০৭:২৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় জুঁথি আক্তার (২২) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জুঁথি আক্তারের স্বামী জাকির হোসেন এবং দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুঁথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার কন্যা। তিনি স্বামী ও সন্তানসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিইউ অফিস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি.এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকায় প্রবেশ করার সময় বিপরীতমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়।
আরও পড়ুন: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক
এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা জুঁথি আক্তার এবং তার স্বামী ও সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। নিহত যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন