০৮:৪৫ পি.এম
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার সার্বিক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দক্ষতার মানোন্নয়নে ইতোমধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল পাঠ্যক্রমে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।’
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই শিক্ষার গুণগত মান উন্নয়নে একত্রে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের বড় সুযোগ রয়েছে।’
এ সময় তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) কার্যক্রমের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার জন্য বাংলাদেশের প্রতিনিধি দলকে আহ্বান জানান।
সাক্ষাৎ অনুষ্ঠানশেষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক বিকাশের লক্ষ্যে ১ হাজার ফুটবল মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।
আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন