ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?


নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে আরব দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসন পাওয়ার পূর্বাভাস পাওয়া সত্ত্বেও, দেশটির ফিলিস্তিনি ও আরব নাগরিকদের মধ্যে স্বস্তির পরিবর্তে গভীর সংশয় দেখা দিয়েছে। কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব ভোটাররা রেকর্ড হারে ভোটকেন্দ্রে উপস্থিত হলেও, ইসরায়েলি রাজনীতির জটিল সমীকরণে এই আসনগুলো কি সত্যিই নেতানিয়াহুর বিদায় নিশ্চিত করবে, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট একক সংখ্যাগরিষ্ঠতার (৬১ আসন) তুলনায় পিছিয়ে রয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দলনেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির এবং আরব দলগুলোর আসন মিলিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা (প্রায় ৬৭ আসন) দাঁড়িয়েছে। এই রাজনৈতিক পটভূমিতে আরবদের ভূমিকা এখন সরকার গঠনের মূল চাবিকাঠি হয়ে উঠেছে।

তবে, আরব ভোটার ও রাজনৈতিক মহলে সংশয়ের মূল কারণগুলো হলো: ইহুদি বিরোধী দলগুলোর দ্বিধাদ্বন্দ্ব। আইজেনকোটসহ মূলধারার বিরোধী নেতারা নির্বাচনী প্রচারে আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সরকার না গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরব দলগুলোর সরাসরি সমর্থন গ্রহণ করলে ডানপন্থী ইহুদি ভোটারদের ক্ষোভের মুখোমুখি হতে পারেন তাঁরা।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

নেতানিয়াহুর কড়া প্রচারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের যেকোনো প্রচেষ্টাকে ‘রাষ্ট্রদ্রোহের শামিল’ বলে আক্রমণ করছেন, যা ইহুদি বিরোধী দলগুলোর ওপর তীব্র মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে।

আরব দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তিও একটি সমস্যা। ‘জয়েন্ট লিস্ট’ আইজেনকোটের সঙ্গে কাজ করে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাব দিলেও, মনসুর আব্বাসের দল ‘রাম’ তাদের সব পথ খোলা রাখছে।

আরব দলগুলোর প্রাপ্ত ১৯টি আসন নেতানিয়াহুর পথকে কঠিন করে দিলেও, বিরোধী দলগুলো তাদের সঙ্গে প্রকাশ্যে জোট বাঁধবে কি না অথবা শেষ পর্যন্ত ইসরায়েল ফের কোনো রাজনৈতিক অচলাবস্থা ও পুনর্নির্বাচনের দিকে যাবে কি না, তা দেশটির ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণ করবে।

সূত্র : হারেৎজ।

আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, বাংলাদেশেও বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ এম


ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, বাংলাদেশেও বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঘূর্ণিঝড় অর্ণবের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা বিভাগের অনেক স্থানে, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার নিকটবর্তী এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তার সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হারালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ এম


মা হারালেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি

ম্যাচ হারলে জেতার জন্য ফিরতি সুযোগ থাকে। কিন্তু এবার এমন এক হার দেখলেন লিওনেল স্কালোনি যার জন্য কোনো ফিরতি ম্যাচ নেই। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ সারা জীবনের জন্য মাকে হারালেন।

গত মঙ্গলবার ৭৪ বছর বয়সে স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তিনি আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে শেষনিশ্বাস ত্যাগ করেন। ইউলালিয়া কয়েক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মায়ের শেষকৃত্যে অংশ নিতে পুজাতোর উদ্দেশ্যে গেছেন স্কালোনি।

স্বামী আনহেলের সঙ্গে পুজাতোতেই বসবাস করতেন ইউলালিয়া। তাদের তিন সন্তান রয়েছে—লিওনেল, মাউরো ও কোরিনা।

স্কালোনির এই কঠিন সময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার পাশে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় সংস্থাটি জানায়, ‘ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে সভাপতি ক্ল Claudio তাপিয়ার নেতৃত্বে পুরো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের কোচ লিওনেল স্কালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে স্কালোনি ও তাঁর প্রিয়জনদের প্রতি সব আর্জেন্টাইন মানুষের পক্ষ থেকে রইল আন্তরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের আলিঙ্গন। শক্ত থাকুন!’

