০৮:৪৭ পি.এম
অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ রাজশাহী সিটি কলেজে। আন্দোলনকারীরা নতুন কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।
রোববার (২১ জুন) বেলা ১২টায় সিটি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের বিভিন্ন ক্লাসরুম ও অফিস কক্ষের বারান্দা প্রদক্ষিণ করে ক্যাম্পাস চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক ও সুষ্ঠু তদন্ত করার জোর আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনেই না এবং বিগত গণ-আন্দোলনের মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না। উল্টো, কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং টিকটকার।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণ এবং নারীদের নামে কটূক্তি করার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে বিবাহিত এবং সন্তানের বাবারাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির সাধারণ নিয়মের পরিপন্থী।
নেতাকর্মীরা প্রশ্ন তোলেন, অযোগ্য ব্যক্তিদের কীভাবে কমিটিতে আনা হলো এবং এর নেপথ্যে কারা রয়েছে তা তদন্ত করতে হবে। যারা দলের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সঠিক মূল্যায়ন চান তারা। নতুন কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে যোগ্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা বলেন, যোগ্যতা প্রমাণ করতে না পারলে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভকারীরা তাদের দলের শীর্ষ নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আস্থা প্রকাশ করে বলেন, দলের মারাত্মক ক্ষতি এড়াতে তিনি যেন ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও সুন্দর কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন