে স্পেনের মতো একটি দেশে এ ধরনের দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
টাইমস অব ওমানের রিপোর্ট অনুযায়ী, বুধবারের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার পর স্পেন সরকারের পদত্যাগের দাবিতে মাদ্রিদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে সহিংসতা দেখা দেয়। স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো পরিবহন মন্ত্রণালয়ের সামনে এই বিক্ষোভের আয়োজন করে। এতে প্রায় ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। বুধবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে এবং প্রায় ৫০ জন গুরুতর আহত হয়েছে।
স্পেনের প্রতি সংহতি জানিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের বাইরে ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, স্পেন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর পতাকাগুলো অর্ধনমিত করা হয়।
আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের শোক ঘোষণার সিদ্ধান্ত জানান। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবারের এ দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। এটি ২০১৩ সালের পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।
আঞ্চলিক জরুরি সেবাদানকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, দুর্ঘটনার পর কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের বিভিন্ন হাসপাতালে অন্তত ১০৭ জন ভর্তি রয়েছে। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের উর্দা শহরের কাছে ঘটে।
মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের মধ্যে চলাচলকারী দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। সরকারি সংস্থা রেনফের পরিচালিত একটি ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর পরিচালিত আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটে। রেললাইনের সামনে থেমে থাকা ইরিওর ট্রেনটির পেছনে ধাক্কা দেয় রেনফের ট্রেনটি।
বুধবার সকাল ৯টার কিছু পর টলেডো শহরের কাছে মোরা ও অর্গাজ শহরের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ট্রেনে প্রায় ৫৪০ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছে আরো ১০০ জনের বেশি মানুষ।
ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবারের জন্য নির্ধারিত স্পেনের ফুটবল কাপের ২০টিরও বেশি ম্যাচ স্থগিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