এএফএর সভাপতি তাপিয়া আলাদা করে শোকবার্তা দিয়েছেন। স্কালোনিকে ‘প্রিয় গ্রিঙ্গো’ সম্বোধন করে তিনি লিখেছেন, ‘প্রিয় গ্রিঙ্গো, তোমার মায়ের মৃত্যুতে এই কঠিন সময়ে পুরো দেশ তোমাকে ও তোমার পরিবারকে বুকে আগলে রেখেছে। তোমার প্রতি আমার গভীর সমবেদনা। তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে আছি আমরা। ইউলালিয়া মারজেত্তির আত্মা শান্তিতে থাকুক।’

২০২৪ সালের সেপ্টেম্বরে কোপা আমেরিকা জয়ের পর মা-বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছিলেন, ‘তারা এখন আর আগের অবস্থায় নেই, যেমনটা আমরা তাদের দেখতে চাই। বিশ্বকাপ জয়ের পর পুরো বছরজুড়েই বিষয়টি আমাকে কষ্ট দিয়েছে। কারণ, আমি জানি আমাদের এই সাফল্যে তারাই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতেন। আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে পেরেছেন কি না, সেই ভাবনা আমাকে সব সময় তাড়িয়ে বেড়াবে। তারা আমাদের সাফল্যে আনন্দ পেয়েছেন—এটা জানতে পারাই হতো জীবনের সবচেয়ে বড় উপহার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ এম


চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা শাখা ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।

বুধবার বিকেল ৪টায় চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন।

কাজী মাওলানা হারুন অর রশিদ প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশে সন্ত্রাসীরা লগি-বৈঠা নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় জামায়াতের ছয়জন নেতাকর্মী নিহত হন। হামলাকারীরা শুধু সেখানে থেমে থাকেনি; বরং লাশের ওপর নৃত্য করে গোটা বাংলাদেশকে কলঙ্কিত করেছে। তারা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং ২৮ অক্টোবরের ঘটনাতেই তাদের খুনি ও মানবতাবিরোধী অপরাধী হওয়ার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, সেদিন জামায়াতের কার্যালয়ে হামলা চালিয়ে দলটির সভা বানচাল করার পরিকল্পনা ছিল তাদের। তবে জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নেতৃত্বে সভা সম্পন্ন হয়। নেতাকর্মীরা সেদিন পল্টন এলাকায় মানবপ্রাচীর গড়ে তুলেছিলেন এবং হামলা প্রতিহত করেছিলেন। ফলে তাদের পরিকল্পনা সফল হয়নি এবং তারা রাস্তায় যাঁদের পেয়েছে, তাদের ওপর হামলা চালিয়েছে।

কাজী মাওলানা হারুন অর রশিদ অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ওই মামলার কার্যক্রম বন্ধ করে দেন এবং মামলাসংক্রান্ত নথিপত্র গায়েব করে দেন। তিনি শেখ হাসিনাসহ ওই মামলার অভিযোগপত্রে থাকা সব আসামির বিচার বিশেষ ট্রাইব্যুনালে নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে। বাতিল করা অধ্যাদেশগুলো পুনরায় পাস করার দাবি জানান তিনি।

অধ্যক্ষ মীর শরীফ হোসেন সভাপতির বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

তিনি আরো অভিযোগ করেন, ২৮ অক্টোবর বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। সেদিন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বুক চিতিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমার পর ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।

তিনি বলেন, এ দেশে আর বিভাজন, খুন, হত্যা ও চাঁদাবাজির রাজনীতি চলবে না। জামায়াত যত দিন আছে, তত দিন জনগণকে সঙ্গে নিয়ে এসব অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

অধ্যক্ষ মীর শরীফ হোসেন আরো বলেন, বর্তমান সরকারের কাছে তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

সংগঠনের সেক্রেটারি মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা জহির উদ্দিন এবং ছাত্রশিবিরের পৌর সভাপতি মুজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অফিস সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান, অ্যাডভোকেট আবু জাফর প্রমুখ।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কমে যেতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%